অবিলম্বে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার শুরু করুন: সুরঞ্জিত
আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বিজয়ের মাস ডিসেম্বরেই বুদ্ধিজীবী হত্যার বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন।আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আওয়ামী তরুণ লীগ আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা ও তাঁদের হত্যার বিচার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘বুদ্ধিজীবী হত্যার বিচার এখনই, এই মুহূর্তে শুরু করতে হবে। এই হত্যাকাণ্ডের বিচার ১৪ ডিসেম্বর না পারলে ১৬ ডিসেম্বর শুরু করুন। আর তা-ও সম্ভব না হলে বিজয়ের মাস ডিসেম্বরেই শুরু করুন।’ তিনি বিচার-কার্যক্রম যেন বিলম্বিত না হয়, সেদিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সলতে বানাতে সন্ধ্যা যেন পার না হয়ে যায়। শুধু প্রদীপ হলে চলবে না, প্রদীপে সলতেও লাগবে।’সুরঞ্জিত সেনগুপ্ত ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত আন্দোলন-সংগ্রামে বুদ্ধিজীবীদের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘যুদ্ধে নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরেই পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসরেরা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের নির্মম ও নির্বিচারে হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল, বুদ্ধিজীবীরা যেন স্বাধীন দেশের পুনর্গঠনে ভূমিকা পালন করতে না পারেন।’সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের আলামত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেই পাওয়া যাবে। সেখানে গেলে সেখানকার আকাশে-বাতাসে জি সি দেবসহ বহু বুদ্ধিজীবীর হত্যাকাণ্ডের খবর জানা যাবে।’সুরঞ্জিত সেনগুপ্ত বুদ্ধিজীবী হত্যাসহ যুদ্ধাপরাধীদের বিচার-কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়ে বলেন, ‘আগামী জানুয়ারিতে সরকারের দুই বছর পার হয়ে যাবে। বাকি তিন বছরের মধ্যেই মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ শেষ করতে হবে। সুবিচার নিশ্চিত করার জন্য এই বিচারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। সরকারের মেয়াদেই সুপ্রিম কোর্টেও এই বিচারের কার্যক্রম শেষ করতে হবে।’সুরঞ্জিত বলেন, ডিসেম্বর মাস রাজাকার, আল বদর, আল শামসদের মাথা নত করার মাস। আর বীর মুক্তিযোদ্ধাদের কাছে এই মাস হলো মাথা উঁচু ও গর্ব করার মাস। তাই যুদ্ধাপরাধীদের বিচার করার ক্ষেত্রে ডিসেম্বর মাসকে মাহেন্দ্রক্ষণ হিসেবে উল্লে¬খ করেন তিনি।আওয়ামী তরুণ লীগের সভাপতি এইচ এম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।—বাসস