অবশেষে রাত দুইটায় মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত চত্বরে মেয়ের শ্লীলতাহানি ও মা-বাবাকে পুলিশি নির্যাতনের দুই দিন পরও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় গতকাল বুধবার রাত আটটায় কোতোয়ালি থানায় মামলা করতে যান নির্যাতনের শিকার মা। তাঁকে ছয় ঘণ্টা বসিয়ে রাখার পর রাত দুইটায় মামলা নেয় পুলিশ।এদিকে হাইকোর্ট এ ঘটনায় জড়িত আট পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন এবং দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা ও সরকারি চাকরি বিধিমালা অনুসারে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এ ছাড়া দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, ৪৮ ঘণ্টার মধ্যে তা জানাতে পুলিশের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।মামলায় মেয়েকে নির্যাতন, চেইন ছিনতাই ও মা-বাবাকে মারধর করার অভিযোগ আনা হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া সুনির্দিষ্ট করে জামান নামের এক পুলিশ সদস্য ও অজ্ঞাত কয়েকজন পুলিশকে আসামি করা হচ্ছে। মামলা করতে আইনি সহায়তা দিচ্ছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।থানা সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে আসকের আইনজীবীদের সঙ্গে মেয়ের মা কোতোয়ালি থানায় হাজির হন। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন থানায় ছিলেন না। এ সময় মেয়েটির মা কর্তব্যরত কর্মকর্তার কাছে এজাহারটি জমা দেন। এরপর দীর্ঘ ছয় ঘণ্টা কেটে গেলেও মামলাটি নেয়নি পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে অবশেষে রাত দুইটায় মামলাটি নেয় পুলিশ (মামলা নং ২৫)। আসকের পরিচালক মো. নূর খান প্রথম আলোকে জানান, মেয়েটির অনুরোধে আসক তাঁকে আইনগত সহায়তা দিচ্ছে। তিনি বলেন, রাত আটটার দিকে আমরা অভিযোগ জমা দিলেও সেটি গ্রহণ করা হয়েছে রাত দুইটায়। কিন্তু অভিযোগ জমা দেওয়ার সময়কে মামলাটি গ্রহণের সময় দেখানো হয়েছে।মামলা নিতে এত দেরি হলো কেন জানতে চাইলে কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক মকবুল হোসেন বলেন, ‘বাদীপক্ষ নানান জনের সঙ্গে কথা বলছিল। বিষয়টি নিয়ে অনেকের সঙ্গে কথা হচ্ছিল। তাই মামলা নিতে দেরি হয়েছে।’আইনজীবীদের মিছিল: আদালত চত্বরে নারী নির্যাতন ও সাংবাদিক-আইনজীবীদের ওপর হামলার ঘটনার বিচার চেয়ে গতকাল আদালত প্রাঙ্গণে মিছিল করেন আইনজীবীরা। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মিছিল হয়। মিছিল থেকে পুলিশের সহকারী কমিশনার (এসি) রাজিব আল মাসুদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন খানকে বরখাস্ত ও নির্যাতনের ঘটনার বিচার দাবি করে স্লোগান দেওয়া হয়।ওসিকে বরখাস্ত দাবি: আদালত চত্বরের ঘটনায় করণীয় নির্ধারণে গতকাল বেলা দুইটায় মুখ্য মহানগর হাকিম বিকাশ সাহার সভাপতিত্বে আদালত ভবনের সম্মেলনকক্ষে একটি সভা হয়। সভার শুরুতে ঘটনার নিন্দা জানিয়ে বিকাশ সাহা বলেন, ‘দায়ীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা আহ্বান করেছিলাম। কিন্তু ইতিমধ্যেই হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেছেন। এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা কোনো কথা বলব না।’ এরপর ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহানউদ্দিন বলেন, ‘এর আগেও আদালত অঙ্গনে পুলিশ অতি উৎসাহী হয়ে আইনজীবীদের ওপর হামলা চালিয়েছে। কোতোয়ালি থানার ওসি সালাহউদ্দীনের নেতৃত্বেই এসব ঘটনা ঘটেছে। এই ব্যক্তিকে এখানে রাখা হলে ভবিষ্যতে আরও ঘটনা ঘটতে পারে। তাই তাঁকে সরিয়ে দিতে হবে। কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি চৈতন্য চন্দ্র হালদার বলেন, ‘পুলিশ ক্লাবে নিরীহ মানুষকে ধরে নিয়ে আটকে রাখা হয়, এমন অভিযোগ আমরা আগেও পেয়েছি। কয়েক বছর আগে একটি মেয়েকে সেখানে নিয়ে ধর্ষণও করা হয়েছিল। পুলিশ ক্লাব এখান থেকে সরিয়ে নেওয়া উচিত।’পুলিশের হামলায় আহত প্রথম আলোর আদালত প্রতিবেদক প্রশান্ত কর্মকার মুখ্য মহানগর হাকিমকে বলেন, ‘হামলার সময় পুলিশ আমার কোট ছিনিয়ে নিয়ে গেছে। ওই কোটের পকেটে আমার পরিচয়পত্র ও মূল্যবান কাগজপত্র ছিল। যেহেতু এ ঘটনায় আমি থানায় কোনো মামলা বা জিডি করিনি, কাজেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’সবার বক্তব্য শুনে বিকাশ সাহা বলেন, ‘যেসব বিষয় তুলে ধরলেন, সেগুলোর ব্যাপারে আমি ব্যবস্থা নেব, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। তবে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা আদালত চত্বরে কোনো সভা-সমাবেশ কিংবা মিছিল করবেন না।’ সভায় ঢাকা মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু, আইনজীবী সমিতির সভাপতি বোরহানউদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজিবুল্লাহ হিরু, পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ, অতিরিক্ত উপকমিশনার (অপরাধ তদন্ত ও প্রসিকিউশন) আনিসুর রহমান, কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সাধারণ সম্পাদক মাহবুবুল হক ও সাবেক সভাপতি মঞ্জুর আলম এবং আহত তিন সাংবাদিক প্রশান্ত কর্মকার, এম এ জলিল ও তুহিন হাওলাদার উপস্থিত ছিলেন। তদন্ত কমিটির কাজ চলছে: আদালত প্রাঙ্গণের ওই ঘটনা তদন্তে মঙ্গলবার রাতে লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মারুফ হোসেন ও এসি রাজিব আল মাসুদকে সদস্য করে একটি তদন্ত কমিটি হয়েছিল। তবে রাজিবের বিরুদ্ধে সাংবাদিক ও আইনজীবীদের ওপর হামলা এবং থানায় নিয়ে আইনজীবীকে জেএমবি বলে নির্যাতনের অভিযোগ ওঠায় তাঁকে তদন্ত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান এডিসি মারুফ হোসেন গতকাল কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে গিয়ে নির্যাতিত তিন সাংবাদিকের সাক্ষ্য নিয়েছেন। এ ছাড়া ঘটনা তদন্তে গঠিত গোয়েন্দা পুলিশের আরেকটি দলও নির্যাতিত সাংবাদিকদের সাক্ষ্য নিয়েছে। এডিসি মারুফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এসি রাজিবকে তদন্ত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন আমিই তদন্তকাজ করছি। বিচারবুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে আমি তদন্তকাজ করব।’এদিকে হামলার শিকার সাংবাদিকেরা জানান, জিজ্ঞাসাবাদের নামে তাঁদের হয়রানি করা হচ্ছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।