অবশেষে মুক্তি পেলেন জাকির
একটি হত্যা মামলায় নামের মিলের কারণে অন্যজনের সাজা ভোগকারী নারায়ণগঞ্জের মো. জাকির হোসেনকে তাত্ক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জাকিরকে আটক রাখা অবৈধ ঘোষণা করে এ রায় দেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িত তিন পুলিশ কর্মকর্তার কাছ থেকে ২০ লাখ টাকা জরিমানা নিয়ে ছয় মাসের মধ্যে জাকিরকে দিতে বলা হয়েছে। এই তিন কর্মকর্তা হলেন: তত্কালীন আড়াইহাজার থানার পরিদর্শক রাজ্জাক, উপপরিদর্শক শহীদুল ও খুরশেদ আলম। আদালত এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন। গত ২১ জুন ‘একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয় একটি জাতীয় দৈনিকে। ওই দিনই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ। প্রাথমিক শুনানি নিয়ে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। রুলে জাকির হোসেনকে আটক রাখা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়।একই সঙ্গে জাকিরকে ১৫ জুলাই হাইকোর্টে হাজির করতে নির্দেশ দেন আদালত। ধার্য তারিখে অন্য এক আদেশে হাইকোর্ট ‘একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন’—এই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেন। নির্দেশ অনুসারে জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন গতকাল সোমবার আদালতে দাখিল করা হয়। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে দুই পুলিশ কর্মকর্তার নাম উঠে আসে এবং তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি প্রতিবেদন আদালতে গতকাল পৌঁছায়। আদালত আজ শুনানি নিয়ে রায় দেন। আদালতে জ্যেষ্ঠ আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশেক মোমিন। রায় ঘোষণার সময় জাকির আদালতে উপস্থিত ছিলেন। আদালত থেকে বেরিয়ে আইনজীবী সাইফুদ্দিন সাংবাদিকদের বলেন, তিন পুলিশ কর্মকর্তাকে ২০ লাখ টাকা জরিমানা করে তা জাকিরকে ছয় মাসের মধ্যে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।আদালত থেকে বেরিয়ে জাকির বলেন, ‘পুলিশ যখন আমাকে ধরেছিল, তারা বলেছিল আমি নির্দোষ। কিন্তু তাদের কিছু করার নেই। আমার কোনো লোক ছিল না। অনেক কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। এই হত্যাকাণ্ড ও মামলা সম্পর্কে আমি কিছুই জানতাম না। ’গত ২১ জুন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘শুধু নামের মিল থাকায় নির্দোষ হয়েও কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডের পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের জাকির হোসেন। অপরাধী গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতা ও আন্তরিকতার অভাবে নিজ নামের আরেক ব্যক্তির দণ্ড ভোগ করতে হচ্ছে জাকিরকে। কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে বিষয়টির প্রতিকার পাচ্ছেন না গরিব ও নির্দোষ এই ব্যক্তি।’জানা যায়, ১৯৯১ সালের ১১ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাজবী এলাকায় ছিনতাইকারীদের হাতে বিকচান মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় অজ্ঞাত চারজনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি মামলা হয়। পরের বছর ১০ মে একই থানার বেপারীপাড়ার সামসুদ্দিনের ছেলে জাকির হোসেনকে অন্যতম আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা আদালত জাকিরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। নামে মিল থাকায় বেপারীপাড়ার পার্শ্ববর্তী হাটখোলাপাড়া এলাকার সামসুল হকের ছেলে মো. জাকির হোসেনকে ২০০৭ সালের ১০ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক ছিলেন।