অবশেষে বিকেলে খুলল দোকানপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড আদায়ের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে আজ দীর্ঘ সময় শেরপুর জেলা শহরের সব দোকানপাট বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। এ সময় হোটেল-রেস্তোরাঁও বন্ধ ছিল। পরে জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান ব্যবসায়ীদের দাবিগুলো আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা বিকেল চারটার দিকে দোকানপাট খোলেন।অন্য দাবিগুলো হলো: ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সঙ্গে রাখতে হবে, শেরপুর সদরের ইউএনও মো. কামাল হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলশান আরাকে শেরপুর জেলা থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, ভেজাল দ্রব্য নির্ণয়ের জন্য ভ্রাম্যমাণ আদালতে ওই বিষয়ে বিশেষজ্ঞ রাখতে হবে এবং কোনো পণ্যসামগ্রী জব্দ করা হলে তাত্ক্ষণিকভাবে জব্দতালিকা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দিতে হবে। ওই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে শহরের শহীদ বুলবুল সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও ঐক্য পরিষদের আহ্বায়ক গোলাম মো. কিবরিয়া।সমাবেশ শেষে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে ওই পাঁচ দফা দাবি-সংবলিত স্মারকলিপি দেন।জেলা প্রশাসক দাবিগুলো নিয়ে আলোচনা ও অযৌক্তিকভাবে ব্যবসায়ীদের হয়রানি না করতে ভ্রাম্যমাণ আদালতকে নির্দেশ দেওয়া হবে বলে আশ্বাস দেন।শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক গোলাম মো. কিবরিয়া প্রথম আলো অনলাইনকে বলেন, ‘প্রশাসন প্রায়ই ভেজালবিরোধী অভিযানের নামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় ও হয়রানিমূলক আচরণ করে থাকে। এর প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে।’অন্যদিকে শেরপুর সদরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, ‘সরকারের নির্ধারিত আইন অনুযায়ী ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্যই ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত কখনো কোনো ব্যবসায়ীকে অযৌক্তিকভাবে অর্থদণ্ড করেন না বা অসৌজন্যমূলক আচরণ করেননি।’