অবিনশ্বর রেকর্ড
মনে হতে পারে ঔদ্ধত্য। কিন্তু সবার জানা কথাটাই স্রেফ নিজের মুখে বলেছিলেন জাঁ ফন্টেইন, ‘মনে হচ্ছে, এই রেকর্ডটা কবরেও আমার সঙ্গী হবে।’ কোন রেকর্ডটার কথা বলা হচ্ছে, ফন্টেইনের নাম দেখেই অনেকের বুঝে ফেলার কথা। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। ১৯৫৮ বিশ্বকাপকে ফুটবল ইতিহাস মনে রেখেছে পেলে নামের ১৭ বছর বয়সী এক ব্রাজিলিয়ান জাদুকরের আবির্ভাবের কারণে। তবে সেমিফাইনালে পেলের হ্যাটট্রিক ফ্রান্সের বিশ্বকাপ শেষ করে না দিলে সেটি পরিচিতি পেতে পারত ‘ফন্টেইনের বিশ্বকাপ’ বলেও।একটি বিশ্বকাপই খেলেছেন, সেটিও ‘অপয়া’ ১৩ নম্বর জার্সি গায়ে, ৬ ম্যাচে ১৩ গোল করে প্রমাণ করেছেন, ১৩ সংখ্যাটাই তাঁর জন্য সবচেয়ে পয়া। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার এই রেকর্ডটি বোধহয় ভাঙবেই না। কারণ এর পর ১২টি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার গোলসংখ্যা দু অঙ্ক ছুঁয়েছে মাত্র একবার। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদোর ১৫ গোল তিন বিশ্বকাপে মাঠে নেমে, পশ্চিম জার্মানির জার্ড মুলারের ১৪ গোল দুটি বিশ্বকাপে।অথচ সেই বিশ্বকাপে ফন্টেইন ছিলেন স্ট্রাইকার হিসেবে ফ্রান্সের তৃতীয় পছন্দ! খেলার কথা ছিল রেমন্ড কোপা ও রেনে বিলার্ডের। রিমস ক্লাবে সতীর্থ বিলার্ডের ইনজুরিতে সুযোগ মেলে ফন্টেইনের, সুযোগ পেয়েই বইয়ে দিতে থাকেন গোলবন্যা। প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ফ্রান্সের ৭-৩ গোলের জয়ে হ্যাটট্রিক, দুটি যুগোস্লাভিয়ার বিপক্ষে পরের ম্যাচে ২-৩ গোলে পরাজয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে ২-১ গোলের জয়ে করলেন নিজের ষষ্ঠ গোল। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলের জয়ের দুটি এল ফন্টেইনের পা থেকে। এর পরই ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনাল, ফন্টেইন করলেন ১ গোল, পেলে ৩টি—ব্রাজিল জিতল ৫-২ গোলে। ফ্রান্সের বিশ্বকাপ শেষ হয়ে গেল, তবে ফন্টেইনের গোলক্ষুধা নয়। পশ্চিম জার্মানির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স জিতল ৬-৩ গোলে, ফন্টেইনের একারই ৪ গোল!পা ভেঙে যাওয়ায় ২৮ বছর বয়সেই খেলা ছেড়ে দিতে হয় ফন্টেইনকে। তবে তাঁর অমরত্ব তো নিশ্চিত হয়ে গেছে এর আগেই!