অবশেষে মাগুরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক চাকরি হারালেন
মাগুরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কে এম রবিউল ইসলাম অবশেষে চাকরি হারিয়েছেন। ১৩ জানুয়ারি মাগুরার পুলিশ সুপার মো. শাহরিয়ার তাঁকে বরখাস্ত করেন। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) কে এম রবিউল ইসলামকে ২০০৭ সালে কুষ্টিয়া থেকে মাগুরায় শাস্তিমূলক বদলি করা হয়। কুষ্টিয়ায় তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল। মাগুরায় এসেও তিনি নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। দপ্তরে বসে তিনি স্থানীয় কয়েক জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর সঙ্গে একত্রে মাদক সেবন করতেন। বিভিন্ন অভিযানে আটক করা মাদক তিনি এদের মাধ্যমে বিক্রিও করতেন। স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তাঁর সখ্য ছিল। আটক মালামাল মালখানায় না রেখে নিজ দায়িত্বে রাখতেন। তাঁর বেপরোয়া চলাফেরায় মাগুরা শহরের মানুষ অতিষ্ঠ ছিল। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হওয়ায় তিনি নানাভাবে লোকজনকে হয়রানি করতেন। গোয়েন্দা পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগের আশ্বাস দিয়েও তিনি কয়েকজন পুলিশ কনস্টেবলের কাছ থেকে উেকাচ নেন। এমন নানা অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগে গত বছরের অক্টোবর মাসে তাঁর বিরুদ্ধে মাগুরা পুলিশ সুপারের কাছে আটটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সুপার মো. শাহরিয়ার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদকে তদন্ত করার দায়িত্ব দেন। অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত করে অভিযোগের সত্যতা পান। তিনি তদন্ত প্রতিবেদনে উপপরিদর্শক রবিউল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে বিভাগীয় মামলা করার সুপারিশ করেন। পরে পুলিশ সুপার তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। মাগুরার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন এ মামলা তদন্ত করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি রবিউল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করেন। চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ওই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পুলিশ সুপার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে অবশেষে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেন। এ ব্যাপারে এস আই রবিউল ইসলাম বলেন, ‘পুলিশ সুপারের ঘুষ-দুর্নীতিসহ নানা অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়াই আমার কাল হয়েছে। আমি নির্দোষ। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।’ পুলিশ সুপার মো. শাহরিয়ার বলেন, ‘এসআই রবিউল ইসলামের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটি পৃথক তদন্তে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।’