অবশেষে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়াও আহত সাংবাদিকদের চিকিৎসার খরচও বহন করবে হাসপাতাল। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মধ্যস্থতায় নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয় কর্তৃপক্ষ।ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী দীন মোহাম্মদ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুস্তাফিজুর রহমান, উপপরিচালক মুশফিকুর রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন।এদিকে কয়েক দিন ধরে হাসপাতালে সংঘটিত ঘটনায় বৈঠকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন, কলেজ ও হাসপাতালের দুজন প্রতিনিধি এবং দুজন সাংবাদিক প্রতিনিধিকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, হাসপাতালে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ প্রত্যাহার করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ বহন করবে এবং ক্যামেরা ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দিতে হবে। সাংবাদিক ও হাসপাতাল কর্তৃপক্ষ উভয়কে পরস্পরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে।যোগাযোগ করা হলে হাসপাতালের পরিচালক প্রথম আলো ডটকমকে বলেন, বৈঠকের সিদ্ধান্ত তাঁরা মেনে নিয়েছেন। সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ প্রত্যাহার হয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসাও হাসপাতাল বহন করবে। কয়েক দিন ধরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদা আকতারকে প্রধান করে তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত বুধবার রাতে দুজন সাংবাদিক হাসপাতালের উপপরিচালক, চিকিৎসক ও শিক্ষানবিশ চিকিৎসকসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর গভীর রাতে হাসপাতালের পক্ষ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দুটি চুরির মামলা করা হয়। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ উদ্ভূত পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। শিক্ষানবিশ চিকিৎসকদের মহড়া: গতকাল মেডিকেল কলেজ হাসপাতালে ও মর্গ এলাকায় সাংবাদিক প্রবেশ ঠেকাতে হাসপাতালের বিভিন্ন ফটকে লাঠিসোঁটা নিয়ে তৎপর ছিলেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা হাসপাতালের বহির্বিভাগের ফটক বন্ধ করে রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করে দেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে শিক্ষানবিশ চিকিৎসকেরা সভায় মিলিত হন। সাংবাদিকেরা হাসপাতালের চিকিৎসক ও শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করায় তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা হাসপাতালের চিকিৎসকদের কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন। শিক্ষানবিশ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করে দিয়ে লাঠিসোঁটা হাতে বিভিন্ন ফটকে সাংবাদিক খুঁজতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা হাসপাতালের বহির্বিভাগের ফটক বন্ধ করে দিয়ে চিকিৎসাসেবা বন্ধ করে দেন। এ সময় অসুস্থ রোগীরা দীর্ঘ সারিতে অপেক্ষা করতে থাকেন এবং তাঁরা ফটক খুলে দেওয়ার আকুতি জানালেও চিকিৎসকেরা তা শোনেননি। শিক্ষানবিশ চিকিৎসকেরা মর্গে গিয়ে কোনো সাংবাদিক এলে তাঁদের জানাতে বলেন। পরে তারা লাঠিসোঁটা হাতে কলেজের সামনে মহড়া দেন। খবর পেয়ে হাসপাতালের পরিচালক ও উপপরিচালক হাসপাতালে ছুটে যান এবং তাঁদের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের কথা জানান। হাসপাতালের উপপরিচালক মুশফিকুর রহমান বলেন, তিনি ও পরিচালক শিক্ষানবিশ চিকিৎসকদের সংযত হয়ে হাসপাতালের স্বাভাবিকভাবে পরিবেশ ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন।প্রতিবাদ সভা: আজ দুপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতারা সভা করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের মেডিকেল কলেজ থেকে বহিষ্কার ও ছাত্রত্ব সনদ বাতিল, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং হাসপাতালে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানান। সভায় প্রেসক্লাব, বিএফইউজে, ডিআরইউ, ক্র্যাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।