অবহেলায় ঝরে গেল আরও একটি প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নারী দিবসের ঘোষণার শতবর্ষ পালিত হলো ৮ মার্চ। এ দিনটিকে ঘিরে কত আয়োজন। নারীর অধিকার, নারীর ক্ষমতায়নসহ নানা বিষয় উঠে এসেছে এসব কর্মসূচিতে। চারদিকে যখন এত আয়োজন, সে সময় ৪ মার্চ হাসপাতালের সামনে চিকিত্সার অভাবে প্রসূতি এক মা মৃত্যুবরণ করেন। একসঙ্গে দুটি মৃত্যু। পৃথিবীতে আসার অপেক্ষায় ছিল আরেকটি প্রাণ। যখন নারীকে ঘিরে এত আয়োজন, এত অনুষ্ঠান, তখন চিকিত্সার অভাবে অকালে প্রাণ হারাবে এক নারী? এমন প্রশ্ন সবার মনে। তাহলে কী করণীয় আমাদের। সাত মাসের অন্তঃসত্ত্বা মাহিনূর আক্তার। দুই বছর বয়সী ছেলে শাওন। স্বামী ও মাকে ঘিরে তাঁর ছোট্ট সুখের সংসার। বর্ধিত পল্লবীর স্থানীয় একটি ক্লিনিকে শারীরিক পরীক্ষা করানোর জন্য সকালে বের হন। চিকিত্সা শেষে বাড়ির দিকেই ফিরছিলেন। হয়তো অনাগত সন্তানের কথা ভাবছিলেন। কিংবা সংসারের নতুন অতিথির জন্য নতুনভাবে স্বপ্নের জাল বুনছিলেন। সে কথা আমরা কোনো দিনই জানতে পারব না। মিনিট পাঁচেকের মধ্যেই নিজের ঘরে পৌঁছে যেতেন। হঠাৎ ঘটে দুর্ঘটনা। রাস্তায় একজন অসাবধানতায় গাড়ি ঘোরাচ্ছিলেন তাতেই মারাত্মকভাবে আহত হন মাহিনূর। রাস্তায় লুটিয়ে পড়েন। পাশের দোকানে ছিলেন মাহিনূর আক্তারের প্রতিবেশী সোহেল। তিনি দৌড়ে আসেন। কয়েকজনকে ডাকাডাকি করে তাঁকে স্থানীয় ক্লিনিকে নেন। সেখানে চিকিৎসা সম্ভব নয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। তবে দয়াবশত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় মিরপুর আধুনিক হাসপাতালে। ‘প্রথমে তাঁকে ট্রলিতে করে একটা কেবিনে নেই। তখনো তাঁর নিঃশ্বাসের শব্দ শুনছিলাম। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালের স্টাফ আসেন ভর্তি ফি নিতে। তখন বললাম, এই মুহূর্তে তো টাকা নেই। আমি তাঁকে চিনি। চিকিৎসা শুরু করেন। টাকাসহ পরিবারের লোকদের ডেকে আনছি। তখন চিকিৎসক এলেন। বললেন, টাকা দিতে না পারলে রোগীকে বের করে দাও। তখন তাঁদের হাতে-পায়ে ধরলাম। দুর্ঘটনা ঘটেছে ১১টার দিকে। মাঝে এক ঘণ্টা চলে গেছে। চিকিৎসা তখনো শুরু হয়নি। সেখানে একজন এগিয়ে আসেন। বলেন, রোগীর দায়িত্ব আমার। সঙ্গের লোকটিকে যেতে দিন। বাড়ির লোকজন ডেকে নিয়ে আসুক। তারা তা বুঝলেন না। মাহিনূর বেগমকে হাসপাতালের গেটের সামনে রেখে এলেন। কর্তব্যরত চিকিৎসক বললেন, আগে টাকা আনেন, চিকিৎসা শুরু হবে। তাঁকে ওই অবস্থায় রেখে এলাম খবর দিতে। তাঁর মাকে পাঠালাম। দোকান বন্ধ করে গিয়ে দেখলাম সব শেষ। তখন স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে হাসপাতাল ভাঙচুর করে। পুলিশ আসে। জনগণ পল্লবী থানায় মামলা দায়ের করে। পরে বিকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী সোহেল। ঘটনার পরদিন মাহিনূর আক্তারের বাড়ির খোঁজ করছিলাম। প্রথমে এক পথচারী নিয়ে যায় দুর্ঘটনাকবলিত স্থানে। রক্তের দাগ তখনো মুছে যায়নি। দুয়ারীপাড়ার ছোট্ট ঘরে গিয়ে জানতে পারলাম লাশ শ্বশুরবাড়িতে নিয়ে গেছে। তাঁদের প্রতিবেশীদের সঙ্গে গেলাম সেখানে। মাহিনূর আক্তারের স্বামী আরমান দাঁড়িয়ে আছেন স্ত্রীর লাশের সামনে। কী করবেন, কী বলবেন কিছুই যেন বুঝতে পারছেন না। বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করেন। দুর্ঘটনার দিন সকালে বেরিয়ে যান। দুপুর একটার দিকে জানতে পারেন দুঃসংবাদটি। সঙ্গে সঙ্গে চলে যান হাসপাতালে। গিয়ে দেখেন হাসপাতালের গেটের সামনে স্ত্রীর নিথর দেহ পড়ে আছে। দেখতে পারলেন না অনাগত সন্তানটির মুখও। মায়ের লাশের পাশে খেলছিল শাওন। ছোট্ট শিশুটি বুঝতে পারছে না কী হারিয়েছে সে। শুধু একটু পরপর বলছিল, ‘মা ঘুমিয়ে আছে।’ মাহিনূরের মা আমেনার আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। তিনি বলেন, ‘দুই ঘণ্টা আমার মেয়েটা হাসপাতালে পড়েছিল। তাঁরা চিকিৎসা করেনি। গরিব মানুষ কি এভাবেই মরবে? তাদের জন্য কি চিকিৎসা নেই? এই নাতিটার কী হবে। মা ছাড়া কীভাবে বড় হবে। সব চিন্তা এখন ওকে নিয়েই।’এ ঘটনাটি শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, সভ্যদেশের তুলনায় আমাদের দেশে এখনো মাতৃমৃত্যুর হার বেশি।আর এমন মৃত্যুর দায়ভার আমাদের সবার।এই মৃত্যুর জন্যআমরাও দায়ী। কেননা প্রাথমিক সেবাটা যদি কেউ না পায়, তাহলে তা দুঃখজনক। এই মৃত্যুর জন্যযাঁরা দায়ী, তাঁরা নারী ও শিশুরও আগামীপ্রজন্মকে অবমাননা করেছেন। এর জন্যআইনি ব্যবস্থাও থাকা উচিত। সরকার স্বাস্থ্যখাতে বিনিয়োগ করছে। কিন্তু ফলাফল আশাব্যঞ্জক নয়।কেউ যদি এ ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন তবে তা ঠিক নয়।কেননা ক্রমাগত এ ঘটনা ঘটতে থাকলে তা বিচ্ছিন্ন নয়।যা আমাদের মাতৃ মৃত্যুহারটা দেখলে বোঝা যায়। পার্শ্ববর্তী দেশ ভারতে জরুরি সেবাটা প্রত্যেকের জন্যবাধ্যতামূলক করা হয়েছে। আমাদের দেশেও এমন করা উচিত। এ বিষয়ে আমাদের আরও সোচ্চার হতে হবে।সচেতন হতে হবে।যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সমাজের পাশাপাশি বড় দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই।