অবহেলায় নষ্ট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডুবে যাওয়া জাহাজের যন্ত্রাংশ খুঁজতে সাগরতল চষে বেড়াচ্ছিল আবুল কালাম আজাদের ডুবুরি দল। কিন্তু ছোটখাটো লোহার টুকরো ছাড়া কিছুই জুটছিল না বলে হিরামনি স্যালভেজের মালিক আজাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। দিনের খরচও তো উঠছে না। এভাবে হলে কি চলবে! হতাশা ঘিরে ধরে আজাদকে। তবু হাল ছাড়েননি তিনি। কাজ চালিয়ে যেতে থাকেন। হঠাৎ একদিন সাগরের নিচে নোঙর কিছুতে আটকে যায়। আশায় চোখ-মুখ উজ্জ্বল হয়ে ওঠে আজাদের।হিরামনি স্যালভেজের ডুবুরিরা নিচে নেমে যা পেলেন তা অন্য অনেক দেশে হলেই এত দিনে ভাগ্য ফিরিয়ে ফেলত তাঁদের। সাধারণ কোনো জাহাজের ভগ্নাবশেষ নয়, ধ্বংসপ্রাপ্ত বহু পুরোনো এক উড়োজাহাজই আবিষ্কার করে বসেছেন তাঁরা। প্রায় সবাই ধারণা করছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমান এটি। পরিবহন বা জঙ্গিবিমান যে কোনোটিই হতে পারে। এ কারণেই এর একটি ঐতিহাসিক গুরুত্ব আছে, যা টাকার অঙ্কে মাপা যায় না। কিন্তু কোনো মহল থেকে বিশেষ আগ্রহ না দেখে এ আবিষ্কারের আনন্দ ফিকে হতে চলেছে আজাদ ও তাঁর কর্মীদের।গত ২৫ আগস্ট এই উড়োজাহাজের ভগ্নাবশেষ পাওয়ার পর আবুল কালাম আজাদের ধারণা হয়েছিল, বিমানবাহিনীর দুর্ঘটনাকবলিত কোনো উড়োজাহাজের অবশেষ উদ্ধার করেছেন তিনি। তাই বিমানবাহিনী, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ঘটনাটি জানিয়ে রাখেন তিনি। চট্টগ্রাম বন্দরের অদূরে সাঙ্গু নদীর মোহনা থেকে উদ্ধার করা বিমানের ধ্বংসাবশেষগুলো বার্জে করে ১৫ নম্বর ঘাট এলাকায় নিয়ে আসেন তিনি।আজাদ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দর ও বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃপক্ষ তাঁদের উদ্ধার করা ওই বিমানের ধ্বংসাবশেষ সংরক্ষণের দায়িত্ব নেবে বলে প্রাথমিকভাবে আশ্বাস দিয়েছিল। এখন তারা এ ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। কাজেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারকগুলো খোলা আকাশের নিচে অবহেলায় পড়ে আছে। কিছু ভগ্নাংশ লোকজন নিয়ে গেছেও বলে জানান তিনি।একটি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা বিমানটির ধ্বংসাবশেষ পরিদর্শন করে জানিয়েছেন, এটি এই অঞ্চলের কোনো দেশের বিমান নয়। যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের কোনো বিমান হবে বলে তাঁরা মনে করছেন। ঢাকার ব্রিটিশ হাইকমিশন কর্তৃপক্ষ বলেছে, তারা অনুসন্ধান করে দেখেছে, বিমানটি ব্রিটিশ নয়। সামরিক বিশেষজ্ঞদেরও বেশির ভাগের ধারণা, এটি মার্কিন।গত শনিবার পতেঙ্গা থানা এলাকার ১৫ নম্বর ঘাটের অদূরে বিজয়নগরে গিয়ে দেখা যায়, উদ্ধার হওয়া বিমানের ধ্বংসাবশেষের মধ্যে আছে ডানার অংশ, প্রায় ৫০টি গুলিসহ মেশিনগান, দুটি গুলির বাক্স, ৫৬ ইঞ্চি ব্যাসার্ধের তিনটি চাকা ও আরও কিছু অংশ। বিমানের চাকায় লেখা আছে ‘বিএফ গুডরিচ সিলভারটাউন, মেড ইন ইউএসএ’। পাঁচ ইঞ্চি গুলির মুখে লেখা ‘ইউ-৪-৩’। হিরামনি স্যালভেজের কর্মীরাই এগুলো পাহারা দিচ্ছেন।