অবহেলায় সম্ভাবনার সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীতীরবর্তী বেড়িবাঁধ সড়ক বিনোদনের স্থান হিসেবে বেশ জনপ্রিয়। তবে ঢাকার উত্তর, দক্ষিণ, পশ্চিমাঞ্চলের বেড়িবাঁধের ওপর সড়ক থাকলেও পূর্বাঞ্চলে বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা এক দশক ধরে ঝুলে আছে। এ কারণে নগরের চারপাশ ঘিরে সড়কপথের বৃত্ত পূর্ণতা পাচ্ছে না। আবার কিছু সংস্কার ও উন্নয়নের অভাবে এখনকার বেড়িবাঁধ সড়ক শহরের যানজট কমাতে তেমন ভূমিকা রাখতে পারছে না। অথচ শুধু বানের পানি নয়, শহরবাসীকে যানজটের হাত থেকেও বেশ খানিকটা রেহাই দিতে পারে ঢাকা শহররক্ষা বাঁধ। নগর ঘিরে বেড়িবাঁধ সড়কের হালের সমস্যা আর সম্ভাবনার কথা লিখেছেন মিল্লাত হোসেনবেড়ানোর জায়গানগরের ভেতরের সড়কে যানজটে পড়লে যাত্রীরা গরমে আর ঘামে যতটা পর্যুদস্ত হয়, ঠিক ততটা ভোগে না বেড়িবাঁধ সড়কের যাত্রীরা। নদীর পাড়ের খোলামেলা পরিবেশের কারণেই বেড়িবাঁধ সড়কে গরমটা কম। ‘বেড়িবাঁধ সড়ক দিয়ে চলাফেরার সময় আরেক লাভ হচ্ছে নদী ও এর দুই তীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়’—কথা প্রসঙ্গে বলছিলেন সোহেল রানা। মিরপুর মাজার রোড থেকে বাসে চড়ে বিরুলিয়া ঘাটে যাচ্ছিলেন তিনি। চটবাড়ীর দিকে এলে সোহেলের কথা পুরোটা ফলে যায়। বেড়িবাঁধ সড়কের এদিকটায় খোলা হাওয়ায় দম নিতে আর চোখ জুড়াতে রয়েছে মনোহর প্রাকৃতিক সৌন্দর্য। নগরের অনেকেই তাই এখানে ঘুরতে আসে। এখানকার জলে ও স্থলে উভচরের মতো তাই গড়ে উঠেছে অনেক রেস্তোরাঁ। তবে খাবারের গলাকাটা দামের কারণে সেসবে দ্বিতীয়বার যেতে ভেবে নেয় দর্শনার্থীরা।মিরপুর থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদে ভ্রমণের জন্য রয়েছে ছাউনি দেওয়া অসংখ্য নৌকা। প্রতি ঘণ্টায় শ খানেক টাকা চুক্তিতে ভাড়া নিয়ে এসব নৌকায় বেড়ানো যায়। তবে নৌকায় কোনো কোনো যুগলের আচরণ হয়ে পড়ে দৃষ্টিকটু। এতে পরিবার-পরিজন নিয়ে যাঁরা বেড়িবাঁধে বেড়াতে আসেন, তাঁদের প্রায়ই বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। আবার যুগলদের ফাঁদে ফেলে মাঝিরা প্রায়ই স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। এদিকে রায়েরবাজার বধ্যভূমিতে বেড়াতে এলে বখাটে ও ছিনতাইকারীদের পাল্লায় পড়তে হয় অনেককে। আবার সুনির্দিষ্ট পায়ে চলা পথ না থাকায় পুরো বেড়িবাঁধ সড়কেই বেপরোয়া যানবাহনের ভয়ে থাকতে হয় ভ্রমণপিয়াসীদের। এ অবস্থায় তাদের দাবি, আবদুল্লাহপুর থেকে মিরপুর হয়ে বাবুবাজার পর্যন্ত বেড়িবাঁধ সড়কে প্রশস্ত পায়ে চলা পথ করা হোক। নদীর পাড়ের দিকে জায়গায় জায়গায় বসানো হোক বেঞ্চ। গাবতলী থেকে বাবুবাজার পর্যন্ত বেড়িবাঁধ সড়কের বেহাত জায়গা উদ্ধার করে সড়কের দুপাশে বৃক্ষ রোপণ করলে ছায়াপথে হাঁটতে পারবে তারা।