অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনায় আসুন: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য আলোচনায় আসুন। এখনো সময় আছে। ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হই।’বিরোধী দলের আন্দোলনের হুমকির জবাবে সৈয়দ আশরাফ বলেন, বিশ্বের কোনো দেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের চেয়ে বেশি রক্ত দেয়নি। আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৬১ বছর পার করেছে। তাই আওয়ামী লীগকে রক্তচক্ষু দেখিয়ে লাভ হবে না।আজ মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, সংবিধান সংশোধনসহ সব ইস্যু নিয়ে রাজনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে যায়নি।সভায় আওয়ামী লীগ ও দলের প্রাথমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।