অবশেষে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেন আলাউদ্দীন
সোমালি জলদস্যুদের হাতে এক বছরের বেশি বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন বাংলাদেশের নাগরিক মো. আলাউদ্দিন। সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ীর মালিকানাধীন জাহাজের নাবিক আলাউদ্দিন গতকাল বুধবার ওমানের সালালা বন্দরে পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওমানের রাজধানী মাসকাটে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব চট্টগ্রামের অধিবাসী মো. আলাউদ্দিনকে সালালা বন্দরে স্বাগত জানান। তাঁকে প্রয়োজনীয় খাবার, ওষুধ ও জামাকাপড় দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে দেশে ফেরত পাঠানোর জন্য ট্রাভেল পাস দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গত বছরের ২ মার্চ পানামায় নিবন্ধিত রয়েল গ্রেস নামের জাহাজটি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জাহাজে আলাউদ্দিনসহ ২২ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৭ জন ভারতের, তিনজন নাইজেরিয়ার ও একজন পাকিস্তানের নাগরিক। লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো পাইরেসি রিপোর্টিং সেন্টারের সহায়তায় ওই জাহাজ ও নাগরিকদের মুক্ত করে।