ঝক্কির কথামিরপুর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত বেড়িবাঁধ সড়ক যতটা ঝকঝকে তকতকে, তার ঠিক উল্টো চিত্র মিরপুর থেকে বাবুবাজার সেতু পর্যন্ত সড়কে। জায়গায় জায়গায় ভেঙে সড়কের মাটি বের হয়ে এসেছে। বৃষ্টিতে এখন সেই মাটি জলে-কাদায় একাকার। এর জন্য যানবাহনের যাত্রীদের সইতে হচ্ছে ঝাঁকুনি আর পথচারীদের জলকাদা মেখে পথ চলতে হচ্ছে। এমন চিত্র দেখা গেল সড়কের দীপনগর, কামালবাগ, সোয়ারীঘাট, ইমামগঞ্জ এলাকায়। বাসচালক মোহাম্মদ মিজান জানান, দীপনগর এলাকার ভাঙা জায়গাটি আগে কয়েক দফা পাকা করা হয়েছে। সেই জায়গায়ই এখন আবার জমির মতো এবড়োখেবড়ো হয়ে পড়েছে। সোয়ারীঘাটের দিকে পুরো সড়কই ভাঙাচোরা। এখানে ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সড়কের ভাঙাচোরা অংশও যানজটের জন্য দায়ী। আবার ঢাকা ওয়াসার পানিনিষ্কাশন নল ও ড্রেজারের নলের কারণেও বেড়িবাঁধ সড়কে জায়গায় জায়গায় যান চলাচল বাধার মুখে পড়ছে। নল আর ভাঙাচোরা রাস্তায় চলার কারণে যানবাহনের কাঠামো ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মনির হোসেন পাঠান বলেন, সড়কের ওপর থেকে নল সরানোর জন্য ঢাকা ওয়াসা ও ড্রেজারের বালু ব্যবসায়ীদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা একই কাজ চালিয়ে যাচ্ছেন।এদিকে একাধিক যাত্রী জানান, ঝাড়ুর ছোঁয়া না পাওয়ায় শুকনো সময়ে বেড়িবাঁধ সড়ক ধুলোয় সয়লাব হয়ে থাকে। বিশেষ করে মিরপুর-বাবুবাজার সড়কের গাবতলী প্রান্ত এবং মিরপুর-আবদুল্লাহপুর সড়কের শিন্নিরটেক প্রান্তে যানবাহন চলার সময় ধুলোয় বাতাস ভারী হয়ে যায়। অন্যদিকে হাজারীবাগ এলাকার বাতাস ভারী হয়ে থাকে ট্যানারির দুর্গন্ধে। ওই এলাকা পার হওয়ার সময় বেড়িবাঁধ সড়কের যাত্রীদের কেউ কেউ বমি করে দেয়।সরেনি বাড়িঘর‘এই রাস্তাটা খুব দরকার। এখন আধাখেঁচড়া হয়ে আছে। শুনছি প্রভাবশালীদের বাধার কারণে অধিগ্রহণ করা জমি নিতে পারছে না সরকার। তাই রাস্তাটাও হচ্ছে না। এইটা হইলে সহজে আমরা গাবতলী যাইতে পারতাম। আবার বর্ধনবাড়ীর দিকের রাস্তাগুলো থেকে যানবাহনের চাপ কমত। কারণ নদীপাড়ের লোকজন তখন বেড়িবাঁধ সড়ক দিয়া মাজার রোডে ঢুকতে পারব।’ গাবতলী থেকে শিন্নিরটেক পর্যন্ত বেড়িবাঁধের সড়ক সম্পর্কে এমন মন্তব্য করেন জহুরাবাদের বাসিন্দা ইব্রাহিম খান।