অবশেষে পাকা হচ্ছে ধানগড়ার-পালপাড়া সড়ক
অবশেষে পাকা সড়কের স্বপ্ন পূরণ হচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া-পালপাড়া এলাকাবাসীর। দীর্ঘদিনের প্রতীক্ষিত এ সড়কটি পাকা করার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিলেও তা পাকা হয়নি। ২০০৫ সালে ধানগড়া ইউনিয়নের অংশবিশেষ নিয়ে যাত্রা শুরু করা রায়গঞ্জ পৌরসভার অধীন এ সড়কটি ২০০৯-২০১০ অর্থবছরে পাকা করার কাজ শুরু হয়। পৌরসভার একটি সূত্র জানায়, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কের ৯০০ মিটার অংশ পাকাকরণের জন্য চারটি প্যাকেজে ২২ লাখ ৪৫ হাজার টাকার কাজ চলছে। মাঝখানের ৫০ মিটার সড়কের কাজ বন্ধ রয়েছে। কারণ হিসেবে জানা যায়, সড়কের জায়গা দখল করে স্থানীয় একজন বাড়ি করায় সড়ক নির্মাণের কাজে বাধা সৃষ্টি হয়েছে। রায়গঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আহাদ বলেন, সড়কটির কাজ সময়মতো শেষ হলে বাকি অংশের কাজ শুরু করার প্রক্রিয়া আরম্ভ হবে। উল্লেখ্য, ২০০৮ সালের ৯ নভেম্বর প্রথম আলোর আলোকিত উত্তর পাতায় ‘ধানগড়া-পালপাড়া সড়ক ২ কিলোমিটারের জন্য ২০ হাজার মানুষের কষ্ট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।