অবশেষে মুক্তির দেখা মিলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের দাবদাহের পর নাগরিক মানসে স্বস্তির পরশ বুলিয়েছে শেষ শ্রাবণের বৃষ্টি। গতকাল রোববারের বৃষ্টিভেজা সকাল স্বস্তি দিয়েছে অপেক্ষার আগুনে পোড়া পাঁচ পরিবারকেও। প্রায় আট মাস ধরে আফগান তালেবানদের হাতে আটক, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা পাঁচ বাংলাদেশি ফিরেছেন দেশে, স্বজনদের কাছে।ঘড়ির কাঁটা সাড়ে নয়টা ছুঁই ছুঁই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এমিরেটস এয়ারওয়েজের ফ্লাইটে আসা যাত্রীদের অধিকাংশই বহির্গমনের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর ছেড়ে গেছেন। কিন্তু দেখা নেই আফগান-প্রত্যাগত জিম্মি সেই পাঁচ বাংলাদেশির। অপেক্ষমাণ আত্মীয়স্বজন প্রিয়জনের জন্য অধীর। বহির্গমন গেটের দুই পাশে ঠাঁয় দাঁড়িয়ে আছেন সংবাদকর্মীরা। হঠাৎ মাথায় ক্যাপ পরা মধ্যবয়স্ক একজন বেরোলেন হাত নাড়তে নাড়তে। তারপর ছুটে গেলেন এক কিশোরের দিকে। নবম শ্রেণীর ছাত্র আশিকুর রহমানকে জড়িয়ে কাঁদতে শুরু করলেন মোহাম্মদ লাভলু রহমান। গালে-কপালে চুমু। বাবা-ছেলের মিলন।এ দৃশ্য দেখে সবাই সচকিত হয়ে উঠলেন। ক্যামেরার শাটারে আলোকচিত্রীর আঙুল সচল হয়ে উঠল। সচল হয়ে উঠল টিভি ক্যামেরাগুলো।এরপর একে একে এলেন বাকি চারজনও। পরিবারের সদস্যরা আনন্দাশ্রুতে বরণ করলেন তাঁদের। দুই বছর পর ভাই মোক্তার আলীর সঙ্গে দেখা রাজশাহীর চারঘাটের মাহবুব আলীর। কেউই নিজেকে সামলে রাখতে পারলেন না। দুই ভাইয়ের হাউমাউ কান্না ছুঁয়ে যায় সবার মন।এদিকে গতকাল সকালে আফগানিস্তানে জিম্মি দশা থেকে মুক্ত পাঁচ বাংলাদেশিকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।এক রাত্রিতে হঠাৎ ছন্দপতন: রাজশাহীর চারঘাটের মাহবুব আলী। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কাজ করছিলেন এক্সকাভেটর অপারেটর হিসেবে। নিয়মিত ভালো বেতন, পরিবারের সঙ্গে যোগাযোগ—কোনো কিছুতেই খামতি ছিল না। কিন্তু গত বছরের ১৭ ডিসেম্বর ওলটপালট হয়ে গেল সবকিছু।মাহবুব বললেন, ‘আমি কাজ করি দক্ষিণ কোরিয়ার অবকাঠামো নির্মাণপ্রতিষ্ঠান সামহোয়ান করপোরেশনে। সারা দিনের কাজ শেষে বিশ্রাম নিচ্ছিলাম আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরে কোম্পানির দেওয়া শিবিরে। আমরা ১৭ জন বাংলাদেশি। রাত পৌনে আটটার দিকে হঠাৎ বাইরে হইচই। তারপর অস্ত্রধারীদের ঘরে প্রবেশ। গুলিতে প্রাণ হারালেন সহকর্মী কাজী আলতাফ হোসেন। তারা ছিল সংখ্যায় প্রায় ২০ জন। আমাদের সাতজনকে নিয়ে যায় অস্ত্রের মুখে। সারা রাত হাঁটার পর ক্লান্ত-অসুস্থ দুই সহকর্মীকে এক জায়গায় ফেলে যায় তারা। আর আমাদের চোখ বেঁধে একটি জিপে উঠিয়ে নিয়ে যায় অজানা গন্তব্যে।’কাফেরের পক্ষাবলম্বনের শাস্তি: অপহরণের কয়েক দিনের মাথায় কারণ জানতে পেরেছিলেন ভাগ্যবিড়ম্বিত পাঁচ বাংলাদেশি। শুরু থেকেই অপহরণকারীরা বলতে শুরু করে, ‘তোদের রাস্তা বানাতে বলেছে কে? তোরা রাস্তা বানিয়ে মার্কিনিদের দুর্গম এলাকায় আসার পথ করে দিচ্ছিস। মুসলমান হয়ে মুসলমানের বিরোধিতা! তোরা তো কাফেরের বন্ধু!’বাংলাদেশিদের অপহরণের পর সামহোয়ানের ওই প্রকল্পে সড়ক অবকাঠামো তৈরির কাজ বন্ধ হয়ে গেছে।গুহায়, পাহাড়ে দিনযাপন: টাঙ্গাইলের কালিহাতীর আমিনুল ইসলাম জানান, সাত মাস ১৫ দিন তালেবানদের হাতে বন্দী অবস্থায় তাঁদের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে। প্রথম এক মাস তাঁদের পাহাড়ি এলাকার একটি গ্রামে রাখা হয়। সেখানে থেকে নেওয়া হয় একটি গুহায়। আবার সরিয়ে নেওয়া হয় আরেকটি গ্রামে। শেষবার তাঁদের নেওয়া হয় আরেকটি পাহাড়ি এলাকায়।একই এলাকার শফিকুল ইসলাম জানান, বন্দী অবস্থায় খাবার হিসেবে তাঁদের দুই বেলা রুটি আর রাতে জাউ দেওয়া হতো। প্রাকৃতিক কর্ম সারতে শুধু রাতের বেলায় ঘরের বাইরে আনা হতো। অস্ত্রধারী অপহরণকারীরা সঙ্গে থাকত সারাক্ষণ।জীবনের শঙ্কা দূর: ‘টানা এক মাস চাঁদ-সূর্য দেখিনি। একটু উঁচু স্বরে কথা বললেই খুন করার হুমকি। আমাদের জীবন তো ছিল তাদের হাতের মুঠোয়। বেঁচে থাকাটা কোনো কোনো দিন অলীক মনে হতো,’—কথাগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইমাম উদ্দিনের। মুক্তি পাওয়া পাঁচ বাংলাদেশিদের মধ্যে বয়োজ্যেষ্ঠ তিনি। ইমাম জানান, এক রাতে তাঁদের ডেরায় হাজির হন তালেবানের এক নেতা। ঘোষণা দিলেন, ‘তোদের মারা হবে না। নিশ্চিন্ত থাক। খাওয়া-দাওয়া কর, ঘুমা। সময় হলেই ছেড়ে দেব। জানতে চাইবি না কখন ছাড়ব। ভয় নেই।’ইমাম উদ্দিন বলেন, ‘অস্ত্র হাতে একদল লোক আমাদের চারপাশে পাহারা দিচ্ছে। সারা দিন একটা ঘরে কাটিয়ে দেওয়া ছাড়া কিছু করার নেই। জগৎ-সংসার থেকে বিচ্ছিন্ন। স্ত্রী, সন্তান, ভাইবোন কে কোথায় আছে, কিছুই জানার উপায় নেই। জীবনটাই হয়ে উঠেছিল দুর্বিষহ। কিন্তু কিছুই যে করার ছিল না, শুধু প্রার্থনা ছাড়া। অবশেষে মুক্তির দেখা মিলল।’