আবদুল্লাহপুর থেকে পোস্তগোলা পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে শিন্নিরটেক থেকে গাবতলী পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক। দীর্ঘ এক দশকেও সড়কের এই অংশে যান চলাচলের উপযোগী করতে পারেনি কর্তৃপক্ষ। এখনো বেশির ভাগ জায়গায় দাঁড়িয়ে আছে বাড়িঘর। এ অংশের কারণেই আবদুল্লাহপুর থেকে গাবতলী হয়ে বাবুবাজার সেতু পর্যন্ত বেড়িবাঁধ সড়ক জনপ্রিয় হচ্ছে না বলে যাত্রী, পরিবহন মালিক, শ্রমিক ও ঢাকা সড়ক বিভাগের (সওজ) কর্মকর্তারা জানান। তাঁদের মতে, এখন মাজার রোড দিয়ে অনেকটা পথ ঘুরে চলাচল করতে হয় বলে যাত্রীদের সময় ও অর্থ বেশি লাগছে।ঢাকা সড়ক বিভাগ বছর দুয়েক আগে থেকেই শিন্নিরটেক থেকে গাবতলী পর্যন্ত বেড়িবাঁধ সড়কটি নির্মাণে উদ্যোগ নেয়। অথচ এখনো তা শেষ করতে পারেনি। তারা দেড় কিলোমিটার সড়কের কোনো কোনো অংশ পাকা করেছে, কোনো অংশ করেনি। ছোট দিয়াবাড়ী, জহুরাবাদ, হরিরামপুর, বড় বাজার এলাকায় বেড়িবাঁধ হয়ে চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।শিন্নিরটেক থেকে গাবতলী পর্যন্ত বেড়িবাঁধ সড়কটি নির্মাণে গতি না থাকলেও ঢাকা সড়ক বিভাগের উদ্যোগে এখন দ্রুতগতিতে এগিয়ে চলেছে মিরপুর সেতুর গাবতলী প্রান্তের নিচ দিয়ে সড়ক নির্মাণের কাজ। এটি মিরপুর-মিটফোর্ড সড়কের সঙ্গে মিরপুর-আবদুল্লাহপুর সড়ককে যুক্ত করবে। এর নির্মাণকাজে তদারকের সময় কথা হয় কল্যাণপুর সড়ক উপবিভাগের (সওজ) উপসহকারী প্রকৌশলী আবদুল জলিলের সঙ্গে। তিনি বলেন, বেড়িবাঁধ সড়কের যানবাহনের কারণে যাতে ঢাকা-আরিচা মহাসড়কে যানজট না হয়, সে জন্য সেতুর নিচ দিয়ে বিকল্প সড়ক করা হচ্ছে। মাস তিনেকের মধ্যে এর কাজ শেষ হবে। শিন্নিরটেক থেকে গাবতলী পর্যন্ত সড়কের বাকি কাজ কবে করা হবে জানতে চাইলে আবদুল জলিল বলেন, বেড়িবাঁধের ওপর থেকে ঘরবাড়ি সরানোর জন্য অধিগ্রহণের প্রক্রিয়া শেষের পথে। আবার সড়ক নির্মাণের ব্যয়ও নির্ধারণ করা আছে। চলতি অর্থবছরে নির্মাণকাজ শেষে সড়কে গাড়ি চলাচলের নিশ্চয়তা দেন তিনি।রাতে নেই নিরাপত্তাবেশ কয়েক মাস আগে রাতে ব্যক্তিগত গাড়ি নিয়ে শুটিং থেকে ফিরছিলেন চিত্রনায়ক ও মডেল নিরব। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন গাড়িতে। মিরপুর বেড়িবাঁধ ধরে শহরের দিকে ঢুকছিল তাঁদের গাড়ি। চটবাড়ীর দিকে আসতেই গাড়ির ওপর ঢিল পড়তে থাকে। ঢিলের রহস্য বের করতে গাড়ি থেকে নামতেই চাপাতি নিয়ে একদল ছিনতাইকারী ঘিরে ধরে তাঁদের। তারপর তাঁরা টাকা ও মুঠোফোন কেড়ে নিয়ে চলে যায়।রাত নামতেই অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যায় বেড়িবাঁধ সড়কে। শিন্নিরটেক থেকে আবদুল্লাহপুর এবং দীপনগর থেকে হাজারীবাগ পর্যন্ত বেড়িবাঁধ সড়কে তখন যাত্রী বা পথচারীদের জানমালের কোনো নিরাপত্তা থাকে না। ট্যাক্সিক্যাব বা ব্যক্তিগত গাড়ি দিয়ে যারা ছিনতাই করে, তারা শিকার নিয়ে চলে বেড়িবাঁধ সড়কে। টাকা-পয়সা নিয়ে যাত্রীকে বেড়িবাঁধ সড়কে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীর দল। আবার বেড়িবাঁধ সড়কের পাশে মানুষ মেরে ফেলে যাওয়ার খবরও শোনা যায় মাঝেমধ্যে।