বিমানের পরিচয়ের সন্ধানে: নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইসফাক ইলাহী চৌধুরী প্রথম আলোকে বলেন, ছবি দেখে মনে হচ্ছে এটি মার্কিন বোমারু বিমান বি-২৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্ভবত এটি ফেনী বা যশোর বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে এটি দ্রুত সংরক্ষণ করা উচিত বলে তিনি অভিমত দেন। চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘উদ্ধারকৃত বিমানের ধ্বংসাবশেষ অনেক পুরোনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে এটি বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় বলে আমাদের ধারণা।’তবে ক্যাপ্টেন নাজমুল বলেন, সংরক্ষণের জন্য বিষয়টি আরও যাচাই করা দরকার। গুলি ও কামান থাকলেও এটি সরবরাহ বিমান হতে পারে বলে ধারণা করছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইনও প্রথম আলোর সঙ্গে আলাপকালে ঐতিহাসিক নিদর্শন হিসেবে এগুলো সংরক্ষণের তাগিদ দেন। তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক নিদর্শন ছিল এখানে। কিন্তু আমরা কোনো স্মৃতিই রক্ষা করতে পারিনি। এখন ওয়ার সেমিট্রি ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো নিদর্শনই নেই চট্টগ্রামে।’ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে একজন মুখপাত্র জানান, তাঁরা উদ্ধার হওয়া বিমানটির ব্যাপারে অবগত আছেন। খোঁজ নিয়ে তাঁরা জেনেছেন, এটি কোনো ব্রিটিশ বিমান নয়। ঝুঁকির মধ্যে: হিরামনি স্যালভেজের মালিক আজাদের সঙ্গে কথা বলে জানা যায়, ধ্বংসাবশেষগুলো রক্ষায় অনেক মূল্য দিতে হয়েছে তাঁদের। জিনিসগুলো উদ্ধারের পর গত ২৮ জুলাই সকালে ডাকাতের কবলে পড়েন তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা। দুটি নৌযান নিয়ে ডাকাত দল আক্রমণ করে তাঁদের। ডাকাতেরা এয়ার মোহাম্মদসহ দুজনকে বাঁশখালীর গন্ডামারা উপকূলে ধরে নিয়ে যায়। দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাঁদের ছাড়িয়ে আনা হয়। পরিস্থিতি খারাপ দেখে উদ্ধারকাজ ফেলে সেখান থেকে চলে যান তাঁরা। এরপর থেকে ওই ধ্বংসাবশেষ বিজয়নগরেই পড়ে আছে। হিরামনি স্যালভেজ বিমানবাহিনীর কাছে চিঠি দিয়ে এ ধ্বংসাবশেষ নিয়ে কী করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত চেয়েছে। বন্দর কর্তৃপক্ষ থেকেও এগুলো ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ বা বিমানবাহিনীর প্রয়োজনে ব্যবহার করা গেলে উদ্ধার ও অপসারণ ব্যয় পরিশোধ করে তা বিমানবাহিনীর হেফাজতে নেওয়ার অনুরোধ জানানো হয়। তবে এ ব্যাপারে এ পর্যন্ত বিমানবাহিনী থেকে কোনো নির্দেশনা পাননি বলে জানান আবুল কালাম আজাদ।বন্দর সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই হিরামনি স্যালভেজকে পানির নিচ থেকে অতীতে নিমজ্জিত জাহাজের খণ্ডাংশ উদ্ধার ও অপসারণের অনুমতি দেয় বন্দর কর্তৃপক্ষ। অনুমতিপত্রে শর্ত ছিল, এক বছর মেয়াদে পানির নিচ থেকে জাহাজের খণ্ডাংশ উদ্ধার করতে না পারলে দুই লাখ টাকার নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত করা হবে। জাহাজের খণ্ডাংশ উদ্ধার করে বিক্রয়ের মাধ্যমে খরচ তুলতে হবে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। বন্দর কর্তৃপক্ষ এ জন্য কোনো আর্থিক ব্যয় বহন করবে না। হিরামনির কর্মীরা দুঃখ করে বলেন, উদ্ধার হওয়ার প্রায় আড়াই মাস পরও গুরুত্বপূর্ণ এসব নিদর্শন সংরক্ষণে কোনো সংস্থা আগ্রহ দেখাচ্ছে না। এ অনাগ্রহের কারণে তাঁরা সমুদ্রের একই স্থানে থাকা আরও কিছু উপকরণ উদ্ধারে আগ্রহ হারিয়ে ফেলছেন। আর্থিক দিক থেকে মূল্য কম হলেও ঐতিহাসিক গুরুত্বের বিবেচনায় এই নিদর্শনগুলো সংরক্ষণের আবেদন জানান তাঁরা।