অবসরপ্রাপ্ত বিচারপতিরা যাতে আপিল বিভাগে আইন পেশা পরিচালনা করতে পারেন, সে জন্য আবেদন করা হয়েছে। এ-সংক্রান্ত সংবিধানের ৯৯(২) অনুচ্ছেদ সংশোধন চেয়ে রাষ্ট্রপক্ষ গতকাল সোমবার আপিল বিভাগে আবেদনটি করে। আজ এই আবেদনের ওপর শুনানি হতে পারে।১৯৭২ সালের সংবিধান অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতিদের আইন পেশায় নিয়োজিত থাকার সুযোগ ছিল না। তবে পঞ্চম সংশোধনীতে এ সুযোগ দেওয়া হয়। তবে ওই সংশোধনী অবৈধ ঘোষণাসংক্রান্ত রায়ের পর পুনর্মুদ্রিত সংবিধানে এ ক্ষেত্রে বিধিনিষেধ যুক্ত হয়। এ অবস্থায় ওই অংশে সংশোধন চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করা হলেও ওই রায়ে বেশ কিছু বিষয় মার্জনা করা হয়। এসব বিষয়ে সিদ্ধান্তের ভার সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়। অবসরপ্রাপ্ত বিচারপতিদের আপিল বিভাগে আইন পেশায় নিয়োজিত থাকার বিষয়টি মার্জনা চেয়ে আমরা আবেদন করেছি। ৯৯(২) অনুচ্ছেদ সংশোধন চাওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সংসদ এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এ ক্ষেত্রে মার্জনা চাওয়া হয়েছে।’ আজ আবেদনের ওপর শুনানি হবে বলেও তিনি জানান।মাহবুবে আলম বলেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেওয়া রায়ের পর আদি সংবিধানের ৯৯ অনুচ্ছেদ ফিরে এসেছে। এতে বলা আছে, অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি আদালতে আইন পেশা চালাতে পারবেন না। ১৯৭৭ সালে সামরিক আইন ঘোষণার মাধ্যমে এটা যুক্ত করা হয়। বর্তমানে আগের বিধান পুনর্বহাল হওয়ায় অবসরপ্রাপ্ত বিচারপতিরা আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করতে পারছেন না। এতে বিচারপ্রার্থী জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণেই আবেদনটি করা হয়।হাইকোর্ট ২০০৫ সালের ২৯ আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর গত বছরের ২ ফেব্রুয়ারি আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ হাইকোর্টের ওই রায় বহাল রাখেন। এ রায়ের পর গত ফেব্রুয়ারিতে সংবিধান পুনর্মুদ্রণ করা হয়। পরে রাষ্ট্রপক্ষ রায়ের দুটি অংশে পুনর্বিবেচনা চেয়ে আবেদন করলে গত ১১ মে আপিল বিভাগ রায় দেন।পুনর্মুদ্রিত সংবিধানের ৯৯ অনুচ্ছেদে বলা হয়, ‘কোন ব্যক্তি (এই সংবিধানের ৯৮ অনুচ্ছেদে বিধানাবলী অনুসারে অতিরিক্ত বিচারকরূপে দায়িত্ব পালন ব্যতীত) বিচারকরূপে দায়িত্ব পালন করিয়া থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের বা অপসারিত হইবার পর তিনি কোন আদালত বা কর্তৃপক্ষের নিকট ওকালতি বা কার্য করিবেন না এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োগলাভের যোগ্য হইবেন না।’