অবসরের আট বছর পরও শিক্ষক সমিতির নেতা!
বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি জহির উদ্দিন আহাম্মেদ শিক্ষকতা পেশা থেকে অবসর নিয়েছেন ২০০৩ সালে। তার পরও সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। একই ভাবে সাধারণ সম্পাদক আবদুল বারী অবসর নিয়েছেন ২০০২ সালে। তিনিও বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শিক্ষকনেতারা বলছেন, অবসর নিলেই সমিতির নেতা হওয়া যাবে না—এমন কথা সমিতির গঠনতন্ত্রে নেই। তবে এ নিয়ে সাধারণ শিক্ষকদের মধ্যে ব্যাপক অসন্তোষের খবর পাওয়া গেছে। ১৯৯০ সালের দিকে বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখা গঠিত হয়। তখন থেকে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন রাজশাহী কোর্ট একাডেমি স্কুলের সহকারী শিক্ষক আবদুল বারী। অপরদিকে রাজশাহীর মোহনপুর উপজেলার আত্রাই হাইস্কুলের প্রধান শিক্ষক জহির উদ্দিন আহাম্মেদ চাকরি থেকে অবসর নেন ২০০৩ সালে। তার পর থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সমিতির সূত্রে জানা গেছে, প্রতি তিন বছর অন্তর প্রতিটি উপজেলা থেকে সাতজন করে প্রতিনিধি নিয়ে ১০টি সাংগঠনিক উপজেলার ৭০ জন প্রতিনিধির ভোটের মাধ্যমে সমিতির নেতা নির্বাচন করা হয়। রাজশাহী শহরের দড়িখরবনা এলাকায় সমিতির কার্যালয় রয়েছে। এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আবদুল বারী। এ জন্য মাসে পাঁচ হাজার টাকা করে সম্মানী পান তিনি। সমিতি প্রতিবছর জেলার প্রতিটি উপজেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করে। এ ছাড়া প্রতি তিন বছর অন্তর জেলা সদরে বিশেষ ভোজের আয়োজন করে থাকে তারা। শিক্ষকদের একটি সূত্র জানিয়েছে, সমিতির নেতাদের স্বেচ্ছাচারিতার কারণে উপজেলা পর্যায়ের শিক্ষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। শিক্ষকনেতারা প্রকাশনা সংস্থার সঙ্গে চুক্তি করে সমিতিভুক্ত বিদ্যালয়গুলোতে বই দিয়ে লাখ লাখ টাকার লেনদেন করেন। এ নিয়ে সাধারণ শিক্ষকদের মধ্যেও অসন্তোষ রয়েছে। সম্প্রতি গোদাগাড়ী উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বিভক্ত গ্রুপের নেতারা তাঁদের বিদ্যালয়ের বুকলিস্টও আলাদা করে ফেলেছেন।গোদাগাড়ী উপজেলার প্রেমতলী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদুল হক বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহীর শাখার সাধারণ সম্পাদক আবদুল বারীর স্বেচ্ছাচারিতার কারণে তিনি সমিতি থেকে বের হয়ে এসেছেন। তাঁর সঙ্গে উপজেলার বেশির ভাগ বিদ্যালয়ের শিক্ষকেরাও চলে এসেছেন। তিনি অভিযোগ করেন, তাঁরা সমিতির গঠনতন্ত্র বোঝেনও না, মানেনও না। তাঁরা পুরোপুরি একনায়কতন্ত্র চালাচ্ছেন। সাধারণ শিক্ষকদের কথা বলার কোনো অধিকার নেই সেখানে। তাঁরা তাঁদের নিজেদের অনুগত শিক্ষকদের মধ্য থেকে প্রতিনিধি তৈরি করেন। এ জন্য নির্বাচনে তাঁদের বিরুদ্ধে আলাদা প্যানেল করার কোনো সুযোগ থাকে না। শাহাদুল হক আরও অভিযোগ করেন, বছরে বিদ্যালয়গুলোতে তিনটি করে পরীক্ষা হয়। প্রশ্নপত্র ও অন্যান্য ব্যয় বাবদ লাখ লাখ টাকার কারবার হয়। এ জন্য কোনো উপকমিটি গঠন না করে তাঁরা নিজেরাই সবকিছু করেন। তিনি বলেন, প্রকাশনা সংস্থার সঙ্গে বই নিয়ে যে চুক্তি হয়, তার একটি অংশ আদায় দেখানো হয়। পরবর্তী অংশ বাকি দেখানো হয়। যার কোনো হিসাব পরে আর দেওয়া হয় না। একই ধরনের অভিযোগ করেছেন বাঘা ও তানোর উপজেলার আরও কয়েকজন শিক্ষকনেতা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তরুণ শিক্ষক অভিযোগ করেন, এভাবে বছরের পর বছর অবসর নেওয়া শিক্ষকেরা পদ আগলে বসে থাকায় সমিতিকে গতিশীল করা সম্ভব হচ্ছে না। তাঁরা বলেন, নতুন নেতৃত্ব সৃষ্টির প্রয়োজনে তাঁদের এক্ষুনি পদ ছেড়ে দেওয়া উচিত। সব অভিযোগ অস্বীকার করে শিক্ষকনেতা আবদুল বারী বলেন, ‘শিক্ষকেরা আমাদের যোগ্য মনে করেছে বলে এই পদে রেখেছে। গত বছরের মার্চ মাসেও নির্বাচন হয়েছে। সেখানে আলাদা কোনো প্যানেলও দাঁড়ায়নি।’ আবদুল বারী বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির তিন-চারটি পক্ষ রয়েছে। তার মধ্যে দু-তিনজন বাদ দিয়ে কেন্দ্রীয় সব নেতাই অবসরপ্রাপ্ত শিক্ষক। সমিতির গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে অবসরপ্রাপ্ত শিক্ষকেরা নেতা হতে পারবেন না।শিক্ষকনেতা জহির উদ্দিন আহাম্মেদও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, ২০০৩ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।