অবিশ্বাসের জন্য প্রধানমন্ত্রী দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, অন্তর্বর্তী নয়, তাঁদের দল ত্রয়োদশ সংশোধনীর আলোকে নির্দলীয় সরকারের রূপরেখা তৈরি করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হওয়া অবিশ্বাসের জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেন তিনি। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আগামীর বাংলাদেশ নামে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।বিএনপির এই নেতা বলেন, রূপরেখাটি প্রথমে জনগণের সামনে উপস্থাপন করা হবে। এরপর তা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হবে। তিনি বলেন, রূপরেখার চেয়ে আন্দোলন তাঁদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঈদের পর লাগাতার কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিদেশি গণমাধ্যমে প্রচারিত সাক্ষাত্কারে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাব বিএনপি প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী বিদেশিদের বোঝাতে চেয়েছেন তিনি দেশের রাজনৈতিক সংকট উত্তরণে কাজ করছেন। কিন্তু বিদেশিরা দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে জানে না। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার মতো রাজনৈতিক পরিবেশ এ দেশে সৃষ্টি হয়নি।সংগঠনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল লতিফ প্রমুখ।