অবশেষে মেয়েটি গেলেন শ্বশুরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের কাছাটিয়া গ্রামে দোররার শিকার মেয়েটির দুর্ভাগ্যের কালো মেঘ কেটে গেছে। মেয়েটির বাবা অবশেষে সদয় হয়ে মেয়েটিকে যেতে দিলেন শ্বশুরবাড়ি। ১৩ জুলাই মানিকগঞ্জের সহকারী জজ সিকান্দার জুলকার নাইনের আদালতে দুই পক্ষই আপসনামা দাখিল করে। মেয়েটি ওই দিনই স্বামীর সঙ্গে সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরে যান। এদিন পারিবারিক আদালতে মেয়েটির বাবার দায়ের করা দেনমোহরের মামলায় বিচারপূর্ব শুনানির জন্য ধার্য ছিল। এতে উভয় পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। মেয়েটির বাবাও আদালতে ছিলেন। ৩ জুলাই ‘আইন অধিকার’ পাতায় ‘১০১ দোররা ও পিতার নির্মম আদেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে দোররা এবং হিল্লা বিয়েসংক্রান্ত বাবার আদেশের কাহিনি ছাপা হয়। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরপরই গ্রামের মুরব্বিরা দফায় দফায় বৈঠক করেন মেয়েটির বাবা ও শ্বশুরকে নিয়ে। বৈঠকে মেয়েটির বাবাকে অনতিবিলম্বে মেয়েটিকে তাঁর শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য বলা হয়। পরে ১০ জুলাই এ ঘটনার ফলোআপ প্রতিবেদনও ছাপা হয়। বেসরকারি সংস্থা ব্র্যাক ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মেয়েটিকে সাহায্য করতে এবং ঘটনার সুষ্ঠু নিষ্পত্তির জন্য এগিয়ে আসে। ব্র্যাকের কর্মীরা মেয়েটি ও তাঁর মা-বাবার সঙ্গে যোগাযোগ করে মধ্যস্থতার চেষ্টা করেন। আদালতে বাদীপক্ষের আইনজীবী মাকসুদুর রহমান, বিবাদীপক্ষের আইনজীবী মো. খলিলুর রহমান, ব্র্যাক জেলা মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আইনজীবী মো. মোমিন উদ্দিন ও উপজেলা ব্যবস্থাপক (আইন সহায়তা) মো. গোলাম কিবরিয়ার মধ্যস্থতায় আপসনামাটি দাখিল করা হয়। আপসনামায় উল্লেখ করা হয়, বিবাদীর বাড়িতে বাদী-বিবাদী স্বামী-স্ত্রী হিসেবে দাম্পত্য জীবনযাপন করবেন। বিবাদী শরিয়তের বিধানমতে বাদীকে স্ত্রীর মর্যাদা এবং বাদীও বিবাদীকে স্বামীর মর্যাদা দিয়ে দাম্পত্য জীবন অতিবাহিত করবেন। বাদীর মোহরানার টাকা অনাদায়ে থাকল। তবে মোহরানার টাকা চাওয়া মাত্র বিবাদী বাদীকে পরিশোধ করতে বাধ্য থাকবেন। ফিরে যাওয়ার পর মেয়েটি বলেন, ‘আমরা দুজনই এখন অনেক খুশি। আপনাদের সহযোগিতা না পেলে আমাদের আর সুখের সংসার করা হতো না।’ মেয়েটির স্বামী বলেন, ‘সমাজের লোকজন আর বাধা হয়ে দাঁড়ায়নি। তাই আমার স্ত্রী আমার কাছে ফিরে আসতে পেরেছে। এ জন্য প্রথম আলোর কাছে কৃতজ্ঞ। প্রতিবেদনটি না লেখা হলে আমাদের ভাগ্যে অনেক বিপদ আসত।’