অবহেলায় জেব্রার গায়ের ডোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কালোর ওপর সাদা’ নাকি ‘সাদার ওপর কালো’ দাগ—জেব্রার শরীরের এই সাদা-কালো নকশা নিশ্চয় অনেককেই ভাবায়। তবে পিচঢালা কালো পথে সাদা রেখা টানা জেব্রা ক্রসিং নিয়ে নগরকর্তারা কী ভাবছেন? নগরের পথে পথে জেব্রা ক্রসিং নিয়ে কর্তৃপক্ষ আর পথচারীর মধ্যে বিভ্রান্তির শেষ নেই। নগরের সড়কগুলো থেকে জেব্রা ক্রসিংগুলো হারিয়ে যাচ্ছে। তাই পথচারীরা এলোপাতাড়িভাবে রাস্তা পার হতে গিয়ে পড়ছে দুর্ঘটনায় আর বাড়াছে যানজট। কোথাও আবার ক্ষীণ হয়ে যাওয়া জেব্রা ক্রসিংয়ের রেখা খুঁজতে সন্ধানী দৃষ্টি প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পথচারীদের নির্বিঘ্নে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। আর আমাদের এই নগরে কোনো পরিকল্পনা ছাড়াই পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহারের আদেশ জারি করেছে বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।জেব্রা ক্রসিং নেই, সচেতনতাও নেইসোনারগাঁও হোটেলের মোড়ে রাস্তা পার হওয়ার জন্য পথচারীদের উপচে পড়া ভিড় থাকে সব সময়। সিগন্যালে গাড়ি থামতেই মানুষের সারি নেমে পড়ে পথে। বিক্ষিপ্তভাবে তাদের ছোটাছুটি আর রাস্তা পার হওয়ার হিড়িক দেখে বোঝাই যায় জেব্রা ক্রসিংয়ের ব্যবহার সম্পর্কে সচেতনতার অভাবটা। এ বিষয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য বললেন, ‘এই মোড়ে জেব্রা ক্রসিং আছে হোটেল সোনারগাঁওয়ের সামনে। দরকার আরও।’ ঠিক একই দশা পান্থপথ, শাহবাগ, নিউমার্কেট, মানিক মিয়া এভিনিউসহ নগরের অধিকাংশ রাস্তার। পথচারীদের ভিড় থাকলেও তাদের নির্বিঘ্নে রাস্তা পারাপারের জন্য নেই প্রয়োজনীয় জেব্রা ক্রসিং। থাকলেও তা ব্যবহারে আগ্রহ নেই পথচারীদের।নিয়ম অনুযায়ী প্রতিটি রাস্তায় জেব্রা ক্রসিং থাকা বাধ্যতামূলক। এ প্রসঙ্গে নগরের রাস্তায় জেব্রা ক্রসিং বানানোর দায়িত্বে থাকা ঢাকা সিটি করপোরেশনের (যান্ত্রিক-২) বিভাগের সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘একটি চার রাস্তার মোড়ে, মোড় থেকে প্রায় ১০ ফিট দূরত্বে পথচারীদের পারাপারের জন্য জেব্রা ক্রসিং থাকার নিয়ম আছে। যেসব রাস্তায় মাত্র দুই লেন রয়েছে, সেখানেও পথচারীদের পারপারে জেব্রা ক্রসিং থাকা উচিত।’ সড়ক দুর্ঘটনা এড়াতে জেব্রা ক্রসিংয়ের কোনো বিকল্প নেই বলেও জানালেন তিনি। জেব্রা ক্রসিং নির্মাণের দায়িত্ব থাকা এই কর্মকতা নিজেও অপ্রতুল জেব্রা ক্রসিংয়ের কথা স্বীকার করে বলেন, ‘ডিসিসির ট্রাফিক প্রকৌশল বিভাগ থেকে জেব্রা ক্রসিং বানানোর যাবতীয় পরিকল্পনা করা হয়। কোন রাস্তায় জেব্রা ক্রসিং করতে হবে, কোনটাতে পুনরায় রং করতে হবে, কোথায় জেব্রা ক্রসিং দরকার আর দরকার নয়, এসব বিষয়ে আমাদের কিছু করার নেই। শুধু রাস্তায় দাগ টেনে জেব্রা ক্রসিং আঁকার দায়িত্বটা আমাদের।’ হেলাফেলায় জেব্রা ক্রসিং১ নভেম্বর থেকে বিআরটিএ কর্তৃপক্ষ তাদের আইনের ৫৩ ধারা অনুযায়ী নগরের পথচারীদের জেব্রা ক্রসিং দিয়ে হাঁটার আদেশ দিলেও জেব্রা ক্রসিংগুলোর বর্তমান হাল সম্পর্কে বোধহয় তারা জানে না।আসাদগেটের পাশে রয়েছে একটি মলিন জেব্রা ক্রসিং। পিচঢালা কালো পথে মিইয়ে গেছে জেব্রা ক্রসিংয়ের সাদা রেখা। নিউমার্কেট ১ নম্বর গেট থেকে নীলক্ষেত যাওয়ার পথে এ ধরনের একটি জেব্রা ক্রসিংয়ে পদধূলি পড়তে পারে। জেব্রা ক্রসিং ছিল, কিন্তু এখন প্রায় মুছে গেছে এ রকম জেব্রা ক্রসিংয়ের সংখ্যা নগরে কম নয়। বানের জলে কিংবা গাড়ির চাকার ঘষায় নয়, পরিচর্যাহীন দীর্ঘদিন পড়ে থাকার ফলেই জেব্রা ক্রসিংগুলোর এহেন দশা বলে জানালেন ডিসিসির এক কর্মকর্তা।