অবৈধ অভিবাসী বিতাড়ন বন্ধে ওবামা প্রশাসনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের ঢালাও বিতাড়ন-প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইতিমধ্যে যাঁদের বিতাড়নের আদেশ দেওয়া হয়েছে, তাঁদের আবেদনও পুনর্মূল্যায়ন করা হবে। গত বৃহস্পতিবার ওবামা প্রশাসন এ নির্দেশে দিয়েছে।মার্কিন প্রশাসনের এ নির্দেশে বিতাড়ন আদেশ পাওয়া তিন লক্ষাধিক অবৈধ অভিবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। প্রকৃত পরিসংখ্যান না থাকলেও এর মধ্যে বাংলাদেশি অবৈধ অভিবাসী থেকে থাকলে তাঁরাও বৈধ হওয়ার সুযোগ পাবেন।ওবামা প্রশাসনের অভিবাসন-সংক্রান্ত এ নির্দেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রক্ষণশীলরা বলেছে, কংগ্রেসকে পাশ কাটিয়ে ‘পেছনের দরজা’ দিয়ে প্রশাসনিক দায়মুক্তি দেওয়া হচ্ছে।অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান জেনেথ নেপোলিটেনো গত বৃহস্পতিবার কংগ্রেস সদস্যদের উদ্দেশে দেওয়া এক পত্রে ওবামা প্রশাসনের এ সিদ্ধান্তের কথা জানান। অবৈধ অভিবাসীদের মধ্যে নানা কারণে যাঁরা যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের আদেশ পেয়েছেন, তাঁদের বিষয়ে এ পরিপত্রে প্রশাসনিক অনুকম্পার কথা বলা হয়।ওই পরিপত্রে বলা হয়, বিতাড়ন আদেশপ্রাপ্তদের পুনর্বিবেচনার আবেদন প্রতিটি পৃথকভাবে বিবেচনা করা হবে। এ জন্য অভিবাসন আদালতগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুনর্বিবেচনার সময় ছাত্র, পেশাজীবী, সাবেক মার্কিন সেনাসদস্য, বয়স্ক লোকজন, ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়া লোকজন এবং যুক্তরাষ্ট্রে পারিবারিক বন্ধন সৃষ্টি হয়েছে এমন আবেদনকারীদের বৈধতা দেওয়া হবে।তবে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো অপরাধে জড়িয়ে পড়া অবৈধ অভিবাসীদের বিতাড়ন-প্রক্রিয়া বন্ধ হবে না। নেপোলিটেনো বলেছেন, বিতাড়ন আদেশ পাওয়াদের পেছনের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ফলে রাষ্ট্রীয় নিরাপত্তাও বৃদ্ধি পাবে। তবে বিতাড়ন আদেশপ্রাপ্তদের প্রতি প্রশাসনিক এ অনুকম্পা অভিবাসন আইন সংস্কারের বিকল্প নয় বলে তিনি জানান।যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় দুই কোটি। গত এক দশকে প্রায় ছয় দফা উদ্যোগের পরও মার্কিন আইনপ্রণেতারা অভিবাসন আইন সংস্কারে ব্যর্থ হয়েছেন।সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ থেকে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত ব্যর্থ হয়েছেন অভিবাসন আইন সংস্কার নিয়ে আইনপ্রণেতাদের সঙ্গে সমঝোতা করতে। বিতাড়ন-প্রক্রিয়ার বেড়াজালে পড়া অভিবাসীদের প্রতি অনুকম্পা ঘোষণা করে তোপের মুখে পড়েছেন বারাক ওবামা।টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল ম্যাককুয়েল এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, কংগ্রেস ও মার্কিন জনগণের ইচ্ছাকে পাশ কাটিয়ে ওবামা প্রশাসনের পক্ষ থেকে অভিবাসন সংস্কার চাপিয়ে দেওয়া হচ্ছে।