অবহেলায় খুলনা-মংলা মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-মংলা জাতীয় মহাসড়ক মেরামতের কাজ প্রায় দুই মাস বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার বর্ধিত কাজের দর পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়ে কাজ বন্ধ রেখেছেন। কিন্তু সড়ক বিভাগ আগের দরেই ঠিকাদারকে কাজ করতে বলেছে। মেরামত সম্পন্ন না হওয়ায় এই সড়কে চলাচল করতে সাধারণ যাত্রী, পর্যটক ও ব্যবসায়ীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসন্ন বর্ষায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সড়কসংশ্লিষ্ট এলাকার সাংসদেরা, মংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), মংলায় স্থাপিত বিভিন্ন শিল্পকারখানা ও খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সড়কটির সংস্কারকাজ দ্রুত শেষ করার জন্য বাগেরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে লিখিত ও মৌখিক তাগাদা দেওয়া হচ্ছে।খুলনা-মংলা জাতীয় মহাসড়ক ঢাকার সঙ্গে খুলনা ও বরিশালের একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে। মংলা সমুদ্রবন্দর, মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, মংলা শিল্প এলাকা, নৌবাহিনী ও কোস্টগার্ড পশ্চিম জোনের ঘাঁটিসহ বিভিন্ন কারণে এই সড়ক অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ। তা ছাড়া প্রতিদিন দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বহু পর্যটক এই পথে মংলা হয়ে সুন্দরবন ভ্রমণে যান। বাগেরহাট সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রের বিবরণ অনুযায়ী, ঢাকা সড়ক ভবনের নিয়ন্ত্রণাধীন ‘পিরিওডিক মেইনটেনেন্স প্রকল্পের’ (পিএমপি) আওতায় প্রায় ২০ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করে ২০১১ সালের ২ মার্চ এই মহাসড়কের মংলার দীঘরাজ থেকে কুদির বটতলা পর্যন্ত সাড়ে ৩০ কিলোমিটার সংস্কারকাজের দরপত্র গ্রহণ করা হয়। আট মাস পর ২০১২ সালের ৩ জানুয়ারি কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে একটি বর্ষা মৌসুম অতিবাহিত হয়ে সড়ক আরও ক্ষতিগ্রস্ত হয়। ১০ জানুয়ারি ঠিকাদার সড়কের মেরামতকাজ শুরু করেন। ১৫ মার্চ পর্যন্ত তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের মেরামতকাজ শেষ হয়। এর পর থেকে গত প্রায় দুই মাস কাজ বন্ধ রয়েছে। মংলা বন্দরের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) কাজী মোক্তাদির হোসেন বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কের একটি বড় অংশ একেবারেই চলাচলের অনুপযোগী। এতে বন্দরের পণ্য পরিবহন বিঘ্নিত হচ্ছে।মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) মহাব্যবস্থাপক প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘খুলনা-মংলা জাতীয় মহাসড়ক চলাচলের অনুপযোগী। এ কারণে বিদ্যমান কারখানাগুলো বেনাপোল স্থলবন্দর ও চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কাঁচামাল ও রপ্তানিপণ্য আনা-নেওয়ায় ঝামেলা পোহাচ্ছে। বিদেশিরা এখানে বিনিয়োগে অনাগ্রহ দেখাচ্ছেন। আমরা রাস্তার সমস্যাটি বেপজাকে জানিয়েছি, বাগেরহাট সড়ক বিভাগকেও বলেছি।’ বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মিনা রাকিবুল হাসান বলেন, ‘ভাঙা রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। চলাচলে সময় বেশি লাগছে এবং বাসের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। তাই দ্রুত সড়কটির মেরামতকাজ শেষ করার দাবি জানাচ্ছি।’বাগেরহাট সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনোয়ার উজ জামান বলেন, ‘দরপত্র আহ্বানের সময় লকপুর, কাটাখালী ও চন্দ্রমহল এলাকায় প্রায় সোয়া দুই কিলোমিটার মহাসড়ক বেশি ক্ষতিগ্রস্ত ছিল। গত বর্ষা মৌসুম শেষে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় পৌনে পাঁচ কিলোমিটার। এ বিষয়ে দরপত্রে উল্লিখিত টাকার সঙ্গে সংগতি রেখে ৩০ জানুয়ারি একটি পার্থক্য প্রতিবেদন (ভ্যারিয়েশন রিপোর্ট) প্রধান প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়। সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গত ১০ এপ্রিল ক্ষতিগ্রস্ত সড়ক এলাকা পরিদর্শন করে ওই দরপত্রের আওতায় অধিক ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক মেরামতের পরামর্শ দেয়। ঠিকাদার অতিরিক্ত সোয়া দুই কিলোমিটারের কাজ ২০১১ সালের দরে পুনর্নির্ধারণের আবেদন করেন। আমরা ঠিকাদারকে মূল দরপত্র অনুযায়ী কাজ শেষ করার পরামর্শ দিয়েছি। কিন্তু তিনি (ঠিকাদার) বিভিন্ন সময়ে আশ্বাস দিয়েও কাজ শুরু করেননি। ফলে প্রায় দুই মাস কাজ বন্ধ রয়েছে।’নির্বাহী প্রকৌশলী জানান, সড়কটি দ্রুত সংস্কারের জন্য বেপজা, মংলা বন্দর কর্তৃপক্ষ ও খুলনা বিভাগীয় কমিশনার ও বাগেরহাট জেলা প্রশাসকের দপ্তর থেকে প্রতিনিয়ত তাগাদা দেওয়া হচ্ছে।কাজ বন্ধ রাখা সম্পর্কে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দি রিলায়েবল বিল্ডার্স’-এর স্বত্বাধিকারী এস আলম বলেন, ‘আমরা দরপত্র দাখিল করেছিলাম ২০০৮ সালের দরে। দেরিতে কার্যাদেশ দেওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। এর মধ্যে সড়ক আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্মাণসামগ্রী বিশেষ করে বিটুমিন, ডিজেল ও পাথরের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বর্তমান দরে মালামাল কিনে কাজ করলে আমাদের প্রায় ছয় কোটি টাকা ক্ষতি হবে।’ এস আলম আরও বলেন, ‘বাস্তব অবস্থা বিবেচনা করে কর্তৃপক্ষ ২০১১ সালের নতুন দরের সঙ্গে আমাদের দরপত্রটির সমন্বয় করে দিতে পারতেন, কিন্তু তা হয়নি। আমরা এখন শুধু বর্ধিত (সোয়া দুই কিলোমিটার) কাজের দর পুনর্নির্ধারণ করতে সড়ক বিভাগকে অনুরোধ করেছি। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ করা নিয়ে আমরাও চিন্তিত।’ ঠিকাদার ও সওজের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ছয় মাস আগেও বিটুমিনের দর ছিল টনপ্রতি ৪০ থেকে ৪২ হাজার টাকা। তা বেড়ে এখন ৭২ হাজার টাকায় দাঁড়িয়েছে। একই সময়ের ব্যবধানে পাথরের দাম বেড়েছে প্রতি সিএফটিতে ২৫ থেকে ৩০ টাকা। গত এক বছরে লিটারপ্রতি ডিজেলের দাম বেড়েছে প্রায় ১৭ টাকা। বর্তমান দরে মালামাল কিনে ২০০৮ সালের দরে কাজ শেষ করলে ওই তিনটি উপকরণেই ঠিকাদারের ক্ষতি হতে পারে প্রায় সাড়ে চার কোটি টাকা।