অবশেষে নাম পেল বেটি বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ১৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এরই মধ্যে পেরিয়ে গেছে চার-চারটি মাস। সময় পেরিয়ে গেলেও, অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতির মেয়ের কোনো নাম চূড়ান্ত না হওয়ায় ‘বেটি বি’ নামেই পরিচিত হচ্ছিল বচ্চন পরিবারের সর্ব কনিষ্ঠ এ সদস্য। মাঝে জোর গুজব ছড়িয়েছিল বেটি বির নাম নাকি রাখা হয়েছে অভিলাষা। তবে তা ছিল গুজব গুঞ্জন। সম্প্রতি জানা গেছে নাম চূড়ান্ত করা হয়েছে বেটি বির। বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি, ঐশ্বরিয়া রাই বচ্চন আর অভিষেক বচ্চনের সন্তানের নাম জানার জন্য শুরু থেকেই ব্যাপক কৌতূহল আর আগ্রহের সৃষ্টি হয়েছিল সবার মধ্যে। কোনো ভালো নাম না পাওয়ায় মিডিয়া অমিতাভের নাতনিকে ‘বেটি বি’ নামেই সম্বোধন করে খবর প্রকাশ করে আসছিল এই চার মাস ধরে। অবশেষে দুই দিন আগে সে অপেক্ষা ও কৌতূহলের অবসান ঘটেছে। নাম নিবন্ধন করা হয়েছে বেটি বির। এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অভিষেক-ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ের নাম রাখা হয়েছে আরাধ্য বচ্চন। আরাধ্য শব্দটি এসেছে সংস্কৃত থেকে, যার অর্থ হলো আরাধনার যোগ্য, উপাস্য বা পূজনীয়। বরাবরই ভারতীয় সংস্কৃতির প্রতি নিজেদের দুর্বলতা প্রকাশ করে এসেছেন বচ্চন পরিবারের সদস্যরা। অমিতাভ কন্যা শ্বেতাও তাঁর এক সন্তানের নাম রেখেছেন অগস্ত্য।