অবিশ্বাস্য ছাড়ে দেশি-বিদেশি বই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এত কম দামে ভালো বই কোথাও পাওয়া যায় না। এখানে সেই সুযোগটা পাচ্ছি। খুব ভালো আয়োজন।’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী। কথা বলছিলেন আর একটা একটা করে বই হাতে তুলছিলেন তিনি। তাঁর পেছনে আরও কয়েকজন পছন্দের বইটি হাতে নিচ্ছেন। দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বার্ষিক গ্রন্থ প্রদর্শনী ২০১০-এ ক্রেতারা বই কিনছেন। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলার সেমিনার কক্ষের এ গ্রন্থ প্রদর্শনীতে চলছে আকর্ষণীয় ছাড়। সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ছাড়ে বিভিন্ন বই বিক্রি হচ্ছে এখানে।টেবিলের ওপর থরে থরে সাজানো এসব বইয়ের একাংশ বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকায়। যদিও বইয়ের গায়ের মূল্য কয়েক শ ছাড়িয়ে গেছে। পাশেই ৫০ টাকায় বিক্রি হচ্ছে কিছু বই। সর্বনিম্ন ৩৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে এখানকার বই। এর মধ্যে রয়েছে অভিধান, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, শিশুসাহিত্য, সংকলন, ইতিহাস, মুক্তিযুদ্ধবিষয়ক বই ছাড়াও অনূদিত বিভিন্ন গ্রন্থ।প্রদর্শনী থেকে বই কিনছিলেন আবদুল ওয়াহাব। তিনি বলেন, ‘এ রকম ছাড়ের জন্য আমরা বেশি করে ভালো বই কিনতে পারছি। বছরে একবার না করে ছয় মাস পরপর এমন আয়োজন করা দরকার।’ইউপিএলের প্রকাশিত বই ছাড়াও প্রদর্শনীতে বিদেশি প্রকাশনা সংস্থা জেড বুকস, অক্সফোর্ড, সেজ, ওরিয়েন্ট লংগম্যান, ব্লাক সোয়ান, হার্পারকলিন্স, পেঙ্গুইন, মানস, মনোহরের প্রকাশিত বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। এসব বইয়েও রয়েছে বিশেষ ছাড়।দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের বার্ষিক গ্রন্থ প্রদর্শনী চলবে ৩১ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। তবে ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে প্রদর্শনী।