এবিসি রেডিওর নারী সাংবাদিককে মারধরের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে কলাবাগান থানার পুলিশ।পুলিশ বলছে, আদালতের অনুমোদন সাপেক্ষে গতকাল মঙ্গলবার ওই নারী সাংবাদিকের অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। তবে গতকাল পর্যন্ত আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।এদিকে ওই নারী সাংবাদিকের মামলা গ্রহণ না করা সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন।‘পুলিশ মামলা না নিয়ে কেন আপসের পরামর্শ দিল’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপস হতে পারে, যদি উভয় পক্ষ সম্মত থাকে। কিন্তু মামলা দিতে চাইলে তা অবশ্যই নিতে হবে। যদি কেউ মামলা না নিয়ে থাকে, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।গতকাল সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও উপস্থিত ছিলেন।গত রোববার বিকেলে বাসায় যাওয়ার সময় পান্থপথ ভিক্টোরিয়া ইউনিভার্সিটির সামনে মারধরের শিকার হন এবিসি রেডিওর ওই নারী সাংবাদিক। তিনি অভিযোগ করেন, পান্থপথের মোহাম্মদী এন্টারপ্রাইজের মালিক সাইফুর রহমান ওরফে সাক্কু তাঁর গায়ে মোটরসাইকেল তুলে দেন। এর প্রতিবাদ করলে সাক্কু ও তাঁর ছোট ভাই শাহাদাত হোসেন সেকুসহ আরও কয়েকজন ওই সাংবাদিককে মারধর করে রাস্তায় ফেলে দেন। পরে তিনি কলাবাগান থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আপসের কথা বলে। পরে লিখিত এজাহারটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে পুলিশ।অবশ্য জিডিকে ‘এক ধরনের মামলা’ বলে অভিহিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আদালতে প্রতিবেদন পাঠায়। আদালত অনুমতি দেওয়ার পর গতকাল তা ৩২৩ ধারায় মামলা নথিভুক্ত করে পুলিশ। মামলায় সাইফুর রহমান ওরফে সাক্কু ও শাহাদাত হোসেন ওরফে সেকুসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।ওসি এনামুল হক বলেন, ঘটনা যা ঘটেছে, ওই নারী সাংবাদিক তা-ই অভিযোগে উল্লেখ করেছেন। মিথ্যা কিছু লেখেননি। এ ক্ষেত্রে তিনি সততার পরিচয় দিয়েছেন। যদি ‘শ্লীলতাহানি’, ‘ছিনতাই’ প্রভৃতি অভিযোগ উল্লেখ করতেন, তবে প্রথম দিনই পুলিশ মামলা নিত। পুলিশ অভিযোগটি ‘নন-এফআইআর প্রসিকিউশন’ হিসেবে অনুমতির জন্য আদালতে পাঠায়।আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, সাক্কু ও সেকু পলাতক। তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি দল কাজ করছে। তিনি বলেন, পুলিশ গতকাল সকালে সেকু মনে করে তাঁর ছোট ভাই ফয়সালকে ধরে নিয়ে আসে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।এদিকে ওই নারী সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গতকাল এক বিবৃতিতে গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানায়। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।