আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। আরটিভিতে আজ বিকেলে দেখানো হবে বিশ্ব কাঁপে ফুটবলে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জয়। কথা হলো তাঁর সঙ্গে। ‘বিশ্ব কাঁপে ফুটবলে’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।বিশ্বকাপ ফুটবলের পুরো একটি মাস এই অনুষ্ঠান দেখানো হবে। প্রতিদিন বিকেল পাঁচটায় ওই দিনের খেলা নিয়ে আমরা আলোচনা করব। অন্য বিশ্বকাপের আসরে এবং প্রস্তুতি ম্যাচে ওই দলের খেলা নিয়েও পর্যালোচনা করব। এতে করে সম্ভাব্য একটি ফলাফলের ব্যাপারে ধারণা পাওয়া যাবে। ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও এই অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের তারকাদের আমন্ত্রণ জানানো হবে। বিশ্বকাপ ফুটবল নিয়ে তাঁরা কথা বলবেন। যে দেশকে তাঁরা সমর্থন করছেন, সে দলের খেলোয়াড়দের নিয়ে আলোচনা করবেন। আসলে একটি অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে যা প্রয়োজন, তা আমরা করব।আজ অতিথি হিসেবে কাকে আমন্ত্রণ জানিয়েছেন?প্রথম তিন দিন ফুটবল তারকাদের আমন্ত্রণ জানিয়েছি। আজ থাকছেন জুয়েল রানা, কাল শনিবার কায়সার হামিদ এবং পরশু রোববার বাদল রায়। আপনাকে এর আগে কখনো উপস্থাপনা করতে দেখা যায়নি।হ্যাঁ। এবারই প্রথম। গত বিশ্বকাপের আসরে বিভিন্ন টিভি চ্যানেলে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ মতামত দিয়েছিলাম। এবার নিজেই অনুষ্ঠান করছি। অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। অন্য রকম অভিজ্ঞতা হচ্ছে। কাজটা আমি বেশ উপভোগ করছি।আপনি তো এবার ফুটবল থেকে অবসর নিয়েছেন।হ্যাঁ। গত সপ্তাহে। আমি প্রিমিয়ার ডিভিশন ফুটবলের সঙ্গে জড়িত ছিলাম ১৮ বছর। অবসর নেওয়ার পরই উপস্থাপক হিসেবে কাজের প্রস্তাব পেলাম। অবসরজীবনের শুরুটা ভালোই হলো। এই পুরো মাসটাই তো সবাই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থাকবে। তাই বাংলাদেশে ফুটবলকে জনপ্রিয় করতে আমরা খেলোয়াড়েরা কিছু একটা করার চেষ্টা করছি। সেটা এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়েও করা সম্ভব।নতুন মানসম্মত খেলোয়াড় তৈরি করার জন্য আপনি নিজে কিছু করার কথা ভেবেছেন?সপ্তাহ দুয়েকের মধ্যেই আমি একটি ফুটবল প্রশিক্ষণকেন্দ্র শুরু করতে যাচ্ছি। নাম ‘গোল গোল ফুটবল স্কুলিং সেন্টার’।