বিআরটিএর পরিচালক (অ্যানফোর্সমেন্ট) তপন কুমার সরকারের ভাষ্যমতে, ‘জেব্রা ক্রসিংয়ের নিয়ম অনুযায়ী জেব্রা ক্রসিংয়ের সামনেই একটি সাদা রেখা টানা থাকে। ওই রেখার সামনেই গাড়িগুলো থামবে। দাগের সামনে বা দাগের ওপর গাড়ি রাখা আইনত দণ্ডনীয়।’ এ ব্যাপারে সোনারগাঁওয়ের মোড়ে কর্মরত ট্রাফিক সার্জেন্ট আশরাফ বলেন, ‘চালকদের গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিলেও তারা কেউই ঠিক জায়গায় গাড়ি থামায় না।’ ‘জেব্রা ক্রসিং থাকলে কী হবে? তার ওপর তো গাড়ি দাঁড়িয়ে থাকে। আমরা কি গাড়ির ওপর দিয়ে রাস্তা পার হব নাকি?’ প্রশ্নের সুরে কথাটি বললেন বাংলামোটর মোড়ের এক পথচারী।এ ছাড়া একসময় রাস্তা পারাপারের জায়গা সড়ক বিভাজক বানিয়ে বন্ধ করে দেওয়ায় নগরের অনেক জেব্রা ক্রসিং পরিহাসে পরিণত হয়েছে। মিরপুর ১ নম্বর থেকে মিরপুর ১০ নম্বর যাওয়ার পথে সড়ক বিভাজক আর কাঁটাতারে কাটা পড়া জেব্রা ক্রসিংয়ের দেখা মিলবে।জেব্রা ক্রসিংয়ে দুই রূপছোটবেলায় পাঠ্যবইয়ে যাঁরা জেব্রা ক্রসিং সম্পর্কে পড়েছেন, তাঁরা বোধহয় জানেন, কালো রাস্তার ওপর সারিবদ্ধভাবে সাদা রেখা টানা সমান্তরাল রেখাগুলোকেই বলা হয় জেব্রা ক্রসিং। সড়কে লালবাতি জ্বললে গাড়ি থামবে এবং পথচারীরা ওই জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হবে। পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও এখন দুই ধরনের জেব্রা ক্রসিং রয়েছে বলে জানালেন, ডিসিসির যান্ত্রিক বিভাগের প্রধান কর্নেল মো. শামীম। তিনি বলেন, ‘সলিড লাইনগুলো এত দিন পর্যন্ত আমাদের এখানে জেব্রা ক্রসিং হিসেবে পরিচিত হলেও, এখন নতুন করে কিছু রাস্তায় ব্রোকেন বা ডটেড লাইনের জেব্রা ক্রসিং বসানো হচ্ছে। যেসব মোড়ে পথচারী পারাপারের জন্য অটোমেটিক সিগন্যাল রয়েছে, সেসব জায়গায় ব্রোকেন লাইনের জেব্রা ক্রসিং বসানো যাবে।’নেই প্রচারণা, নেই পরিকল্পনাওয়াক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি ট্রাস্ট) কয়েক দিন আগে শাহবাগ মোড়ে একটি মানববন্ধন করে জেব্রা ক্রসিংগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায়। ডিসিসি এখনো ফরমায়েশ পেলে মাঝেমধ্যে বিভিন্ন স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং করে দেয়। যেমন সর্বশেষ তারা মগবাজার ইস্পাহানি স্কুলের সামনে জেব্রা ক্রসিং বসিয়েছে মাসখানেক আগে। এ ছাড়া প্রায় বছরখানেক আগে হোটেল সোনারগাঁওয়ের সামনে জেব্রা ক্রসিং বসিয়েছে ডিসিসি।এ বছর বিজয় দিবসের আগে ও আগামী বছর ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগেই নগরের বেশ কিছু রাস্তায় জেব্রা ক্রসিংগুলো পুনরায় রং করা হবে বলে জানালেন যান্ত্রিক ২-এর সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান।রাস্তা পারাপারে জেব্রা ক্রসিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে ডব্লিউবিবি ট্রাস্ট। এর প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মাহবুবুল আলম বলেন, পথচারীদের নিরাপদ রাস্তা পারাপারে জেব্রা ক্রসিংয়ের বিকল্প নেই। অথচ ঢাকায় জেব্রা ক্রসিংয়ের বিকল্প হিসেবে ফুটওভারব্রিজ তৈরি হচ্ছে। ফুটওভারব্রিজ দিয়ে প্রতিবন্ধী, বয়স্ক মানুষ, গর্ভবতী নারীরা পার হতে গিয়ে ভোগান্তিতে পড়েন। তাই নগরের সড়কে জেব্রা ক্রসিং বেশি দরকার। আর জেব্রা ক্রসিংয়ের সামনে ‘ধীরে চলুন, সামনে জেব্রা ক্রসিং’ লেখা সাইনবোর্ড লাগাতে হবে। আগে নগরে এমন সাইনবোর্ড দেখা যেত। কিন্তু এখন জেব্রা ক্রসিং যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি হারিয়ে যাচ্ছে সাইনবোর্ড।