ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষ
অবহেলায় রোগীর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর সামনে স্বজনদের ক্ষোভ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইসমাইল হোসেন নামের এক যুবক চিকিৎসায় অবহেলায় মারা যান বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। গতকাল বিকেলে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ঈদ-পরবর্তী হাসপাতাল পরিদর্শনে গেলে তাঁর সামনেই মৃতের পরিবার এ অভিযোগ করে। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছার আগে ও হাসপাতাল ছাড়ার পর চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মৃতের স্বজনদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ তিনজন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার ফরিদপুরে বেসরকারি টেলিভিশনের গাড়িচালক ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হন। আহত ইসমাইলকে ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার বিকেলে তিনি মারা যান। এরপর রোগীর পরিবার অভিযোগ করে, চিকিৎসায় অবহেলার কারণে ইসমাইল মারা গেছেন। খবর পেয়ে পুলিশ এলে নিহতের স্বজনদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। বিকেল চারটার দিকে স্বাস্থ্যমন্ত্রী ঈদ-পরবর্তী হাসপাতাল পরিদর্শনে গেলে ইসমাইলের পরিবার ও অন্য রোগীর স্বজনেরা এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ইসমাইলের স্ত্রী ঝরনা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, ইসমাইলকে হাসপাতালে আনার পর ওয়ার্ডের বারান্দায় ট্রলিতে ফেলে রাখা হয়। সেই ট্রলিতেই গতকাল শনিবার বিকেলে তিনি মারা যান। মারা যাওয়ার আগ পর্যন্ত তাঁকে স্যালাইন দেওয়া ছাড়া অন্য কোনো চিকিৎসা দেননি চিকিৎসকেরা। মন্ত্রী এ অভিযোগ শুনে তিন দিনের মধ্যে ঘটনা তদন্তের জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিককে নির্দেশ দেন। পরে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ হাসপাতালে জনবল কম, কিন্তু রোগীর ভিড় বেশি। তিনি বলেন, এখানে আলো নেই, জায়গা নেই, চিকিৎসকেরা কাজ করবেন কী করে? স্বামীর মৃত্যুর পর নিহতের স্ত্রী ঝরনা বলেন, ‘চোখের সামনে দেখছি আমার স্বামী কত কষ্ট পাইয়া মারা গেছে। কম কষ্টে মুখ দিয়া রক্ত বার হয় নাই। কিন্তু ডাক্তার-নার্সরা দেখল না। একটু আসার জন্য তাঁদের পা ধরছি।’ইসমাইলের ভাই রাজন বলেন, ‘শুক্রবারই ডাক্তার বলছে রক্ত লাগব। আমার শরীর থেকে সেই রক্ত নিল ভাই মারা যাওয়ার আধা ঘণ্টা আগে।’ইসমাইলের পরিবার মৃত্যুর ঘটনা নিয়ে বাড়াবাড়ি করছে বলে হাসপাতালে দায়িত্বরত পুলিশ ইসমাইলের ভাই রাজনকে মারধর করে। শুধু ইসমাইলের পরিবারই নয়, অন্য রোগীর স্বজনেরা চিকিৎসকদের অবহেলার বিষয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন।কর্তব্যরত চিকিৎসক দেওয়ান শামসুল আসিফ প্রথম আলোকে বলেন, ‘এই রোগীর চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি। রোগী ভর্তির পর থেকেই তাঁর স্বজনকে জানানো হয়েছে শুধু অক্সিজেন দিলে হবে না, রোগীকে আইসিইউতে ভর্তি করতে হবে। হাসপাতালে আইসিইউতে শয্যা খালি নেই বলেও জানিয়ে দেওয়া হয়। কিন্তু তাঁর স্বজনেরা অন্য জায়গায় নিয়ে যাননি।’স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল ছেড়ে যাওয়ার পর বিকেল পাঁচটার দিকে লাশঘরের সামনে নিহতের স্বজনদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই মোজাম্মেল হকের মাথা ফেটে যায়। পুলিশের পিটুনিতে নিহতের দুই স্বজন আহত হন। একপর্যায়ে শাহবাগ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বজনেরা অভিযোগ করেন, শাহবাগ থানার পুলিশ হাসপাতালে উপস্থিত নিহত ইসমাইলের সব স্বজনকে ধরে নিয়ে গেছে। জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, নিহত ইসমাইলের স্বজনেরা চার পুলিশ সদস্যকে আহত করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বজন হানিফ ও রতনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।