এদিকে বেড়িবাঁধ সড়কের নিরাপত্তায় বেশ কয়েক জায়গায় ডিএমপির চেকপোস্ট আছে। কিন্তু রাতে টহল পুলিশ অপরাধীদের ধরতে ব্যর্থতার পরিচয় দিলেও তারা সাধারণ মানুষকে হয়রানি করে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে মিরপুরের ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, একদিন বিরুলিয়া থেকে ফিরতে তাঁর রাত হয়ে যায়। কোনো যানবাহন না পাওয়ায় আরও তিন সঙ্গী নিয়ে হেঁটেই ফিরছিলেন তিনি। বর্ধিত পল্লবীর কাছাকাছি আসতেই শার্ট-প্যান্ট পরা এক লোক নিজেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। তাঁর সঙ্গে ছিলেন তিনজন পুলিশ কনস্টেবল। শহীদুলের এক সঙ্গী সংবাদকর্মী পরিচয় দিতেই ডিবি পরিচয় দেওয়া লোকটি স্বীকার করেন তিনি ডিবির লোক নন। এখানে মাছ কিনতে এসেছেন। এভাবে বেড়িবাঁধ সড়কে রাতে তথ্যদাতা (সোর্স) বা ভুঁইফোড় লোকজন নিয়ে পুলিশ সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে বলে শুনেছেন শহীদুল।এদিকে রাতে নিরাপত্তা বাড়াতে পুরো বেড়িবাঁধ সড়কে সড়ক-বাতি দেওয়া দরকার বলে জানান একাধিক যাত্রী ও পরিবহনকর্মী। এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মনির হোসেন পাঠান বলেন, তাঁদের পক্ষ থেকে সড়কে বাতি লাগানো হয় না। এ কাজ করার কথা ঢাকা সিটি করপোরেশনের।জটের জালে আটকাদু-একটা ভাঙা জায়গা বাদে অন্যান্য জায়গা ঘুরে গাবতলী থেকে বাবুবাজারগামী যানবাহন বেড়িবাঁধ সড়ক দিয়ে সাঁই সাঁই করে এগিয়ে চলে। কাউন্টারে কাউন্টারে যাত্রী ওঠানো-নামানোর কাজ সেরেও বাসগুলো সোয়ারীঘাটে চলে যায় মিনিট বিশেকের মধ্যেই। কিন্তু সোয়ারীঘাট থেকে বাবুবাজার সেতু পর্যন্ত অল্প একটু জায়গা পার হতে লাগে ৪০ থেকে ৫০ মিনিট। এসব তথ্য জানান যানজাবিল পরিবহন লিমিটেডের কর্মী আমিনুল।ঘুরে দেখা গেছে, বেড়িবাঁধ সড়কে যানবাহন চলাচলকে বাধাগ্রস্ত করে সোয়ারীঘাট, ইমামগঞ্জ এলাকায় সড়কের ওপর চলছে ব্যবসা-বাণিজ্যের কাজ। সড়কের যান চলাচল অবরুদ্ধ করে চলছে নৌযান থেকে পণ্য আড়তে রাখা কিংবা আড়ত থেকে নৌযানে নেওয়ার কাজ। ট্রাক, কাভার্ডভ্যান, রিকশাভ্যান, টালিগাড়ি ও বইলগাড়িতে পণ্য ভরা হচ্ছে। আবার এগুলো থেকে পণ্য নামানো হচ্ছে। কোথাও সড়কের ওপর অলসভাবে বসে আছে মালবাহী যান। যানজটের যন্ত্রণায় পড়ে বেশির ভাগ যাত্রী যানবাহন থেকে নেমে হেঁটেই রওনা হয় গন্তব্যে। কিন্তু যান আর জনতার জটলায় পড়ে আরেক দফা নাকাল হতে হয় তাদের। কেননা, সড়কে পায়ে চলা পথ না থাকায় তাদের সড়কের ওপর দিয়েই হাঁটতে হয়। আর ভাঙাচোরা রাস্তার পানি-কাদা থেকে জুতা-প্যান্ট-জামা বাঁচাতে গিয়ে আরেক ঝক্কিতে পড়ে তারা।