দেশের বিভিন্ন স্থানে অবাধে দখল করা হচ্ছে রেলের জমি। নানা কায়দায় চলছে এ দখল। অভিযোগ রয়েছে, দখলে সহায়তা করছেন রেলেরই ভূসম্পত্তি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। এ মুহূর্তে সারা দেশে রেলের দুই হাজার একরের বেশি জমি বেদখলে রয়েছে।রেলের জমি দখল করে বাণিজ্য হচ্ছে খোদ রাজধানীর প্রাণকেন্দ্রে। তেজগাঁওয়ে রেলওয়ের জমিতে অবৈধ ট্রাক টার্মিনাল স্থাপনের পর এখন ওই জমি স্থায়ীভাবে দখল করার পাঁয়তারা চলছে।তেজগাঁও ট্রাক টার্মিনাল ও এর আশপাশের প্রায় ১৪ একর জমি নিজের দাবি করে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন মজুমদার।তত্ত্বাবধায়ক সরকারের আমলে হান্নান ফিরোজ ও মান্নান মল্লিক নামে দুই ব্যক্তিও রেলওয়ের জমি নিজের বলে দাবি করে ট্রাক টার্মিনালের পেছনের একাংশে দেয়াল তৈরি করেছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেয়াল ভেঙে দিয়ে ট্রাকমালিকেরা আবার তা দখল করে নেন। এ ছাড়া কামাল পাশা নামে এক ব্যক্তিও রেলওয়ের জমি নিজের বলে দাবি করছেন।রেলের জমি ও তেজগাঁও-বেগুনবাড়ি রাস্তা দখল করে ট্রাক রাখার পাশাপাশি উচ্চমূল্যের এই সরকারি সম্পত্তি দখলের প্রক্রিয়া চললেও রেলওয়ে কর্তৃপক্ষ জমিটি উদ্ধারে দৃশ্যত নির্বিকার।শুধু তেজগাঁও ট্রাক টার্মিনাল নয়, সারা দেশে রেলওয়ের দুই হাজার একরেরও বেশি জমি বেদখল হয়ে আছে। এসব জমি উদ্ধারে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না রেল কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের একজন কর্মকর্তা অভিযোগ করেন, ইজারা দেওয়ার নাম করে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগই অবৈধ দখলদারদের জমি দখলে সহায়তা করছে।রেলওয়ের নথি থেকে জানা যায়, ১৯২২ সালে তৎকালীন সরকার তেজগাঁও এলাকায় রেলওয়ের জন্য প্রায় ২৩ একর জমি হুকুমদখল করে। ট্রাকচালক ও মালিকেরাই জানান, এখনো সেখানে মাটির নিচে রেললাইন আছে।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, অবৈধ দখলদার উচ্ছেদে লাগাতার অভিযানের কার্যসূচি তৈরি করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে কাউকে কোনো জমি ইজারা দেয়নি জানিয়ে মন্ত্রী বলেন, অতীতে যেসব জমি প্রভাব খাটিয়ে ইজারা দেওয়া হয়েছে, তা বাতিলের জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।তবে ট্রাক মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেনের দাবি, ট্রাক মালিক, চালক ও বডি মিস্ত্রিদের অনুরোধে তিনি কামাল পাশা নামে এক ব্যক্তির কাছ থেকে জায়গা কিনেছেন। এটা রেলের জায়গা নয়।কমলাপুর থেকে বিমানবন্দর: বিজয় সরণি-তেজগাঁও ফ্লাইওভারের নিচে রেলওয়ের জমি দখল করে ১১০টি দোকান নির্মাণ করা হয়েছে। দখলকারীরা নিজেদের আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে দাবি করে। এদের নেতৃত্বে রয়েছেন স্থানীয় এম এ খালেক হোসেন, বজলুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। গত বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা গেছে, আধাপাকা ঘরগুলোর দেয়ালে প্লাস্টার করা হচ্ছে।স্থানীয় বাসিন্দা আবদুল বাতেন বলেন, এই জায়গায় বেশ কয়েকটি গাছও ছিল। সেগুলোও কেটে ফেলা হয়েছে। তিন মাস ধরে এ কাজ চলছে। বাতেন জানান, জায়গাটি ফ্লাইওভার হওয়ার আগে দেয়াল দিয়ে ঘেরা ছিল। এই জমি উদ্ধারে এলাকাবাসী রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কাজ হয়নি বলে অভিযোগ করেন বাতেন।দখলকারী এম এ খালেক হোসেন প্রথম আলোকে বলেন, বিজয় সরণি রেলওয়ে মার্কেট কল্যাণ সমিতির নামে তাঁরা এই জমিতে ঘর করেছেন। তিনি বলেন, সমিতির বেশির ভাগ সদস্যই আওয়ামী লীগ করে। বিএনপিরও কিছু সদস্য আছে। খালেকের দাবি, রেলওয়ে তাঁদের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়েছে।ক্ষতিপূরণ অবৈধ দখলকে বৈধতা দেয় কি না—এ প্রশ্ন করা হলে এম এ খালেক বলেন, ‘আমরা না ব্যবহার করলে অন্যরা ঠিকই ব্যবহার করত। কারণ রেলওয়ের জায়গা পড়েই ছিল।’