অবসরের পর রাষ্ট্রীয় বাড়ি নেবেন না পাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরের পর পুনেতে রাষ্ট্রীয় বরাদ্দ করা বাড়ি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। সরকার নির্ধারিত স্থানটি নিয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের আপত্তি এবং বিভিন্ন মহলে বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নেন।চলতি বছরের জুলাইয়ে পাতিলের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পর পুনেতে বাড়ি করার জন্য পাঁচ একর জমি বরাদ্দ হয় বর্তমান রাষ্ট্রপতির নামে। এ নিয়ে আপত্তি তুলে অবসরপ্রাপ্ত পুনেভিত্তিক সেনাবাহিনীর কর্মকর্তাদের সংগঠন ‘জাস্টিস ফর জওয়ান’।সংগঠনটির অন্যতম কর্তাব্যক্তি সুরেশ পাতিল বলেন, অনেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তাঁদের নামে বরাদ্দ থাকা সত্ত্বেও বাড়ি পাচ্ছেন না। অথচ বাড়ি করতে রাষ্ট্রপতিকে পাঁচ একর জায়গা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি (রাষ্ট্রপতি) সাম্প্রতিক বিতর্ক নিয়ে হতাশ। তার পরও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না। কারণ, তিনি আমাদের সংবিধান ও তাঁর বিবেকের প্রতি শ্রদ্ধাশীল। বেশির ভাগ ক্ষেত্রে রাষ্ট্রপতিকে যে বিষয়টি আহত করেছে তা হলো তিনি নিরাপত্তা বাহিনীর জায়গায় নিজের বাসভবন গড়ার চিন্তা করছেন, যেটা অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য—এটা এক ধরনের অসংবেদনশীলতা।’বিবৃতিতে আরও বলা হয়, ‘অবসরের পর রাষ্ট্রপতি জীবিত অবস্থায় যদিও বাড়ি গ্রহণ করেন তবে সে বাড়ি তার মালিকানায় থাকবে না। আর নির্মাণকৃত বাড়িটি হস্তান্তরযোগ্য হবে।’ ভারতের নিয়ম অনুযায়ী অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি একটি বাড়ি পাবেন। তবে প্রতিভা পাতিলের বাড়ি নির্মাণ নিয়ে বেশ কয়েকটি কারণে বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে। এর অন্যতম তথ্য অধিকার আইন অনুযায়ী রাষ্ট্রপতির খরচের সম্প্রতি প্রকাশিত একটি হিসাব। ওই হিসাবে দেখা যায়, ২০০৭ সালের জুলাইয়ে ক্ষমতায় আসার পর প্রতিভা পাতিল বিদেশ সফর বাবদ ২০৫ কোটি রুপি খরচ করেছেন।