অবশেষে সিদ্ধান্ত পাল্টাল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে প্রকৌশলী আবদুল হামিদ বিশ্বাস হত্যা মামলার বিষয়ে সরকার সিদ্ধান্ত বদল করেছে। রাজনৈতিক বিবেচনায় পাঁচ আসামির খালাসের আদেশ বাতিলের জন্য গতকাল বুধবার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি সৈয়দ সামছুল হক এ আবেদন করেন। তাতে খালাসের আদেশ বাতিল করে পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কানিজ আকতার নাসরীনা খানম এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আগামী ৩ জানুয়ারি।এর আগের দিন মঙ্গলবার একই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির প্রধান পাঁচ আসামিকে খালাস দিয়ে বাকি আসামিদের বিরুদ্ধে মামলা চলার আদেশ দেন। খালাস পাওয়া আসামিদের মধ্যে দুজন ছিলেন পলাতক।২০০৫ সালের ২৯ জানুয়ারি রাজধানীর দক্ষিণখানের আনল এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে প্রকৌশলী আবদুল হামিদ বিশ্বাস নিহত হন এবং তাঁর স্কুলপড়ুয়া মেয়ে আহত হয়। দুর্বৃত্তরা আলমারি ভেঙে বিভিন্ন মালামাল নিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী সাঈদা হামিদ বাদী হয়ে উত্তরা থানায় হত্যা ও ডাকাতির মামলা করেন। একই বছরের ৮ আগস্ট পুলিশ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৬ সালে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়। ইতিমধ্যে তদন্ত কর্মকর্তা ছাড়া বাকি সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডাকাতি ও হত্যার অভিযোগে করা এই মামলার বাদী এবং আসামিদের কেউই কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। তবু স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৬ আগস্ট ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে এ মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বিচারাধীন মামলাটির এজাহারভুক্ত পাঁচ আসামি: জয়নাল আবেদীন মোল্লা, শাহীন, শরীফ, হুমায়ুন ও ইকবাল হোসেন খালাস পান। তাঁদের মধ্যে হুমায়ুন ও শাহীন আদালতে হাজিরই হননি। তাঁরা প্রায় ছয় বছর ধরেই পুলিশের খাতায় পলাতক।এ ঘটনায় প্রথম আলোতে ২২ ডিসেম্বর ‘খুন ও ডাকাতির মামলা রাজনৈতিক বিবেচনার শিকার’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে লেখালেখি এবং আইন অঙ্গনসহ বিভিন্ন মহলে সমালোচনার মুখে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করল বলে জানা গেছে।মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু গতকাল প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার আন্তমন্ত্রণালয়ের বৈঠকে গত ২৬ আগস্ট মামলা প্রত্যাহার-সংক্রান্ত জারি করা আদেশের কার্যকারিতা বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি আসামিদের খালাসের আদেশ বাতিলের আবেদন করেছেন।