পাশে র্যা বের জন্য বরাদ্দ সাত একর
অবহেলায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, গড়ে ওঠা স্থাপনায় সৌন্দর্যহানি
রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সৌন্দর্য বিনষ্ট করছে পেছনে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। আধা পাকা বাড়ির পাশাপাশি সেখানে গড়ে উঠেছে গ্যারেজও। বলতে গেলে সারা বছর অযত্ন-অবহেলায় পড়ে থাকা স্মৃতিসৌধের এই সৌন্দর্যহানি দেখার যেন কেউ নেই।রায়েরবাজার বধ্যভূমিতে ৬ দশমিক ৫১ একর জায়গায় নির্মিত হয়েছে এই স্মৃতিসৌধ। নির্মাণের সময় এর পেছনে ও দুই পাশে সবুজ বাগানের জন্য তিন একর এবং মুক্তিযুদ্ধ সংগ্রহশালা ও মিলনায়তনের জন্য আরও চার একর জায়গা রাখার প্রস্তাব ছিল। কিন্তু প্রকল্প বাস্তবায়নকারী গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, জায়গা ও টাকার অভাবে এগুলো করা হয়নি। এসব জায়গাতেই গড়ে উঠেছে স্থাপনা। এদিকে স্মৃতিসৌধের খানিক দক্ষিণে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) জন্য রাখা হয়েছে সাত একর জায়গা।১৪ ডিসেম্বর (শুক্রবার) শহীদ বুদ্ধিজীবী দিবস। গত রোববার সকালে স্মৃতিসৌধ ও এর আশপাশে অযত্ন-অবহেলা দেখা গেছে। বুদ্ধিজীবী দিবস সামনে রেখে প্রতিবছরের মতো পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কার্যক্রম তখনো শুরু হয়নি।গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত এই স্মৃতিসৌধ ১৯৯৯ সালের ডিসেম্বরে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যয় হয়েছিল প্রায় ১৮ কোটি টাকা।সৌন্দর্যহানিকর স্থাপনা: রোববার গিয়ে দেখা যায়, স্মৃতিসৌধের পেছনে পশ্চিম কোণ বরাবর হাইক্কার খালের কাছে প্রস্তাবিত বাগানের জায়গা ভরাট করে গড়ে উঠেছে আধা পাকা পাঁচটি বাড়ি। খালের অপর পারে অন্তত ২০টি আধা পাকা ও কাঁচা বাড়ি তৈরি হয়েছে। এসব ঘরে আছে মানুষের বসবাস। চলছে আরও ঘর তৈরির প্রস্তুতি। অথচ ঢাকা জেলা প্রশাসনের সূত্রমতে, হাইক্কার খাল ও রায়েরবাজার খালের সংযোগস্থলের বেশির ভাগ জায়গাই সরকারি।সেখানে আধা পাকা একটি বাড়ির বাসিন্দা আবদুর রহমান জানান, এই বাড়ির মালিক রায়েরবাজারের আফতাব আলীসহ কয়েকজন। মালিকেরা প্রতি কাঠা ৫০ হাজার টাকা দরে জায়গা কিনে বাড়ি করেছেন।আরও কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা সরে যান।হাইক্কার খাল খনন প্রকল্প বাস্তবায়ন করছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মূল খাল কাউকে ভরাট বা দখল করতে দেওয়া হয়নি। যদি প্রমাণ পাওয়া যায়, খালের জায়গায় স্থাপনা করা হয়েছে, তাহলে অবশ্যই ধরা হবে। খালের বাইরের জায়গা দেখার দায়িত্ব তাঁদের নয়।র্যা বের জন্য সাত একর জমি: স্মৃতিসৌধের দক্ষিণে প্রায় সাত একর জায়গা র্যা বের জন্য রাখা হয়েছে। সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। এতে লেখা, ‘র্যা ব-২-এর জন্য নির্ধারিত স্থান। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ।’ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম জানান, এই জায়গা র্যা বের জন্য অধিগ্রহণ করা হয়। ঢাকা জেলা ডেপুটি কালেক্টর (রাজস্ব) সাইফুল ইসলাম আজাদ বলেন, র্যা ব ওই জায়গার জন্য টাকা জমা দিলেও তাদের অনুকূলে এখনো জমির নিবন্ধন বা দলিল হয়নি। এটি নদী না ব্যক্তিমালিকানার জায়গা তা নিয়ে একটু জটিলতা চলছে। এ-বিষয়ক ফাইল ভূমি মন্ত্রণালয়ে রয়েছে।