অবশেষে মৃত্যুতে মুক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক তপন হাওলাদার (৪০) ভুগছিলেন যক্ষ্মা আর পেটের পীড়ায়। একদিকে দুই রোগের যন্ত্রণা আর অন্যদিকে দারিদ্র্য। দুইয়ে মিলে জীবনধারণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তপন হাওলাদারের জন্য।যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আশা ছেড়ে তপন হাওলাদার মৃত্যুকে বেছে নেন। আজ শনিবার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে পুলিশ তপনের মরদেহ উদ্ধার করে।তপনের স্ত্রী ইতি রানী জানান, দুই বছর আগে তাঁর স্বামীর যক্ষ্মা হয়েছিল। তখন চিকিৎসা করার পর তিনি সুস্থ হন। এরপর এক মাস আগে তপনের আবার যক্ষ্মা হয়। এরপরে তাঁর পেটে গ্যাস্ট্রিক ধরা পড়ে। একপর্যায়ে তপন খাওয়া বন্ধ করে দেন। আজ সকালে মাথায় পানি দেওয়ার জন্য তপন খালের ঘাটে যান। খোঁজ না পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে তপনের মেয়ে কৃষ্ণা রানী (১৩) বাড়ির পাশে খালের পারে কাঁঠালগাছে বাবার লাশ ঝুলতে দেখে। পরে গ্রাম পুলিশ সুমন হাওলাদার থানায় খবর দেয়। পুলিশ তপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।কৃষক তপন হাওলাদার পানিছাড়া কিছুই খেতে পারতেন না। একটি গাভি বিক্রি করে বরিশাল ও মঠবাড়িয়ায় তিনি চিকিৎসা করান। রোগের উন্নতি না হওয়ায় একপর্যায়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।পরিবারের সদস্যরা দাবি করেছে, রোগমুক্তির আশা ছেড়ে দিয়ে যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে তপন হাওলাদার মৃত্যুকেই বেছে নিয়েছেন।ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির দাউদখালী ইউনিয়নের মাঠকর্মী কল্পনা রানী জানান, তপন হাওলাদারকে ব্র্যাকের পক্ষ থেকে যক্ষ্মা রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হতো। তবে তাঁর যক্ষ্মা ছাড়াও অন্য রোগ ছিল।মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) জলিল আহমেদ জানান, গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি পাওয়া গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।