অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে ওই নারীর স্বজনেরা। এ সময় দুই কর্মচারী আহত হন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।মারা যাওয়া ওই নারীর নাম জাহানা বেগম (৩৬)। রক্তস্বল্পতা ও ডায়াবেটিসের কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে নেওয়া হয়। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার থানা রোডের সয়াগোবিন্দ মহল্লার রেজাউল করিমের স্ত্রী।রেজাউল করিম অভিযোগ করেন, রোগীকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগে কর্মরতদের খবর দেওয়া হয় এবং ভর্তির জন্য টিকিট চাওয়া হয়। তাঁরা টিকিট দেননি এবং ভর্তির ব্যবস্থাও করেননি। রোগীকে দেখতে পর্যন্ত আসেননি। সকাল সাড়ে ১০টা থেকে দেড় ঘণ্টা পড়ে থাকার পর ভ্যানের ওপরই রোগী বিনা চিকিৎসায় দুপুর ১২টার দিকে মারা যায়। এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক রবিউল ইসলাম জানান, দুপুর সোয়া ১২টার দিকে জরুরি বিভাগে একজন রোগীর জন্য কিছু লোক টিকিট চায়। এ সময় রোগীর বেশ ভিড় ছিল। সাড়ে ১২টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক আইভি রহমান রোগীকে দেখতে গেলে তাঁকে মৃত অবস্থায় পান। এখানে তাঁকে চিকিৎসা দেওয়ার সময় পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। কিন্তু রোগীর লোকজন অযথা ভাঙচুর করে হাসপাতালের কর্মচারীদেরকে লাঞ্ছিত করেছে।এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন মো. নাজিমুদ্দিন খান জানান, ‘ঘটনাটি শুনেছি। আমি বাইরে আছি। আসার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।