সোয়ারীঘাট থেকে বাবুবাজার পর্যন্ত বিশাল যানজট সামলাতে কালেভদ্রে দু-একজন ট্রাফিক পুলিশের সদস্য চোখে পড়ে। বিশাল জটলার মধ্যে অসহায় হয়ে তাঁরাও হাল ছেড়ে দেন। সেখানে জনবল বাড়ানো হচ্ছে না কেন, জানতে চাইলে ডিএমপির ট্রাফিক বিভাগের (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহেদুল আলম বলেন, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি ট্রাফিক পুলিশের কর্মী বাড়ানোর বিষয়ে নজর দেওয়া হবে।ব্যস্ততম সোয়ারীঘাটে বেড়িবাঁধ সড়কের যানজট কমাতে ঢাকা সড়ক বিভাগ (সওজ) কী ভাবছে, জানতে চাইলে এর নির্বাহী প্রকৌশলী মনির হোসেন পাঠান জানান, গাবতলী থেকে বাবুবাজার সেতু পর্যন্ত বেড়িবাঁধ সড়ক চার লেন করার একটি প্রস্তাবনা আছে। এটি যদি বাস্তবায়ন করা হয়, তবে সোয়ারীঘাট এলাকার যানজট কমানো সম্ভব হবে।পোস্তগোলায় পৌঁছাবে কবে?আবদুল্লাহপুর থেকে গাবতলী ও বাবুবাজার হয়ে পোস্তগোলা পর্যন্ত যাওয়ার কথা ছিল বেড়িবাঁধ সড়ক। গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ১৭ কিলোমিটার। এক দশক আগে এর থেকে ১১ দশমিক ৬০ কিলোমিটার সড়ক (গাবতলী থেকে বাবুবাজার সেতু পর্যন্ত) নির্মাণ করা হয়। কিন্তু এখনো বাবুবাজার থেকে পোস্তগোলা পর্যন্ত পৌঁছায়নি বেড়িবাঁধ সড়ক। এ বিষয়ে পোস্তগোলার ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘এখন শহরের ভেতর দিয়ে মিরপুর থেকে পোস্তগোলায় আসতে দুই-তিন ঘণ্টা লেগে যায়। অথচ বুড়িগঙ্গার পাড় দিয়ে সড়ক হলে এক ঘণ্টায় চলাচল করা যাবে।’ঘুরে দেখা গেছে, বেড়িবাঁধ সড়ক পোস্তগোলা পর্যন্ত পৌঁছালে আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত নতুন সড়কপথ বিস্তৃত করার সুযোগ আছে। কেননা, পোস্তগোলা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত আগে থেকেই সড়ক আছে। আবার বাবুবাজার থেকে পোস্তগোলা পর্যন্ত বেড়িবাঁধ সড়ক নির্মাণ করতে তেমন বেগ পেতে হবে না কর্তৃপক্ষকে। কেননা, বাবুবাজার থেকে বাদামতলী, সদরঘাট হয়ে শ্যামবাজার পর্যন্ত বাকল্যান্ড বাঁধ দখলমুক্ত করে কিছু সংস্কার করলেই সড়কের ওই অংশ যান চলাচলের জন্য উপযোগী হয়ে উঠবে।বেড়িবাঁধ সড়কের বাবুবাজার থেকে পোস্তগোলা পর্যন্ত অংশ কবে নির্মাণ করা হবে, জানতে চাইলে ঢাকা সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মনির হোসেন পাঠান জানান, এই অংশ নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। এই অর্থবছরে এর জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দেওয়া হয়েছে। নিয়মতান্ত্রিক সব প্রক্রিয়া শেষে এর নির্মাণকাজ শুরু হবে।