অবহেলার জবাব দিয়েছে রাব্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি হতে এই বিদ্যালয় থেকে ওই বিদ্যালয়ে অনেক ঘুরেছে সে। কেউ তাকে ভর্তি করতে চায় না। কারণ সে দৃষ্টিপ্রতিবন্ধী। কত বিড়ম্বনা, কত অবজ্ঞা চারদিকে! তবু দমেনি সে। অনেক তদবির ও সংগ্রাম করে শেষে দামপাড়া পুলিশ লাইন স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিল তৌফাতুর রাব্বী। দুই বছর আগের সেই বিড়ম্বনা আর অবহেলার কথা এখনো মনে আছে তার। এবার এসএসসিতে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সেই অবহেলার একটা জবাবও দিল রাব্বী।দামপাড়া পুলিশ ইনস্টিটিউট স্কুল থেকে এবার মোট ২১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯৮ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। মানবিকে পেয়েছে মাত্র দুজন। আর পুরো বোর্ডে পেয়েছে ৭৫ জন। এদের একজন রাব্বী। তাই অনেককে ছাড়িয়ে যাওয়ার আনন্দে আজ মেতেছে সে। রাব্বী এখন স্বপ্ন দেখে উচ্চশিক্ষার।আজকের এই সাফল্যের জন্য রাব্বী কৃতজ্ঞচিত্তে স্মরণ করল তৎকালীন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার আলী আকবরকে। রাব্বী বলল, ‘তিনি সহায়তা না করলে অষ্টম শ্রেণীতেই শেষ হয়ে যেত আমার লেখাপড়া।’ ২০০৮ সালে এ নিয়ে প্রথম আলোর সম্পাদকীয় পাতায় নিবন্ধও ছাপা হয়েছিল।চট্টগ্রাম দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল থেকে রাব্বী ২০০৮ সালে অষ্টম শ্রেণী পাস করে। এর বেশি পড়ালেখার সুযোগ ওই বিদ্যালয়ে নেই। কিন্তু রাব্বী আরও এগিয়ে যেতে চেয়েছিল। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় কোনো বিদ্যালয় তাকে ভর্তি করতে চায়নি। বাবা ব্যাংক কর্মকর্তা কামাল উদ্দিন, মা তাহরীর-ই-শাহনাজ ও দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদের হাত ধরে নগরের অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ধরনা দিয়েছে। কাজ না হওয়ায় জেলা প্রশাসক, বোর্ড চেয়ারম্যান পর্যন্ত গিয়েছিল সে। তাতেও কোনো কাজ হয়নি।পরে তৎকালীন নগর পুলিশ কমিশনারের সুপারিশে রাব্বী পুলিশ ইনস্টিটিউট স্কুলের নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পায়। আর ভর্তির পর থেকে সে তার মেধার স্বাক্ষর রাখছিল। পুলিশ ইনস্টিটিউট স্কুলের প্রধান শিক্ষক আখতার হোসেন বলেন, ‘যখন কোনো স্কুল তাকে নিচ্ছিল না, তখন আমরা তাকে ভর্তি করেছিলাম। আমি বরাবরই তাকে নিয়ে আশাবাদী ছিলাম। কারণ সে খুব মনোযোগী ছাত্র ছিল। তার প্রমাণ রাখল সে।’শুধু নিজের জন্য নয়, রাব্বী ভাবে তার মতো সুবিধাবঞ্চিত অন্য প্রতিবন্ধীদের কথাও। দৃষ্টিপ্রতিবন্ধীরা যে কত অসহায় তা সে পদে পদে উপলব্ধি করেছে। রাব্বী বলল, ‘আমাদের দেশে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কোনো সুযোগ-সুবিধা নেই। সবাই এমনিতে বড় বড় কথা বলে। ব্রেইল-পদ্ধতির বইপত্র অনেক দামি। সবাই এই বই কিনতে পারে না। তাই দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতি সরকারের দৃষ্টি দেওয়া উচিত।’রাব্বীর মতে, সুযোগ পেলে প্রতিবন্ধীরাও সবাইকে ছাড়িয়ে যেতে পারে। আজকের এই সাফল্যের জন্য সে কৃতজ্ঞ দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদ ও প্রাইভেট শিক্ষক মুনতাসীর মামুনের প্রতি। আবদুস সামাদ বলেন, ‘যখন তাকে কোনো বিদ্যালয়ে ভর্তি নিচ্ছিল না, তখন আমি তাঁদের বলেছিলাম, আমার এই ছাত্র আপনাদের অনেক স্বাভাবিক ছাত্রকে ছাড়িয়ে যাবে। আজ সে এটা প্রমাণ করল।’রাব্বী এখন চট্টগ্রাম কলেজে পড়ার স্বপ্ন দেখছে। কে জানে, স্বপ্নপূরণে রাব্বীকে আরও কত সংগ্রাম করতে হবে!