অবিশ্বাস্য হলেও সত্যি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে আট তলার বারান্দা থেকে পড়ে গিয়ে প্রাণে বেঁচে গেছে ১৫ বছরের এক কিশোরী। তবে তার বাঁ হাত ও পায়ের হাড় ভেঙে গেছে। গত রোববার মুম্বাইয়ের নীলম নগর এলাকায় এ ঘটনা ঘটে।টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়, গত রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ওই কিশোরী ঘরের বারান্দায় বসে পড়াশোনা করছিল। হঠাত্ নিচে রাস্তায় কিছু তরুণের হইচই শুনতে পায় সে। কীসের শব্দ হচ্ছে, তা জানতে বারান্দার দেয়ালের ওপর থেকে উঁকি দেওয়ার চেষ্টা করে। তখনই শরীরের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যায় সে। সরাসরি মাটিতে না পড়ে নিচে রাখা একটি গাড়ির (হোন্ডা জ্যাজ) ছাদের ওপর পড়ে। গাড়িটি তাদের এক প্রতিবেশীর।স্থানীয় পুলিশ জানিয়েছে, কিশোরীর বাঁ হাত ও পায়ের হাড় ভেঙে গেছে। প্রতিবেশীরা বলেছে, হঠাত্ ‘ধপাস’ শব্দ শুনে তারা দ্রুত ঘটনাস্থলে যায় এবং আহত অবস্থায় কিশোরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই সময় তার মা-বাবা ঘরে ছিলেন না।পুলিশ আরও জানান, স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে কিশোরীকে ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে। চিকিত্সা পেয়ে কিশোরী দ্রুত সুস্থ হয়ে উঠছে।কিশোরীর মা-বাবা জানান, আগামী মার্চ মাসে তার এসএসসি পরীক্ষা। তাঁরা আশা করছেন, এর মধ্যেই তাঁদের মেয়ে সুস্থ হয়ে উঠবে।এর আগে ১১ জানুয়ারি ১৪ তলা ভবনের বারান্দা থেকে নিচে পড়ে গিয়ে অবিশ্বাস্যভাবে বেঁচে যায় ১৮ বছরের এক তরুণ।