মহাখালী ফ্লাইওভারের নিচে রেলওয়ের জায়গায় কার্যালয় করেছে ২০ নং ওয়ার্ড যুবলীগ ও শ্রমিক লীগ। এর আশপাশে অন্তত ৫০টি খাবার দোকানসহ ছোট দোকান গড়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানি জানান, এসব দোকান থেকে স্থানীয় যুবলীগ ও শ্রমিক লীগের নেতারা ভাগাভাগি করে মাসোহারা নিয়ে থাকেন।যুবলীগ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এ বিষয়ে বলেন, ‘স্থানীয় ওয়ার্ড নেতারা অস্থায়ীভাবে এটা করেছেন। দোকানগুলো বন্ধ করে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে।’ সরকারি নীতিমালায় কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত রাস্তার দুই পাশে রেলওয়ের জমি ইজারা কিংবা ব্যবহার করতে দেওয়া নিষিদ্ধ। কিন্তু এই পথে কয়েক শ একর জমি এখন অবৈধ দখলদারদের কবজায়। বিমানবন্দর স্টেশনের পশ্চিম প্রান্তে অননুমোদিত অন্তত ৫০টি অস্থায়ী দোকান গড়ে উঠেছে।দখল: কাগজে-কলমে বর্তমানে অবৈধ দখলে থাকা রেলের জমির পরিমাণ দুই হাজার ৯১ একর। এর মধ্যে সরকারি বিভিন্ন বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে ৮০৪ একর এবং বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের দখলে রয়েছে এক হাজার ২৮৬ একর জমি। এর বাইরেও রেলের অব্যবহূত অনেক জমি বেদখল হয়ে আছে বলে সূত্র জানায়। রেল কর্তৃপক্ষের ভাষায়, অদূর ভবিষ্যতে (২০ বছর পর) ও সুদূর ভবিষ্যতে (৫০ বছর পর) কাজে লাগতে পারে এমন জমিকে অব্যবহূত জমি বলা হয়ে থাকে।বর্তমানে রেলওয়ের অব্যবহূত খালি জমি রয়েছে প্রায় ১১ হাজার ১৮৫ একর। এর মধ্যে ‘অদূর ভবিষ্যতের’ জন্য আট হাজার ৫৪১ একর এবং ‘সুদূর ভবিষ্যতের’ জন্য দুই হাজার ৬৪৫ একর জমি রয়েছে। সূত্র জানায়, অস্থায়ীভাবে বাঁশের বেড়া তুলে কিংবা কাঁচা স্থাপনার দোকানপাট তৈরি করে অনেক স্থানে রেলের অব্যবহূত জমি দখল করা হয়েছে। কিন্তু কাগজে-কলমে দেখানো হয়, এগুলো খালি আছে। অভিযোগ আছে, রেলওয়ের সংশ্লিষ্ট কার্যালয়ের পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তারা মাসোহারা পান এসব দখলদারের কাছ থেকে।বাংলাদেশ রেলওয়ের মোট জমির পরিমাণ প্রায় ৬৩ হাজার ৩৭২ একর। বেদখলের কায়দা: রেলওয়ের ভূমি নীতিমালা অনুযায়ী, রেলের জমি কেউ অবৈধভাবে দখল করলে তাকে উচ্ছেদ করা হবে। এ ছাড়া দখলদার যত দিন জমিতে অবস্থান করেছে, তত দিনের জন্য নির্দিষ্ট হারে জরিমানা দিতে হয় তাকে। এ বিধিকেই অবৈধ দখলদার ও রেলওয়ের একশ্রেণীর অসাধু কর্মকর্তা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।প্রক্রিয়াটা হলো এ রকম—প্রথমে দখলদার রেলের জায়গায় স্থাপনা গড়ে তুলবে। কয়েক মাস পর পুলিশ নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলদারকে জরিমানা করবেন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা। জরিমানা পরিশোধ করে দখলদার ওই রসিদ নিয়ে আদালতে মামলা করবে। জরিমানার রসিদকে দখলদারেরা বলে ‘ক্ষতিপূরণ লাইসেন্স’, যদিও এর আদৌ কোনো আইনগত ভিত্তি নেই। এরপর তারা উচ্ছেদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা নিয়ে ভোগদখল অব্যাহত রাখে। অনেক দখলদার আদালতে না গিয়েও তথাকথিত ‘ক্ষতিপূরণ লাইসেন্স’ দেখিয়ে বছরের পর বছর রেলওয়ের জমি ভোগ করছে। তবে এ জন্য রেলওয়ের কর্মকর্তাদের মাসোহারা দিতে হয় বলে দখলদারেরা দাবি করে থাকে।তেজগাঁও রেলস্টেশনের পাশের এক অবৈধ দখলদার বলেন, রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের কানুনগো থেকে শুরু করে উচ্চপর্যায়ে সবাইকে মাসে মাসে টাকা দিতে হয়। নয়তো পুলিশ নিয়ে উচ্ছেদ করা হয়। টাকা দিলেই উচ্ছেদ হতে হয় না।রেলওয়ের বিভাগীয় ভূমি কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘দখলদারদের নিয়মিত উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু উচ্ছেদের পরই আবার দখল হয়ে যাচ্ছে। দখল ঠেকাতে এরপর রেললাইনের আশপাশে সীমানাপ্রাচীর দেওয়া হবে।’তেজগাঁও টার্মিনাল দখলমুক্ত করতে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানান আহমদুল হক।