অবস্থা বুঝে বিশ্বব্যাংক ফিরে আসবে
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়নে ‘অবস্থা বুঝে’ বিশ্বব্যাংক ফিরে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘সকল দাতাগোষ্ঠীর সাহায্য দরকার। এডিবি, আইডিবি ও জাইকাকে সঙ্গে নিয়ে নিজস্ব অর্থায়নে সেতু করা হবে। আমরা সবার সাথে সুসম্পর্ক রাখতে চাই। বিশ্বব্যাংক অবস্থা বুঝে আমাদের কাছে আসবে।’ আজ বুধবার দুপুরে সুরঞ্জিত সেনগুপ্ত কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে ‘গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা ও বিরোধী দলের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এ আলোচনা সভার আয়োজন করে। ‘পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়নের চুক্তি বাতিল করায় দেশের মানুষের জন্য তা শাপে-বর হয়েছে’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা। উল্লেখ্য, দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি গত ২৯ জুন বাতিল করে বিশ্বব্যাংক। এরপর এডিবিও ২৯০ কোটি ডলারের এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়।এদিকে দাতা সংস্থা অর্থায়ন বাতিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা ঘোষণা করেন। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে নিজস্ব অর্থায়নে যতো দ্রুত সম্ভব এ সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়। বাসস।