বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সংকটের জট খুলছে। শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সহ-উপাচার্য হাবিবুর রহমানকে গতকাল রোববার তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে করা দুটি মামলাও প্রত্যাহারের জন্য চূড়ান্ত প্রতিবেদন আদালতে পাঠিয়েছে শাহবাগ থানার পুলিশ। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, তাঁরা এখন শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার অপেক্ষায় আছেন। তবে এ জন্য নতুন শিক্ষাপঞ্জি তৈরিসহ কিছু প্রশাসনিক কাজ বাকি আছে। সেগুলো হয়ে গেলেই শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। দ্রুতই তা হয়ে যাবে বলে তাঁরা আশা করছেন। গতকাল বিকেলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সহ-উপাচার্যকে অব্যাহতি দেওয়ার ফাইলে সই করেন। পরে বিকেলে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। একই দিন শাহবাগ থানা-পুলিশ বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে করা দুটি মামলা তুলে নেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগর আদালতে চূড়ান্ত প্রতিবেদন পাঠায়। এ বিষয়ে পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। কিন্তু আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় বিচারকের সামনে তা উপস্থাপন করা সম্ভব হয়নি। আজ সোমবার বিচারকের সামনে তা উপস্থাপন করা হবে। বিষয়টি নিয়ে গতকাল বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সহ-উপাচার্যকে অব্যাহতি ও মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পাঠানোর বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘এখন আশা করব, শিক্ষক-শিক্ষার্থীরা আগামীকালই (আজ) ক্লাসে ফিরে যাবেন। শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়েছে। এই ক্ষতি পোষানোর জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই উদ্যোগী হবেন বলে আশা করি।’ আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন সুদীপ্ত সাহা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘সোমবার ক্যাম্পাসে গিয়ে আমরা নতুন শিক্ষাপঞ্জির পাওয়ার প্রত্যাশা করছি। আশা করছি, শিগগির ক্লাস শুরু হবে।’বুয়েট শিক্ষক সমিতি আজ সোমবার সভা ডেকেছে। সভায় সামগ্রিক বিষয় পর্যালোচনা করা হবে। সমিতির সাধারণ সম্পাদক আশারাফুল ইসলাম গতকাল প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আশা করি বাকি সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাবে এবং বুয়েটের শিক্ষা কার্যক্রম সচল হবে।’গতকালও বুয়েট ক্যাম্পাসে ছিল ছুটির আমেজ। বিক্ষিপ্তভাবে কিছু শিক্ষার্থী ঘোরাফেরা করেছেন। বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ক্লাস শুরুর তারিখ ঠিক হলেই সে অনুযায়ী শিক্ষাপঞ্জি ঘোষণা করা হবে। আর ক্লাস শুরু হয়ে গেলে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্যও একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হবে। পদত্যাগের পরিবর্তে ছুটির আবেদন লুৎফুল কবীবের: বর্তমান উপাচার্যের প্রতি অনাস্থা জানিয়ে গত শনিবার শিক্ষকতা থেকে পদত্যাগের জন্য চিঠি দিয়েছিলেন বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজির (আআইসিটির) সদ্য সাবেক পরিচালক এস এম লুৎফুল কবীর। কিন্তু গতকাল রোববার তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করে তিন মাসের ছুটির আবেদন করেছেন। জানতে চাইলে লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বুয়েটের জ্যেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুরোধে সিদ্ধান্ত বদল করেছি। আমি বলেছি, বর্তমান উপাচার্যের অধীনে কাজ করা সম্ভব নয়। আশা করব, তিন মাসের মধ্যে উপাচার্যের বিষয়েও সিদ্ধান্ত হবে। তখনো না হলে আবার চিন্তা করে সিদ্ধান্ত নেব।’