সরকারি চাকরিজীবীদের সঙ্গে সমানুপাতিক হারে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স না বাড়ানো কেন বেআইনি হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে আইনসচিব, জনপ্রশাসনসচিব ও মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। গত ২৬ ডিসেম্বর এক অধ্যাদেশে সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়। এর আগে ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি আইন সংশোধন করে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ করা হয়েছিল। এর প্রেক্ষাপটে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জামালউদ্দিন শিকদার গতকাল রোববার হাইকোর্টে রিট আবেদনটি করেন। আজ শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। পরে মুনসুরুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন ‘পাবলিক সার্ভেন্ট রিটায়ারমেন্ট অ্যাক্ট’ সংশোধন করে মুক্তিযোদ্ধাদের গৌরবোজ্জ্বল অবদানের জন্য এর আগে অবসরের বয়স দুই বছর বাড়ানো হয়। কিন্তু অধ্যাদেশের মাধ্যমে সাধারণ চাকরিজীবীদের অবসরের বয়স দুই বছর বাড়ানো হয়। কিন্তু মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স বাড়ানো হয়নি। তাই আইনে বাড়ানোর যে যৌক্তিক কারণ বলা হয়েছে তা থাকল না। এ কারণেই রিটটি করা হয়।