র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল প্রথম অলোকে বলেন, ঢাকায় র্যা বের যে পাঁচটি ব্যাটালিয়ন আছে তাদের স্থায়ী কার্যালয় বা থাকার জায়গা নেই। ঢাকাসহ সারা দেশে র্যা ব ভাড়া দিয়ে বসবাস করে। এ বাবদ মাসে ৫০ লাখ টাকার মতো চলে যায়। তিনি বলেন, সরকারের কাছে আবেদন করার পর রায়েরবাজার বধ্যভূমির পাশের জায়গা দেখানো হয়। র্যা ব নয়, সরকারই জায়গা বের করে। সেখানে র্যা ব-২-এর স্থায়ী কার্যালয় ও থাকার জায়গা হওয়ার কথা।বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই স্থপতির একজন জামী-আল সাফী প্রথম আলোকে বলেন, সংগ্রহশালা বা মিলনায়তন ছাড়াও স্মৃতিসৌধের নিরাপত্তা ও সৌন্দর্য এবং চারদিক দখলমুক্ত রাখতে তিন একর জায়গার প্রস্তাব ছিল, যেখানে পরিবেশবান্ধব গাছ ও সবুজের আবহ থাকবে। স্মৃতিসৌধের পেছনের জায়গা রাখা হয়েছিল কবরস্থানের জন্য। এর কিছুই হয়নি। তিনি বলেন, স্মৃতিসৌধের পাশে বহুতল ভবন হলে এর সৌন্দর্য ও পবিত্রতা নষ্ট হবে।অযত্ন-অবহেলা: রোববার স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখা যায়, ঘষামাজার কাজ শুরু হয়নি। অরক্ষিত স্মৃতিসৌধ চত্বরে বখাটে যুবকদের বিচরণ। এখানে-সেখানে পড়ে আছে ডাবের খোসা, সিগারেট ও চিপসের খালি প্যাকেট। জলাধারে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি। বিভিন্ন স্থানে ‘জলাধারের দেয়ালের ওপর বসা দণ্ডনীয় অপরাধ’ লেখা সাইনবোর্ড থাকলেও তা অগ্রাহ্য করে বসে আছেন বেশ কয়েকজন। কেউ কেউ ধূমপান করছেন। কয়েকজন ছেলে স্মৃতিসৌধ চত্বরে ক্রিকেট খেলছে। সাইকেল নিয়েও ঢুকল দুই কিশোর। কিন্তু এসব দেখার যেন কেউ নেই।সকাল সোয়া ১০টায়ও স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মো. রকিবুজ্জামান ও তত্ত্বাবধায়ক মো. আকরামকে পাওয়া যায়নি। শামসুজ্জামান নামের এক কর্মী জানান, ওই দুই কর্মকর্তা সাধারণত সকাল সাতটার মধ্যেই চলে আসেন। কুয়াশার জন্য হয়তো এখনো আসতে পারেননি। মহল্লা ও বস্তির ছেলেরা স্মৃতিসৌধে ঢুকে পবিত্রতা নষ্ট করে জানিয়ে তিনি বলেন, নিষেধ করলেও তারা শোনে না।শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ গণপূর্ত অধিদপ্তরের সার্কেল-১-এর অধীনে। সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণের জন্য সরকার কোনো টাকা দেয় না। এ বাবদ অধিদপ্তরের নিজস্ব কোনো তহবিলও নেই। অন্য তহবিল থেকে টাকা নিয়ে সরকারি দিবসের আগে এটি পরিষ্কার করা হয়। এবারও হবে।রয়ে গেছে অপ্রয়োজনীয় গণশৌচাগার: স্মৃতিসৌধ চত্বরের সামনের দক্ষিণাংশে ২০০৪ সালে চারদলীয় জোট সরকারের সময় নির্মিত গণশৌচাগারটি এখনো তালাবদ্ধ পড়ে আছে। স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য নষ্ট হবে জানিয়ে এটি নির্মাণের প্রতিবাদে ওই সময় সেখানে মানববন্ধন করেছিল বাংলাদেশ পরিবেশ আন্দোলন, প্রজন্ম ’৭১-সহ বিভিন্ন সংগঠন। কিন্তু নির্মাণকারী সংস্থা ঢাকা সিটি করপোরেশন তা আমলে নেয়নি। দর্শণার্থীদের জন্য ভেতরে নির্মিত দুটি শৌচাগার পূতিদুর্গন্ধময়। এ দুটিও ছিল তালাবদ্ধ।স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, স্মৃতিসৌধের অভিভাবক বলে কেউ আছেন তা মনে হয় না। এর পবিত্রতা নষ্ট করে গণশৌচাগারটি করা হয়েছিল শুধু টেন্ডারবাজির লক্ষ্যে।