অবিচার সর্বত্রই সুবিচারের জন্য হুমকি: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। এতে নারী-পুরুষ বৈষম্য নেই, বরং সমতা বিধানের কথা বলা আছে।আইনের শাসন নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আইনজীবীর পেশা অন্য পেশার মতো নয়। একজন আইনজীবী হচ্ছেন আদালতের কর্মকর্তা। বিচার ও আইনের শাসন নিশ্চিত করাই তাঁর প্রধান কাজ। ‘আমাদের অবশ্যই মনে রাখা উচিত কোথাও কোনো অবিচার হলে সর্বত্রই তা সুবিচারের জন্য হুমকি।’ প্রধান বিচারপতি বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান। আজ বৃহস্পতিবার সকালে ‘মহিলা আইনজীবীদের কনভেনশন-২০১১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি রাজধানীর হোটেল রূপসী বাংলায় এ অনুষ্ঠানের আয়োজন করে।সংগঠনের সভাপতি আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী, আইন কমিশনের চেয়ারম্যান এম শাহ আলম প্রমুখ বক্তব্য দেন।বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, নারী নির্যাতন শুধু বাংলাদেশেই নয়, এটি পুরো বিশ্বে ঘটে চলেছে। আর এ নির্যাতন রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।বিচারপতি ইমান আলী বলেন, আইনজীবীর সংখ্যা বাড়লেও তা ব্যাপক নয়। নারী ও শিশু অধিকার রক্ষায় জাতীয় মহিলা আইনজীবী সমিতি সব সময় জোরালো ভূমিকা রেখেছে।আইন কমিশনের চেয়ারম্যান এম শাহ আলম বলেন, ‘আমাদের যথেষ্ট আইন আছে। কিন্তু আইনের অধিকার প্রতিষ্ঠায় সামাজিক ও রাজনৈতিক পদক্ষেপ আন্দোলন প্রয়োজন।’অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘যখন আইন পেশা শুরু করি তখন মাত্র দুইজন নারী আইনজীবী ছিলেন। এখন এর সংখ্যা অনেক বেড়েছে।’ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ৩০ জন নারী আইন কর্মকর্তা রয়েছেন। মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ নারীদের আইনজীবীর সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।