অবশেষে রাজশাহীতে গ্যাস-সংযোগ
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজশাহীতে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার নগরের শিরোইল মঠপুকুর এলাকায় ভাষাসৈনিক আবুল হোসেনের বাড়িতে একটি গ্যাস চিমনিতে আগুন দিয়ে এ সংযোগের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর।এদিকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি। এমন সময় ক্ষমতাসীন ১৪-দলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থীকে সহায়তা করতেই রাজশাহীতে গ্যাস-সংযোগ দেওয়া হলো বলে অভিযোগ করেছেন ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থী। তিনি সংবাদ সম্মেলন করে পেট্রোবাংলার চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করেছেন। এ ছাড়া প্রথম দফায় যাঁরা গ্যাস-সংযোগ পেয়েছেন, তাঁরা সবাই ক্ষমতাসীন দলের প্রভাবশালী এবং সরকারি আমলা বলে অভিযোগ উঠেছে।গতকাল বেলা ১১টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহীতে গ্যাস-সংযোগের উদ্বোধন করা হয়। আধঘণ্টার মধ্যে অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, ‘পর্যায়ক্রমে রাজশাহী নগরের প্রতিটি ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে। সবাই যেন সমান অধিকার নিয়ে গ্যাস ভোগ করতে পারে, তার ব্যবস্থা আমরা করব।’ তিনি জানান, নানা প্রতিকূলতার জন্য সময়মতো রাজশাহীতে গ্যাস দেওয়া সম্ভব হয়নি। তবে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে নানা আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। এখন থেকে রাজশাহী উন্নয়নের নগরের দিকে ধাবিত হলো মন্তব্য করে হোসেন মনসুর আরও বলেন, অন্য এলাকায় যে পরিমাণ গ্যাসের সংযোগ আছে, রাজশাহীতেও সেই পরিমাণ গ্যাসের সংযোগ নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন, রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, সাবেক ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির, ভাষাসৈনিক আবুল হোসেন, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি প্রমুখ।এদিকে গ্যাস-সংযোগ উদ্বোধনের এক ঘণ্টার মাথায় নগরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৮-দলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের মাত্র সাত দিন আগে রাজশাহীতে গ্যাস-সংযোগ দেওয়ার মাধ্যমে সরকার খায়রুজ্জামানকে সহায়তা করেছে। এর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। এ জন্য পেট্রোবাংলার চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান বলেন, যে ৩২ জনকে প্রথম দফায় সংযোগ দেওয়া হচ্ছে তাঁদের মধ্যে ১১ জন খায়রুজ্জামানের, সাতজন বাগমারার সাংসদ এনামুল হকের, চারজন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর ও তিনজন সদর আসনের সাংসদ ফজলে হোসেনের লোক। বাকিরা সরকারি আমলা। ১৫ জুনের পর থেকে তাঁরা সারা রাজশাহীতে গ্যাস-সংযোগের জন্য আন্দোলনে নামবেন বলেও হুমকি দেন তিনি। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ করে দিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের মতো কাজ করবে, পেট্রোবাংলা নিজেদের মতো করে কাজ করবে। এখানে একটির সঙ্গে অন্যটির মিল খোঁজার কোনো যুক্তি নেই।