অবহেলায় নজরুলের ভাস্কর্য
‘...এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’ নিয়ে বাংলা সাহিত্যে ধূমকেতুর মতোই নজরুলের আবির্ভাব। কবিতায় সাম্য আর প্রেমের অপূর্ব সংমিশ্রণ ঘটানো এই বিদ্রোহী কবি সমাহিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। তাঁর স্মৃতিকে ধরে রাখতে ঢাকায় তৈরি হয়েছে বিভিন্ন ভাস্কর্য। নগর ঘুুরে এগুলোর বর্তমান হাল-হকিকত জানাচ্ছেন তানজিল আহমদকাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ম্যুরালফার্মগেট থেকে শাহবাগ চলে যাওয়া সড়কটিই কাজী নজরুল ইসলাম এভিনিউ। এ সড়কেই কারওয়ান বাজার সার্ক ফোয়ারার বিপরীতে ছিল কাজী নজরুল ইসলামের ম্যুরাল। এটি এখন সরিয়ে ব্যাংক এশিয়ার সামনের ফুটপাতে বসানো হয়েছে। আগে যেখানে ছিল, সেখানেই বেশি মানুষের চোখে পড়ত ম্যুরালটি। এখন একটু কমই পড়বে। ম্যুরালটির সামনে দিয়ে চলে গেছে কিছু বৈদ্যুতিক তার। এ সড়কেই শাহবাগ মোড়ে (বারডেম হাসপাতালের সামনে) রয়েছে কাজী নজরুল ইসলামের আরও একটি ম্যুরাল। এর দুপাশেই গড়ে উঠেছে টং দোকান। দোকানের পলিথিনের ছাউনির রশি বাঁধা হয়েছে ম্যুরালের অংশে। ফ্লেক্সিলোডের একটি ছোট ব্যানারও ঝুলছে সেখানে। পেছনে পুরোনো কাঠ ও বাক্স দেখা গেছে। ম্যুরালে কাজী নজরুল ইসলামের নামের পাশাপাশি জন্ম-মৃত্যুর তারিখ ও স্থান লেখা রয়েছে। কবে ম্যুরালটি স্থাপন করা হয়েছে তার উল্লেখ নেই। ম্যুরাল থেকে জানা যায়, জাতীয় পর্যায়ে নজরুল জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটি ও নজরুল ইনস্টিটিউট এটি স্থাপন করে। ম্যুরালের নিচের অংশ ফাঁকা রয়েছে যেখানে উদ্বোধনের তারিখ, উদ্বোধক ও শিল্পীর নাম উল্লেখ থাকে। দুটো ম্যুরালের ওপরই সারা বছর বিভিন্ন পণ্যের পোস্টার সাঁটা থাকে। নজরুলের জন্ম ও মৃত্যুবার্ষিকী এলেই কেবল একটু যত্নের ছোঁয়া পায় স্থাপনা দুটো।বাংলা একাডেমীতে মঞ্চঅমর একুশে বইমেলায় বাংলা একাডেমী প্রাঙ্গণে প্রচুর ভিড় হয়। বর্ধমান হাউসের ঠিক সামনে বিশালাকার বটগাছের নিচে দেশের খ্যাতনামা লেখক, কবির মেলা বসে। আর অন্যান্যের কথা তো বলার অপেক্ষাই রাখে না। বটতলায় ইট-সিমেন্টে তৈরি হয়েছে ছোট্ট একটি মঞ্চ। এ মঞ্চের ওপরই লেখক, কবি ও সাহিত্যিকেরা বইমেলায় প্রকাশিত বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করেন। তাঁদের ঘিরে থাকে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সাধারণ মানুষ। যে মঞ্চের ওপর এত কিছু হয় তার নাম নজরুল মঞ্চ। মঞ্চে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ভাস্কর্য। তবে শিল্পী কিংবা উদ্বোধনের তারিখ-সংবলিত কোনো নামফলক নেই। বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৫ জুন নজরুল মঞ্চ উদ্বোধন ও নজরুল ভাস্কর্য উন্মোচন করা হয়। নজরুলের ভাস্কর্যটি তৈরি করেছেন শিল্পী হামিদুজ্জামান এবং নজরুল মঞ্চ রূপায়িত করেছেন শিল্পী সৈয়দ লুৎফুল হক।নজরুল মঞ্চের পেছনে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছ মঞ্চের সৌন্দর্য বৃদ্ধি করছে। কিন্তু গাছে যে পাখিরা আশ্রয় নেয় তার খবর হয়তো রাখে না কর্তৃপক্ষ। গত বুধবার নজরুল মঞ্চে গিয়ে দেখা গেছে, পুরো নজরুল মঞ্চ পাখির বিষ্ঠায় অপরিকল্পিত এক নকশায় পরিণত হয়েছে। এর হাত থেকে বাদ যায়নি নজরুলের ভাস্কর্যটিও। এটির ওপর পাখির বিষ্ঠায় ভাস্কর্যের রং বদলে গেছে। দেখে অনুমান করা যায়, এটি পরিষ্কার করা হয় না অনেক দিন।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বাংলা একাডেমী তৈরি করেছে নজরুল স্মৃতিকক্ষ। বর্ধমান হাউসের দ্বিতীয় তলায় অবস্থিত এ কক্ষে রয়েছে নজরুলের রচিত এবং তাঁকে নিয়ে প্রকাশিত বিভিন্ন গ্রন্থ। এ কক্ষ সব সময়ই বন্ধ থাকে এবং সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তবে যাঁরা নজরুলকে নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য কক্ষটি খুলে দেওয়া হয়। এ ছাড়া কেউ যেতে চাইলে কর্তৃপক্ষের কাছে আবেদন করে অনুমতি নিতে হবে। কক্ষের সামনে নজরুলের একটি ভাস্কর্য রয়েছে। তবে তা কার তৈরি এর উল্লেখ নেই।এফডিসিতে ভাস্কর্যবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ভেতরে কাজী নজরুল ইসলামের একটি ভাস্কর্য রয়েছে। ভাস্কর্যের সামনে ছোট একটি বাগানও রয়েছে। কিন্তু এটি যে নজরুলের ভাস্কর্য তার উল্লেখ কোথাও নেই। কাজী নজরুল ইসলামের নাম নেই ভাস্কর্যে। তবে ভাস্কর শামীম শিকদারের নাম ও সময় উল্লেখ আছে ভাস্কর্যের নিচে। তাঁর তৈরি নজরুলের আরেকটি ভাস্কর্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডে। এখানে অবস্থিত স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্যের চারপাশে অনেক ভাস্কর্যের মধ্যে নজরুলের ভাস্কর্য একটি।