অবহেলিত গ্রামটির নাম হয়বৎ খাঁ
বিদ্যুৎ নেই। তাই কুপি বা হারিকেনের আলোই রাতে গ্রামবাসীর ভরসা। সন্ধ্যা হলে সবাই ঘুমিয়ে পড়ে। তখন ভুতুড়ে নিস্তব্ধতা নেমে আসে গ্রামে। এ ছাড়া গ্রামে নেই মানসম্মত পায়খানা কিংবা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেটি পড়েছে তিস্তা নদীর ওপারে। ফলে শিশুরা নদী পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসতে চায় না। নেই স্বাস্থ্যকেন্দ্র বা পরিবার পরিকল্পনা কার্যক্রম।রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের অবহেলিত এ গ্রামটির নাম চর হয়বৎ খাঁ। গ্রামটি তিস্তা নদীর শাখা বেষ্টিত। নদী দিয়ে উপজেলা সদর থেকে আলাদা। গ্রামে প্রায় চার হাজার লোকের বাস। বেশির ভাগ পরিবারই হতদরিদ্র, পেশা দিনমজুর। ১৬ আগস্ট সরেজমিন দেখা যায়, শিক্ষা, চিকিত্সা, যোগাযোগ, স্যানিটেশন ও কৃষি ক্ষেত্রে গ্রামটি উপজেলার অন্য অংশের তুলনায় অনেক পিছিয়ে আছে। এখানকার বাসিন্দা জাফর আলী (৫৫) বলেন, চারদিকে নদী ঘিরে থাকায় অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পান। আছির উদ্দিন (৪০) বলেন, গ্রামে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। চিকিত্সাসেবা পেতে নদী পাড়ি দিয়ে ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিতে হয়। এতে প্রায় তিন-চার ঘণ্টা সময় লেগে যায়। এ ছাড়া গ্রামে পরিবার পরিকল্পনার কার্যক্রমও নেই। প্রায় প্রতিটি পরিবারে চার-পাঁচজন করে ছেলেমেয়ে রয়েছে। গ্রামের দিনমজুর সাত সন্তানের বাবা তোফাজ্জল হোসেন (৫০) বলেন, গ্রামে পরিবার পরিকল্পনার লোকজন আসেন না। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জরিপ উদ্দিন বলেন, তিস্তা নদীর শাখায় একটি সেতু নির্মাণ করা জরুরি। শুষ্ক মৌসুমে বাঁশের সেতু দিয়ে লোকজন পারাপার হলেও বর্ষাকালে তা ভেঙে যায়। তখন নৌকা ছাড়া চলাচলের উপায় থাকে না। ওই স্থানে সেতু নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, গ্রামের উন্নয়নের জন্য আন্তরিকতার অভাব নেই। গ্রামের রাস্তার সংস্কার ও তিস্তা নদীর শাখায় একটি সেতু নির্মাণ করা দরকার। বিষয়টি তিনি সংশিষ্ট বিভাগে জানিয়েছেন।