প্রতিরোধের মার্চ: বিদেশি পত্রিকায় ’৭১ আঙ্কারা নিউজ ম্যাগাজিন
অবস্থার উন্নতি হচ্ছে না
ইয়াহিয়া খানের প্রতিশ্রুতি ছিল, সরকার হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের। কিন্তু তা সম্ভবত আর হচ্ছে না। যেহেতু পূর্ব পাকিস্তানের পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং যেসব প্রতিবেদন পাওয়া যাচ্ছে, তাতে বেসামরিক প্রশাসনে ফিরে যাওয়া খুব দুরূহ বলেই মনে হচ্ছে। কিন্তু আসল কারণটি হচ্ছে, ডানপন্থী সেনাদলটি ক্ষমতার লাগাম ছেড়ে দিতে রাজি নয়, ক্ষমতা ধরে রাখতেই তাদের আগ্রহ।জেনারেল টিক্কা খানের জায়গায় বেসামরিক ব্যক্তিকে পূর্ব পাকিস্তানের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিদেশি কূটনীতিবিদ ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারাও এ পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। কারণ টিক্কা খান যত দিন গভর্নরের পদ ধরে রাখবেন, শূন্য ঘোষিত জাতীয় পরিষদের ৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো জুতসই কাউকে পাওয়া রীতিমতো অসম্ভব ব্যাপার হয়ে উঠবে।সামরিক চক্র মুসলিম লিগকে সমর্থন করে, কিন্তু গত ডিসেম্বরের নির্বাচনে এ দল জাতীয় পরিষদে একটি আসনও লাভ করেনি। সামরিক নেতাদের অন্য একটি বিকল্প হচ্ছে নুরুল আমিনের নেতৃত্বাধীন পাকিস্তান ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন করা। কিন্তু আমিনের সেই জনপ্রিয়তা নেই।বিমানবাহিনীর সাবেক প্রধান মার্শাল আসগর খান প্রস্তাব রেখেছেন, জাতীয় পরিষদকে সংবিধান প্রণয়নে ভূমিকা পালন করতে হবে। কিন্তু যতক্ষণ না আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান কারামুক্ত হচ্ছেন, ততক্ষণ পাকিস্তান ঐক্য প্রতিষ্ঠা সম্পূর্ণ অসম্ভব। আবার বর্তমান শাসনাধীনে তাঁর কারামুক্তিও অনিশ্চিত। (২০-২৬ সেপ্টেম্বর ১৯৭১ সংখ্যায় প্রকাশিত) অনুবাদ: এম এ মোমেন