অবস্থান, প্রতীকী অনশন, আমরণ অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রীর পদত্যাগসহ সাত দফা দাবিতে আগামী ১৩ সেপ্টেম্বর দেশের সব সড়কের পাশে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা। ওইদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদে সমাবেশে যোগ দেন ছাত্র-শিক্ষক-কবি-বুদ্ধিজীবী-পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ। বেলা সাড়ে ১১টার পর থেকেই সাধারণ মানুষ শহীদ মিনারে জড়ো হতে থাকেন। পূর্ব নির্ধারিত সময় দুপুর সাড়ে ১২টায় প্রতিবাদ সমাবেশটি শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।প্রতিবাদ সমাবেশ থেকে জানানো হয়, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ না করলে ১৩ সেপ্টেম্বরের পর তাঁরা প্রতীকী অনশন পালন করা হবে। এর পরও তিনি পদত্যাগ না করলে প্রয়োজনে আমরণ অনশন কর্মসূচি পালন করবে ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা। সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আজকে ঈদের এই আনন্দের দিনে আমরা অনেক বেদনা নিয়ে শহীদ মিনারে জড়ো হয়েছি। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে অনেক মানুষ। কোনো সভ্য দেশে এমনটা হতে পারে না। তাই আজকে আমাদেরকে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে শহীদ মিনারে দাঁড়াতে হয়েছে।’ তিনি আরও বলেন, রাষ্ট্র যখন দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, নাগরিক সমাজকে তখন সোচ্চার হতে হয়।মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মিশুক মুনীরের ছোট ভাই আসিফ মুনীর বলেন, ‘যাঁদের রক্তে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, শহীদ মিনার পেয়েছি, তাঁদের রক্তের ত্যাগ আমরা বৃথা যেতে দিতে চাই না। আজকে ঈদের দিনে সর্বস্তরের মানুষকে নিয়ে যোগ দিয়েছি শহীদ মিনারে। আমরা চাই সরকার আমাদের কথা শুনুক। আর যদি না হয় আমাদের সংগ্রাম দীর্ঘদিন চলবে।’প্রতিবাদ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাহিত্যিক সেলিনা হোসেন, রাজনীতিবিদ মাহমুদুল হক মান্না, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, মানবাধিকার কর্মী হামিদা হোসেন, জাদুশিল্পী জুয়েল আইচ, এটিএন বাংলার সাংবাদিক জ ই মামুন, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ বক্তব্য রাখেন।গত ২৪ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের মৃত্যুর প্রতিবাদ এবং স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবি করে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।এর পর সংবাদ সম্মেলন করে ৩১ আগস্টের মধ্যে যোগাযোগমন্ত্রীর পদচ্যুতি; গাড়ি চালকদের অবৈধ লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা; সড়ক ও পরিবহনখাতে দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া; গণপরিবহন ব্যবস্থায় দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা; সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিদ্যমান আইনটি কঠোর করা; চালকদের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং প্রশাসনের সর্বস্তরে কার্যকর জবাবদিহিতার কাঠামো প্রতিষ্ঠার সাত দফা দাবি জানানো হয়।