অবশেষে স্বপ্ন পূরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মানুষের স্বপ্ন অবশেষে পূরণ হলো। জেলা শহরের সঙ্গে সরাসরি বাস চলাচলের নতুন সড়ক হিসেবে ২০ আগস্ট পুরোনো বগুড়া সড়কটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সকাল ১০টায় ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সড়কে যাত্রীবাহী বাস চলাচলের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি জিন্নাহ আল মাজি, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সিরাজগঞ্জ জেলা বাস শ্রমিক সমিতির সভাপতি নাসির উদ্দিন, রায়গঞ্জ উপজেলা বাস শ্রমিক সমিতির নেতা সোলায়মান আলী প্রমুখ। এত দিন রায়গঞ্জ থেকে সিরাজগঞ্জে বাসগুলোকে প্রায় ৪০ কিলোমিটার ঘুরে সিরাজগঞ্জ রোড হয়ে যেতে হতো। এখন পুরোনো বগুড়া সড়ক ধরে ১৮ কিলোমিটার দূরত্বে সিরাজগঞ্জ শহরে পৌঁছানো যাবে। এ সড়কে বাস চলাচল শুরু করায় আনন্দ প্রকাশ করে এলাকার প্রবীণ ব্যক্তি হাবিবুর রহমান বলেন, ‘এত দিনে আমাদের স্বপ্ন পূরণ হলো। সেই পাকিস্তান আমল থেকে শুনে আসছি, পুরোনো বগুড়া সড়ক চালু হবে।’ বাসচালক জামাল উদ্দিন বলেন, আগে রায়গঞ্জ থেকে সিরাজগঞ্জে যাওয়ার জন্য নির্ধারিত সময় ছিল দেড় ঘণ্টা। এখন মাত্র ৪০ মিনিটে সিরাজগঞ্জে পৌঁছানো সম্ভব। ধানগড়া বাসস্ট্যান্ডের চেইন মাস্টার আকবর আলী বলেন, ৪০ কিলোমিটারের জন্য আগে ভাড়া নেওয়া হতো ২৫ টাকা। নতুন সড়কে ১৮ কিলোমিটারের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা