অবৈধ করাতকলের কারণে বিরামপুরে গাছ বড় হয় না
সরকারি আইন-কানুন উপেক্ষা করে দিনাজপুরের বিরামপুর উপজেলায় গড়ে উঠেছে একের পর এক করাতকল। ফলে এলাকার সরকারি বনাঞ্চলের কাঠ অবৈধভাবে আহরণ ও গ্রামাঞ্চলের অপরিপক্ব বৃক্ষ নিধনের প্রবণতা বেড়ে গেছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, করাতকলগুলোর মালিকেরা অত্যন্ত প্রভাবশালী। এসব ব্যক্তি সরকারি নির্দেশ অমান্য করে গায়ের জোরেই বছরের পর বছর ব্যবসা চালিয়ে আসছেন। অন্যদিকে করাতকল মালিকেরা বলছেন, বন বিভাগের কর্মকর্তাদের জ্ঞাতসারেই তাঁরা ব্যবসা করছেন।দিনাজপুর বন বিভাগ সূত্র জানায়, এলাকায় মোট ১৭টি করাতকল আছে। এর মধ্যে সাতটির নিবন্ধন রয়েছে। তিনটি করাতকলের মালিক নিবন্ধনের জন্য আবেদন করেছেন। বাকি সাতটি করাতকলের কোনো নিবন্ধন নেই। নিবন্ধনবিহীন করাতকলগুলোর একটি (ভাই ভাই স-মিল) পৌর এলাকায় অবস্থিত, আর বাকি সাতটি বিভিন্ন ইউনিয়নে।সূত্রটি আরও জানায়, করাতকল বিধিমালা ১৯৯৮ অনুযায়ী সংরক্ষিত ও পৌর এলাকা ছাড়া রক্ষিত, অর্পিত ও অন্য যেকোনো ধরনের সরকারি বনভূমির সীমানা থেকে অথবা বাংলাদেশের আন্তর্জাতিক স্থলসীমানার ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপন করা যাবে না। কিন্তু এসব করাতকলের মালিকেরা অত্যন্ত প্রভাবশালী। ফলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।এদিকে সরেজমিনে দেখা যায়, সীমান্তবর্তী হাবিবপুরে দুটি, কাটলা হাটে দুটি ও কেটরা হাটে একটি করাতকল চলছে। সীমান্তের দুই বা তিন কিলোমিটারের মধ্যে এসব কলের অবস্থান। তা ছাড়া করাতকলগুলোর এক থেকে দুই কিলোমিটারের মধ্যেই রয়েছে কেটরা শালবাগান।নাম প্রকাশ না করার শর্তে নিবন্ধনহীন করাতকলগুলোর কয়েকজন মালিক জানান, তাঁরা নিবন্ধনের জন্য অনেক চেষ্টা করেছেন। কিন্তু নিবন্ধন করতে পারেননি। বাধ্য হয়ে তাঁরা মাসোহারা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করেই ব্যবসা করছেন।এদিকে করাতকলের মালিকদের এ ধরনের বক্তব্য মিথ্যা বলে দাবি করেন বন বিভাগের বিট কর্মকর্তা মো. সামছুল আলম। তাঁর ভাষ্যমতে, এসব করাতকলের মালিকেরা কখনোই নিবন্ধনের জন্য আসেননি। দিনাজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, বিরামপুরে ব্যাঙের ছাতার মতো করাতকল গজিয়ে উঠছে। অবৈধ করাতকলের কারণে বিরামপুরে গাছই বড় হতে পারছে না। যেখানে বিদ্যুৎ নেই, প্রভাবশালী ব্যক্তিরা সেসব স্থানে ডিজেলে চালিত শ্যালো মেশিন দিয়ে করাতকল চালাচ্ছেন। কোনো নিয়মনীতির তোয়াক্কা তাঁরা করেন না।বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম বলেন, নিয়ম আনুযায়ী অনিবন্ধিত ও বিধিবহির্ভূতভাবে স্থাপিত করাতকলগুলো ১৮০ দিনের মধ্যে বন্ধ করে দেওয়ার কথা। কিন্তু অবৈধভাবে চলা এসব করাতকল বন কর্মকর্তাদের ম্যানেজ করে বছরের পর বছর চলছে। করাতকলগুলোর কারণে সীমান্ত এলাকার সরকারি বন উজাড় হয়ে গেছে। মানুষের জমি ও ভিটায় আগে যে ধরনের বড় বড় বনজ ও ফলদ গাছ দেখা যেত, এখন আর তেমনটি দেখা যায় না।বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান জানান, গত ২৮ সেপ্টেম্বর নিবন্ধন না করা, নিয়ম অনুযায়ী কাঠ উত্তোলন ও বিক্রয়ের হিসাব না রাখা এবং সময়মতো নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের কারণে সাতটি করাতকলের মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বিরামপুর করাতকল ও কাঠ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুব আলী জানান, এসব করাতকলের মালিকদের বন বিভাগের কাছে নিবন্ধন করতে একাধিকবার অনুরোধ করা হয়েছে। অন্যথায় কলগুলো বন্ধ রাখতে মালিকদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। কিন্তু অদৃশ্য শক্তির বলে কলগুলো চলছেই।