যুক্তরাষ্ট্র মিসরে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। গতকাল মঙ্গলবার মিসরের ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এ আহ্বান জানান। মিসরে গত ৩০ বছর ধরে জরুরি অবস্থা বলবত্ রয়েছে।হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, বাইডেন সংকট নিরসনে মিসরের ভাইস প্রেসিডেন্টকে চারটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পদক্ষেপগুলো হলো—সাংবাদিক, রাজনীতিক ও সুশীল সমাজের কর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতন শিগগির বন্ধ করা, সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, অবিলম্বে জরুরি আইন তুলে নেওয়া এবং সংকট নিরসনে জাতীয় সংলাপে বিরোধীসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করা। আর ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ ও সময়সীমা নির্ধারণে যৌথ অংশীদার হিসেবে বিরোধীদের প্রতি আমন্ত্রণ জানানো।বিবৃতিতে বলা হয়, বাইডেন মিসরে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর জোর দেন। এ ছাড়া তিনি মিসরের জনগণের আকাঙ্ক্ষায় সাড়া দিতে কায়রোর প্রতি আহ্বান জানান। ওয়াশিংটনে বিবিসির সংবাদদাতা কিম গ্যাটাস বলেছেন, মিসরে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর ওয়াশিংটন এই প্রথম প্রকাশ্যে কায়রোকে সংকট নিরসনে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বলল। বাইডেনের আহ্বান থেকে এটা স্পষ্ট হয়েছে যে সংকট নিরসনে মিসর সরকারের নেওয়া পদক্ষেপে ওয়াশিংটন সন্তুষ্ট নয়। বিবিসি, রয়টার্স।