বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বড় রঘুনাথপুর গ্রামের দশম শ্রেণীর ছাত্রী সেঁজুতি ওরফে কমলাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গতকাল রোববার থানায় মামলা হয়েছে।এদিকে সেঁজুতি গণধর্ষণের শিকার হওয়ার পর যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল হককে গতকাল প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।এর আগে সেঁজুতিকে গণধর্ষণ ও তার আত্মহত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গতকাল সকাল সাড়ে নয়টা থেকে চৈতা মাধ্যমিক বিদ্যালয়ে অনশন করে শিক্ষার্থীরা। একই দাবিতে গতকাল সকাল ১০টার দিকে বাকেরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের সামনে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করে। পরে দাবি পূরণে শিক্ষকদের সহযোগিতার আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তাদের অনশন ও অবরোধ তুলে নেয়।রঘুনাথপুর গ্রামবাসীর ভাষ্যমতে, ১৩ অক্টোবর রাতে চাচাতো ভাই মো. নয়ন মৃধা ও তার পাঁচ সঙ্গী সেঁজুতিকে বাড়ির পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। পরদিন সেঁজুতির মা হাফিজা বেগম ছয়জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু ওসি রবিউল সেঁজুতির ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা না করে ঘটনাটি মীমাংসা করতে বলেন। মীমাংসায় রাজি না হলে ওসি অপহরণচেষ্টার অভিযোগে মামলা নেন। এ ঘটনার পর থেকে ধর্ষকেরা সেঁজুতিকে আবার গণধর্ষণ ও হত্যার হুমকি দিতে থাকে। বিচার না পেয়ে গত শুক্রবার রাতে ঘরের চৌকাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সেঁজুতি। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘বিচার না পেয়ে স্কুলছাত্রীর আত্মহনন!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশীদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। শিক্ষামন্ত্রীর নির্দেশে গতকাল রঘুনাথপুর গ্রামে সেঁজুতির বাড়ি ও চৈতা মাধ্যমিক বিদ্যালয়ে যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল জেলার উপপরিচালক মোস্তাফিজুর রহমান, বাকেরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লাল হোসেন, সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মুজাহিদুল ইসলামসহ শিক্ষা কর্মকর্তারা।চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর ইকবাল বলেন, সেঁজুতির ধর্ষক ও আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সকাল থেকে অনশন করে। পরে তাদের সঙ্গে পাশের কাঁঠালতলী মাধ্যমিক বিদ্যালয় ও মোল্লা আবু ইউসুফ আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয়। পরে পদস্থ কর্মকর্তাদের আশ্বাসে শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করে।নয়জনের বিরুদ্ধে মামলা: সেঁজুতিকে ধর্ষণের পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গতকাল দুপুরে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯(ক) ধারায় মামলা করেছেন তার মা হাফিজা বেগম। মামলার আসামিরা হলেন সেঁজুতির চাচাতো ভাই পাদ্রিশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের মো. নয়ন মৃধা, তার বাবা ফারুক মৃধা ও মা অশ্রু বেগম, মো. নাসির আকন, মো. শামীম আকন, মো. রাজিব, মো. সবুজ, মো. সাইফুল ইসলাম ও নেছার উদ্দিন। বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শওকত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।সেঁজুতির বোনজামাই মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ধর্ষণের পরে মুঠোফোনে হত্যা এবং আবার ধর্ষণের হুমকি দেওয়ায় লজ্জায় ও ঘৃণায় সেঁজুতি আত্মহত্যা করেছে। সেঁজুতির মা হাফিজা বেগম বলেন, ‘যাদের কারণে আমার নিষ্পাপ মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’প্রত্যাহারের আগে গতকাল দুপুর দেড়টার দিকে বাকেরগঞ্জ থানার ওসি রবিউল হক প্রথম আলোকে বলেছিলেন, ‘আসামিদের গ্রেপ্তারে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমার অপসারণের দাবি অহেতুক। আমি কোনো অন্যায় করিনি।’ওসিকে প্রত্যাহারের বিষয়ে বরিশালের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘সেঁজুতির ঘটনাটি একটি কারণ। সেই সঙ্গে রবিউলের বিরুদ্ধে এর আগেও অন্যান্য অভিযোগ থাকায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে।’