অবাঞ্ছিতদের আনাগোনা
মিরপুর ১০ নম্বর সেকশন মোড়ে আছে চারমুখী একটি ফুটওভারব্রিজ। গত বুধবার গিয়ে দেখা গেল, চৌরঙ্গী মার্কেটের পাশে ফুটওভারব্রিজের একাংশে বসে আছে এক নারী ও একটি শিশু। শিশুটি নারীর মাথার উকুন মারছিল। পাশেই ব্রিজের রেলিংয়ে রোদে কাপড় শুকাতে দেওয়া হয়েছে। নিচে সিঁড়িতে বসে ভিক্ষা করছে আরেক শিশু। ফুটওভারব্রিজটিকে তারা বসবাস ও আয়-রোজগারের স্থান বানিয়ে বসে আছে। এদিকে চৌরঙ্গী মার্কেটের প্রান্ত থেকে ফুটওভারব্রিজের মাঝের দিকে যেতে আরও দুই শিশুর তোপে পড়তে হলো। তারা নিয়োগ বিজ্ঞপ্তির লিফলেট ধরিয়ে দিচ্ছিল পথচারীদের হাতে। তাদের এড়িয়ে ব্রিজের মাঝে গিয়ে দেখা গেল, চারদিকেই রেলিংয়ের পাশের জায়গা দখল করে পসরা নিয়ে বসেছে হকাররা। তাই পথচারীদের ভিড় বাড়লে সবাইকে চাপাচাপি করে চলতে হচ্ছে। রাতের বেলা এই ওভারব্রিজে যৌনকর্মীদের আনাগোনা থাকে বলে জানান আশপাশের একাধিক দোকানি। একই অভিযোগ পাওয়া গেল মিরপুর ১ নম্বর সেকশন মোড়ের ফুটওভারব্রিজের বেলায়। এ ক্ষেত্রে মগবাজার ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশের ফুটওভারব্রিজে দিনের বেলাও অনেক সময় যৌনকর্মীদের দেখা যায়। সাত রাস্তার মোড় আর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মাঝে থাকা ফুটওভারব্রিজটি ঢেকে আছে বিজ্ঞাপন বোর্ডে। এর আড়ালে সন্ধ্যা নামতেই দাঁড়িয়ে থাকে যৌনকর্মীরা। নিচ থেকে তাদের দেখা যায় না।এদিকে টিকাটুলী ফুটওভারব্রিজে এক বিকেলে বসে থাকতে দেখা গেছে এক যৌনকর্মীকে। এখানে ভবঘুরে আর ছিন্নমূল মানুষকেও বসে থাকতে দেখা গেছে। সিঁড়ির কাঠামোর নিচে শুয়ে-বসে থাকা এমন মানুষের ভিড়ে সদরঘাট ফুটওভারব্রিজ ব্যবহারের কথা চিন্তাই করতে পারে না পথচারীরা। এ ছাড়া এখানকার সোনালী ব্যাংক প্রান্তে ফুটপাত দখল করে বইয়ের দোকান থাকায় বইয়ের স্তূপ পেরিয়ে পথচারীদের ব্রিজের সিঁড়িতে ওঠাও দায় হয়ে পড়ে। নিউমার্কেটের ফুটওভারব্রিজে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হয়। কারণ, এর দুই প্রান্তে স্থায়ী-অস্থায়ী দোকান নিয়ে বসেছে হকাররা। এমনকি ব্রিজের ওপরেও রয়েছে হকারের পসরা। এখানে ভবঘুরে ও ভিক্ষুকের সংখ্যাও কম নয়। একই অবস্থা নীলক্ষেত ফুটওভারব্রিজে। এখানে দিনে-দুপুরেও শুয়ে থাকতে দেখা গেল একজন ভবঘুরেকে।এদিকে নগরের দীর্ঘতম ফুটওভারব্রিজ কমলাপুর রেলওয়ে ওভারব্রিজটা পর্যাপ্ত জায়গা আর সুযোগ-সুবিধা নিয়েও সেবা দিতে পারছে না সাধারণ পথচারীদের। কারণ, এখানেও যথারীতি রয়েছে হকার আর ভিক্ষুকদের অবাধ আনাগোনা। সবচেয়ে বড় সমস্যা হলো, এখানে কমলাপুরের ছিন্নমূলরাও ঘুমাতে চলে আসে সুযোগ পেলেই।এদিকে কোনো কোনো ফুটওভারব্রিজ আবার আড্ডাবাজদের কারণে ব্যবহার করতে পারে না পথচারীরা। গত রোববার সন্ধ্যায় গিয়ে দেখা গেছে, মহাখালীর সরকারি তিতুমীর কলেজের পাশে ফুটওভারব্রিজের এক পাশের সিঁড়ির পুরো জায়গায় বসে আড্ডা দিচ্ছে একদল তরুণ।