অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আষাঢ়ের টানা পাঁচ দিনের দুর্বিষহ গরমের পর একপশলা বৃষ্টি ঝরেছে আজ রাজধানী ঢাকায়। আজ বিকেল পাঁচটার সময় এই বৃষ্টি স্বস্তি এনে দেয় নগরজীবনে। তবে এই বৃষ্টিকে ক্ষণিকের বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলো ডটকমকে জানান, এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও গরম সহজে যাবে না। মৌসুমি বায়ু দুর্বল থাকার জন্যই অবিরাম বৃষ্টি ঝরছে না। তবে মৌসুমি বায়ু সক্রিয় হলেই চিরচেনা রূপ পেয়ে যাবে বর্ষাকাল। তবে এক দিন আগে থেকে গতকাল মঙ্গলবার দেশের দেশের বিভিন্ন স্থানে আষাঢ়ের বৃষ্টির দেখা মিলেছে। দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে বেশ ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে স্বস্তির বৃষ্টি হলেও রাজধানী ঢাকার গুলশানে বজ্রপাতে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন সোহেল (১৮) ও অসীম (১৯)। আজ বেলা তিনটায় গুলশান-২ নম্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিকেরই গ্রামের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর থানায়।