অবৈধ অভিবাসীদের প্রতি ওবামা প্রশাসনের অনুকম্পা
যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের ঢালাও বিতাড়নের প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এরই মধ্যে যাদেরকে বিতাড়নের আদেশ দেওয়া হয়েছে তাদের আবেদনও পুনর্মূল্যায়ন করা হবে। কাজেই চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিতাড়নের আদেশ পাওয়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। গতকাল বৃহস্পতিবার ওবামা প্রশাসন এ নির্দেশে দিয়েছে।মার্কিন প্রশাসনের নাটকীয় এ নির্দেশে বিতাড়নের আদেশ পাওয়া তিন লক্ষাধিক অবৈধ অভিবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। প্রকৃত পরিসংখ্যান না থাকলেও এর মধ্যে প্রচুর বাংলাদেশি অবৈধ অভিবাসীও আছেন, যাঁরা বৈধ হওয়ার সুযোগ পাবেন।অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান জেনেথ নেপোলিটেনো গতকাল কংগ্রেস সদস্যদের উদ্দেশে দেওয়া এক পত্রে ওবামা প্রশাসনের এ সিদ্ধান্তের কথা জানান। অবৈধ অভিবাসীদের মধ্যে নানা কারণে যাঁরা যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের আদেশ পেয়েছেন, তাঁদের বিষয়ে এ পরিপত্রে প্রশাসনিক অনুকম্পার কথা বলা হয়।এ নির্দেশের প্রতিক্রিয়ায় রক্ষণশীলেরা তাত্ক্ষণিকভাবে বলেছে, কংগ্রেসকে পাশ কাটিয়ে ‘পেছনের দরজা’ দিয়ে প্রশাসনিক দায়মুক্তি দেওয়া হচ্ছে।ওই পরিপত্রে বলা হয়, বিতাড়ন আদেশপ্রাপ্তদের পুনর্বিবেচনার আবেদন প্রতিটি পৃথকভাবে বিবেচনা করা হবে। এ জন্য অভিবাসন আদালতগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুনর্বিবেচনার সময় ছাত্র, পেশাজীবী, সাবেক মার্কিন সেনাসদস্য, বয়স্ক লোকজন, ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়া লোকজন এবং যুক্তরাষ্ট্রে পারিবারিক বন্ধন সৃষ্টি হয়েছে এমন আবেদনকারীদের বৈধতা দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো অপরাধে জড়িয়ে পড়া অবৈধ অভিবাসীদের বিতাড়ন প্রক্রিয়া বন্ধ হবে না।নেপোলিটেনো বলেছেন, বিতাড়ন আদেশপ্রাপ্তদের পেছনের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ফলে রাষ্ট্রীয় নিরাপত্তাও বৃদ্ধি পাবে। তবে বিতাড়ন আদেশপ্রাপ্তদের প্রতি প্রশাসনিক এ অনুকম্পা অভিবাসন আইন সংস্কারের বিকল্প নয় বলে তিনি জানান।এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় দুই কোটি অবৈধ অভিবাসীর অভিবাসন সমস্যার সমাধান হবে না। সমন্বিত অভিবাসন আইন সংস্কারের মধ্য দিয়েই অবৈধ অভিবাসীদের সমস্যার সমাধান করা হবে বলে মনে করা হচ্ছে। যদিও গত এক দশকে প্রায় ছয় দফা উদ্যোগের পরও মার্কিন আইনপ্রণেতারা অভিবাসন আইন সংস্কারে ব্যর্থ হয়েছেন।টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল ম্যাককুয়েল এক তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, কংগ্রেস এবং মার্কিন জনগণের ইচ্ছাকে পাশ কাটিয়ে ওবামা প্রশাসনের পক্ষ থেকে অভিবাসন সংস্কার চাপিয়ে দেওয়া হচ্ছে।